দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকাসহ দেশের মধ্যাঞ্চল, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে গতকাল শুক্রবার সন্ধ্যায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ঢাকায় আবহাওয়া দপ্তর জানায়, সন্ধ্যা ছয়টা ৪১ মিনিট ৩১ সেকেন্ডে এই ভূমিকম্প হয়েছে। এর কেন্দ্রস্থল ছিল ঢাকা থেকে ৩৫৩ কিলোমিটার দূরে ভারতের আসাম রাজ্যে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।তবে দেশের কোন কোন অঞ্চলে এই ভূমিকম্প অনুভূত হয়েছে কিংবা ঢাকায় এর কম্পনমাত্রা কত ছিল, আবহাওয়া দপ্তর তা জানাতে পারেনি। আবহাওয়া দপ্তরে কর্তব্যরত এক কর্মকর্তা জানান, এসব বিষয় পরিবীক্ষণ করার সক্ষমতা বাংলাদেশ এখনো অর্জন করেনি।যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগের (ইউএসজিএস) ওয়েবসাইটে তাৎক্ষণিকভাবে পাওয়া তথ্য থেকে জানা যায়, গতকালের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আসামের রাজধানী গুয়াহাটি ও ডিব্রুগড়ের মধ্যবর্তী অঞ্চলে (২৬ দশমিক ২১২ ডিগ্রি অক্ষাংশ ও ৯২ দশমিক ৮৭৩ ডিগ্রি দ্রাঘিমাংশ) ভূপৃষ্ঠের সাড়ে ১১ কিলোমিটার গভীরে। স্থানটি গুয়াহাটি থেকে ১১৩ কিলোমিটার পূর্বে। ৪ মে এর কাছাকাছি অঞ্চলে রিখটার স্কেলে সাড়ে ৪ মাত্রার একটি ভূমিকম্প হয়। ৮ মে সাড়ে ৪ মাত্রার একটি ভূমিকম্প হয় মিয়ানমারে।বিশেষজ্ঞদের মতে, আসাম অঞ্চলের ভূমিকম্প বাংলাদেশের জন্য বিপজ্জনক। সেখানে বড় মাত্রার ভূমিকম্প হলে তা বাংলাদেশের উত্তর, উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হতে পারে। অতীতের গ্রেট আসাম আর্থকোয়েক এর প্রমাণ। তবে দেশের মধ্যে বড় ধরনের কোনো সক্রিয় ভূচ্যুতি না থাকায় বাংলাদেশের স্থাপনাগুলো মানসম্মত হলে ভূমিকম্পে বিধ্বস্ত হওয়ার আশঙ্কা কম।