দেশের বিচারব্যবস্থাকে ঢেলে সাজানো হবে: কামরুল
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, দেশের বিচারব্যবস্থাকে আরও যুগোপযোগী এবং ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটা পরিবর্তন আনতে চাচ্ছি। এটা কথার কথা নয়। কাজেও তা বাস্তবায়ন করতে চাচ্ছি। এ জন্য আইনজীবী, বিচারক সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।’আজ শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মামলা ব্যবস্থাপনাবিষয়ক এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।আইন প্রতিমন্ত্রী বিচারব্যবস্থার উন্নয়নের জন্য নেওয়া সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বলেন, আদালতে এর মধ্যে ২০০ সহকারী বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। আরও ১০০ জন বিচারক নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। দেশের কোথাও মুখ্য বিচারিক হাকিম ভবন ছিল না। বর্তমান সরকার নিজস্ব অর্থায়নে ৮৭০ কোটি টাকা ব্যয়ে ৩৪ জেলায় এ ভবন স্থাপন করছে। ভবন নির্মিত হলে বিচারকদের স্থানসংকট দূর হবে।কামরুল ইসলাম আরও বলেন, বর্তমান সরকারের আমলে অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদায়ন সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে করা হয়ে থাকে। হাইকোর্ট বিভাগে বিচারক নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির পরামর্শে নিয়োগ দেন।‘অন দ্য পাথ টুওয়ার্ডস এ বেটার জাস্টিস সিস্টেম’ শীর্ষক দুই দিনব্যাপী ওই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় আইন প্রতিমন্ত্রী বলেন, স্বাধীন দেশের বিচারব্যবস্থায় পরিবর্তন আনতে কাজ করছি। দেশের বিভিন্ন আদালতে ১৯ লাখ মামলা বিচারাধীন। এ কারণে দ্রুত সময়ে আমরা কোনো মামলা নিষ্পত্তি করতে পারছি না। আমরা চেষ্টা করছি, সাধারণ মানুষের যাতে ভোগান্তি না হয়।’ তিনি বলেন, বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রম বাস্তবায়ন করা গেলে দ্রুত মামলা নিষ্পত্তি হবে ও মামলাজট কমবে।কর্মশালায় বিচারপতি, বিচারক, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের অতিরিক্ত কর্মকর্তা, জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, আইনজীবী সমিতির সদস্য, পুলিশসদস্যসহ বিভিন্ন সংগঠনের প্রায় ১২০ জন ব্যক্তি অংশ নেন।