দেশের বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ, সিরাজগঞ্জে সংঘর্ষে আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে চেয়ারপারসন খালেদা জিয়াকে উচ্ছেদের প্রতিবাদে বিএনপি ও এর সহযোগী বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা আজ শনিবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে। এর মধ্যে সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। এ ছাড়া নড়াইল ও পঞ্চগড়েও বিএনপির মিছিলে পুলিশের বাধা দেওয়ার ঘটনা ঘটেছে।সিরাজগঞ্জ থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, আজ দুপুরে সেখানে পুলিশ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে সাত পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর পৌনে ১২টার দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সেনানিবাসের বাড়িতে পুলিশ ও র্যাবের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে এমন খবর শহরে ছড়িয়ে পড়ে। খবর শুনে সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে দলীয় নেতা-কর্মীরা জড়ো হয়ে মিছিল ও সমাবেশ করার চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে।প্রায় এক ঘণ্টা সংঘর্ষ চলাকালে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে সাত পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হয়। এ সময় শহরের ইবি রোড, ফজলুল হক রোড, ইসলামিয়া কলেজ রোড ও কালীবাড়ি রোডে সংঘর্ষ ছড়িয়ে পড়লে সেখানে দোকানপাট ও যান চলাচল বন্ধ হয়ে যায়।পুলিশ বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে ৪৬টি কাঁদানে গ্যাসের শেল ও ৯৭ রাউন্ড শটগানের গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ঘটনায় পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা, উপপরিদর্শক (এসআই) মনির, সুবেদার হায়দার, কনস্টেবল হাকিমসহ সাতজন আহত হয়। আহতদের মধ্যে ২০ জনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সোহেল রানা, লিখন ও আল-সাদ নামের তিনজনকে আটক করেছে।সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোকাদ্দেস আলী জানান, বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ লাঠিপেটা করায় এ সংঘর্ষ বাধে। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা জানান, বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ গুলি, কাঁদানে গ্যাসের শেল ও লাঠিপেটা করতে বাধ্য হয়।এদিকে নড়াইলে পুলিশের বাধার কারণে জেলা বিএনপি শহরে বিক্ষোভ মিছিল করতে পারেনি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে, এমন গুজবের ভিত্তিতে বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিল বের করলে পুলিশ তা ছত্রভঙ্গ করে দেয়। পরে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।আমাদের পঞ্চগড় প্রতিনিধি জানান, জেলা বিএনপি আজ দুপুরে পঞ্চগড় শহরে প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল ও সমাবেশ করে। দলীয় অফিস থেকে মিছিল বের হলে শহরের চৌরঙ্গী মোড়ে পুলিশ বাধা দেয়। পরে বিএনপির নেতা-কর্মীরা দলীয় অফিসের সামনে প্রতিবাদ সমাবেশ করে।আমাদের বরিশাল অফিস জানায়, খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে বরিশালে বিএনপি পৃথকভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিক্ষোভকারীরা গাড়ি ভাঙচুর ও পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তিতে লিপ্ত হলে পুলিশ বিএনপির কর্মী মো. লিটন, মো. শাহীন ও মো. হারুন হাওলাদারকে আটক করে।বগুড়া থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, আজ জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, মহাসড়ক অবরোধ ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে। বগুড়া শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান জানান, মহাসড়কে অবরোধ করায় তাদের ছত্রভঙ্গ করা হয়েছে। খুলনা থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, বেলা সাড়ে ১১টার দিকে খুলনায় বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলকারীরা বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের করলে পুলিশ লাঠিপেটা করে মিছিলটি ছাত্রভঙ্গ করে দেয়।বিএনপির নেতারা দাবি করেছেন, মিছিলে পুলিশের পরিকল্পিত লাঠিপেটায় ২৩ জন নেতা-কর্মী আহত হয়েছে।তবে পুলিশ জানিয়েছে, মিছিল থেকে ইটপাটকেল নিক্ষেপ ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়ে উত্তেজনার সৃষ্টি করা হলে পুলিশ মৃদু লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।