দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৭
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় গত দুই দিনে সাতজন নিহত হয়েছে। কুমিল্লা ও টাঙ্গাইলে আজ শুক্রবার পাঁচজন এবং নারায়ণগঞ্জে গতকাল বৃহস্পতিবার রাতে দুজন নিহত হয়। প্রতিনিধিদের পাঠানো খবর:কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় আজ সকালে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। ঢাকাগামী একটি বাসের চাপায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে মামলার প্রস্তুতি চলছে।টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি নামক স্থানে আজ সকালে বাস-নসিমনের সংঘর্ষে দুজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। নিহতেরা হলেন কবীর তালুকদার (৩৫) ও জোহায়ের আলী (২৫)। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালুল ইসলাম জানান, জামালপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস টাঙ্গাইল—ময়মনসিংহ সড়কের দেউলাবাড়ি পৌঁছানোর পর সেখানে দাঁড়িয়ে থাকা একটি কাঠ বোঝাই নসিমনের সংঘর্ষ হয়। এতে বাসচালক কবীর তালুকদার ঘটনাস্থলেই নিহত হয়। ঘটনায় আহত হয় আরও ১৫ জন। গুরুতর আহত ছয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে বাসের সহকারী চালক জোয়াহের আলীর মৃত্যু হয়।নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় গতকাল রাতে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে এক দম্পতি নিহত এবং একজন আহত হয়েছে। নিহত দম্পতি হলেন ব্যবসায়ী আলমগীর হোসেন (৪৫) ও তাঁর স্ত্রী হাসনা শিল্পী (৩০)। ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লা জানান, গতকাল রাত একটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী রড-ভর্তি একটি ট্রাক আকস্মিকভাবে ব্রেক কষে। এ সময় পেছনে থাকা একটি প্রাইভেট কার ট্রাকের পেছনে সজোরে ধাক্কা খায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে ঢুকে গেলে ঘটনাস্থলেই আলমগীর ও শিল্পীর মৃত্যু হয়। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।