দেশের বর্তমান জনসংখ্যা সোয়া ১৪ কোটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের জনসংখ্যা এখন ১৪ কোটি ২৩ লাখ ১৯ হাজার। এর মধ্যে পুরুষ সাত কোটি ১২ লাখ ৫৫ হাজার এবং নারী সাত কোটি ১০ লাখ ৬৪ হাজার। আর বছরে জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৩৪ শতাংশ। আদমশুমারি ও গৃহগণনা ২০১১-এর প্রাথমিক ফলাফলে এ তথ্য জানানো হয়েছে।পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার আজ শনিবার সকালে পরিকল্পনা কমিশনে আনুষ্ঠানিকভাবে আদমশুমারির এ প্রাথমিক ফলাফল ঘোষণা করেন।প্রাথমিক ফলাফলে দেখা যায়, দেশে খানার সংখ্যা তিন কোটি ২০ লাখ ৬৭ হাজার ৭০০। খানার গড় সদস্যসংখ্যা ৪ দশমিক ৪। আর প্রতি বর্গ কিলোমিটারে বাস করে ৯৬৪ জন।তবে জনসংখ্যার এই সংখ্যা নিয়েও অনেক বিতর্ক রয়েছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা কয়েক বছর ধরে বলে আসছে, বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি বা তার বেশি। জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশের জনসংখ্যা ২০০৭ সালে ছিল ১৫ কোটি ৫৮ লাখ। ইউএনএফপিএ ২০০৮ সালের বিশ্ব জনসংখ্যা প্রতিবেদনে বলেছিল, বাংলাদেশের জনসংখ্যা ছিল ১৬ কোটি ১৩ লাখ। আবার ২০১০ সালের জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএসডিপি) মানব উন্নয়ন প্রতিবেদনে বলা হচ্ছে, ২০১০ সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল ১৬ কোটি ৪৪ লাখ।আবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বলছে, ২০০৯ সালে দেশে জনসংখ্যা ছিল ১৪ কোটি ৬৬ লাখ এবং বার্ষিক বৃদ্ধির হার ১ দশমিক ৩৯ শতাংশ। সেই হিসাবে ২০১০ সালে জনসংখ্যা বেড়ে দাঁড়ায় ১৪ কোটি ৮৬ লাখে। বিবিএস ও ইউএনডিপির পার্থক্য এক কোটি ৫৮ লাখ।