দেশের ভবিষ্যৎ নির্ভর করছে রাজনৈতিক স্থিতিশীলতার ওপর: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘দেশের আশা-আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎ নির্ভর করছে রাজনৈতিক স্থিতিশীলতার ওপর। আড়াই বছর যেভাবে চলেছি, অন্তত আরও দেড় বছর সেভাবে চলা উচিত। আগামী দেড়টি বছর স্বস্তি চাই। অথচ আমরা এখনই নির্বাচনের চিন্তা শুরু করেছি। অস্থিতিশীলতা থাকলে দেড় বছরেই ২৫ বিলিয়ন ডলারের ক্ষতি হয়ে যাবে (এক লাখ ৭৫ হাজার কোটি টাকা)।’আজ শনিবার বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত ‘দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি’ শীর্ষক মতবিনিময় সভায় অর্থমন্ত্রী এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী ফারুক খান এতে বিশেষ অতিথি ছিলেন।দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখা এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্য বজায় রাখাকে দেশের অন্যতম ঝুঁকির বিষয় বলে স্বীকার করেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রীর মতে, ঝুঁকির তালিকায় এর পরের অবস্থানেই রয়েছে দেশে প্রত্যাশিত বিনিয়োগ না থাকা, বাজেট ঘাটতি এবং বিদ্যুত্ ও গ্যাসের সংকট। তবে এগুলো ছোট ঝুঁকি। এসব ঝুঁকি মোকাবিলায় আগামী সেপ্টেম্বর মাসে উচ্চপর্যায়ের একটি টাস্কফোর্স গঠন করা হবে বলে জানান অর্থমন্ত্রী।এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহীম, বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এবং বিভিন্ন চেম্বার ও সমিতির নেতারা এতে বক্তব্য দেন।অর্থমন্ত্রী বলেন, ‘মহামন্দা মোকাবিলায় যে টাস্কফোর্স গঠন করেছিলাম, তাতে ভালো কাজ হয়েছিল। এই টাস্কফোর্স বাতিল করে নতুন একটা গঠন করব আগামী মাসেই।’মুহিত বলেন, দেশের উন্নয়নে সবচেয়ে বেশি অবদান রাখছেন কৃষক। দ্বিতীয় অবস্থানে রয়েছেন শ্রমিক আর তৃতীয় হলেন উদ্যোক্তা। এই তিন শ্রেণীই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলেছেন।বিরোধী দলের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ অনন্ত সম্ভাবনার দেশ। ১৯৮১ সাল থেকে শুরু হয়ে ৩০ বছরে বিশ্বের তৃতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক আজ বাংলাদেশ। কেউ কি ভেবেছিল, তা সম্ভব হতে পারে? আর দেড়টি কাজ করতে দিন।গ্যাস খাত নিয়ে বাহাদুরি করার অবস্থান নেই—এ কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, তবে বিদ্যুতে আশার আলো আছে। আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে দেশে ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দরকার পড়বে না। বরং নতুন যোগ হবে আড়াই হাজার মেগাওয়াট।