দেশের বুকের ওপর দিয়ে বিদেশি গাড়ি চলবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশের বুকের ওপর দিয়ে কোনো বিদেশি গাড়ি চলতে দেওয়া হবে না। তিনি অবিলম্বে ভারতের সঙ্গে করা চুক্তি বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ৭ নভেম্বর উপলক্ষে গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপি দিনটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করেছে।খালেদা জিয়া বলেন, ‘এত দিন শুনেছি এই চুক্তির ফলে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে। এখন ভারত বলছে, তারা চলাচলের জন্য কোনো শুল্ক বা ফি দেবে না। ভারতের সঙ্গে বর্তমান সরকারের এই তাঁবেদারির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। আপনারা চুক্তি বাতিল করুন। আমরা আপনাদের সহযোগিতা করব। কিন্তু বাংলাদেশের ভেতর দিয়ে কোনো বিদেশি গাড়ি চলতে দেওয়া হবে না।’ সাবেক প্রধানমন্ত্রী বলেন, গত জানুয়ারিতে ভারতের সঙ্গে বর্তমান সরকারের করা চুক্তির ফলে বাংলাদেশের কোনো লাভ হবে না। ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট, বন্দর ব্যবহার এবং ঋণ চুক্তির দায় এ দেশের মানুষকে আজীবন বহন করতে হবে। তিনি বলেন, ‘ভারত থেকে আপনারা কিছু আনতে পারেন না। তাই ভারতে কোনো কিছু দেওয়ারও অধিকার নেই। জীবন দিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করব। ঈদের পর দেশরক্ষায় কঠোর কর্মসূচি ঘোষণা করব।’ তাঁর অভিযোগ, সরকার বাংলাদেশকে ভারতের অঙ্গ রাজ্যে পরিণত করেছে।ভারতের সঙ্গে চুক্তি প্রসঙ্গে বিরোধীদলীয় নেত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী চুক্তি করে এসে বলেছেন, আমরা জয়ী হয়েছি। কিন্তু কী জয় করেছেন, তা জাতি জানতে পারল না। ভারতের সঙ্গে চুক্তির ফলে দেশ সিঙ্গাপুর হয়ে যাবে—যাঁরা এমন কথা বলছেন, তাঁদের হেমায়েতপুরে পাঠাতে হবে।’খালেদা জিয়া অভিযোগ করেন, সরকার দেশের স্বার্থ ও জনবিরোধী চুক্তি করে বাংলাদেশকে অকার্যকর এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ব্যবস্থা করেছে। যেন আগামীতে যারাই ক্ষমতায় আসুক, দেশ চালাতে কষ্ট হয়। তিনি সরকারকে সময় থাকতে সরে পড়ার আহ্বান জানান।সমাবেশে খালেদা জিয়া বলেন, এই সরকারের আমলে যেসব জায়গায় শুধু আওয়ামী লীগ পরিচয়ে নিয়োগ দেওয়া হচ্ছে, সেসব নিয়োগ বাতিল করা হবে। আবার সেখানে নিয়মানুযায়ী মেধার ভিত্তিতে লোক নিয়োগ করা হবে। তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, এই সরকারকে বিদায় করতে হলে রাজপথে নামতে হবে। বিএনপির কর্মসূচির সময় ১৪৪ ধারা জারি করা হলে ভবিষ্যতে তা ভঙ্গ করারও ঘোষণা দেন তিনি। বিডিআর হত্যাকাণ্ড সম্পর্কে খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগের অনেকে এ ঘটনার সঙ্গে জড়িত বলে এর বিচার হচ্ছে না। কিন্তু বর্বরোচিত এ হত্যার সুষ্ঠু বিচার হবেই। তিনি প্রধানমন্ত্রীকে সত্য কথা বলার সৎসাহস অর্জনের অনুরোধ করে বলেন, ‘ষড়যন্ত্র আমরা নই, আওয়ামী লীগ করে।’সমাবেশ উপলক্ষে দুপুরের পর থেকে নয়াপল্টন কার্যালয়ের সামনের সড়কের দুই পাশে নেতা-কর্মীরা সমবেত হতে থাকেন। রাজধানীর বিভিন্ন থানা থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ব্যানারে নেতা-কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হন। তাঁরা ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড বহন করেন। বিকেলে খালেদা জিয়া সমাবেশস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে নেতা-কর্মীদের স্লোগানে ওই এলাকা মুখরিত হয়ে ওঠে। রাজধানীর ব্যস্ত এই সড়কটি সমাবেশের কারণে বন্ধ থাকায় আশপাশের এলাকাজুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।ঢাকার মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ ও আ স ম হান্নান শাহ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ফজলুল হক আমিনী প্রমুখ বক্তব্য দেন।সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে ৭ নভেম্বরের কর্মসূচি শুরু করে বিএনপি। খালেদা জিয়ার নেতৃত্বে দল ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। পরে পৃথকভাবে বিভিন্ন সংগঠন সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।