দেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সব ভেদাভেদ ভুলে দেশের ভাবমূর্তি বাড়াতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার হোটেল কনরাডে বেলজিয়ামসহ ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের এক সভায় এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা প্রত্যেকে দেশের একেকজন দূত। তাই আপনাদের প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ও দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যাতে আন্তর্জাতিক অঙ্গনে দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে।’নির্বাচনী ইশতেহারের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি যেকোনো মূল্যে পূরণ করা হবে এবং এ লক্ষ্যে একের পর এক নানা কর্মসূচি নেওয়া হচ্ছে। বিএনপি সরকারের বিপুল অর্থ পাচার ও দুর্নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের লক্ষ্য ছিল জনগণের অধিকার পদদলিত করে অর্থ-সম্পদের পাহাড় গড়ে তোলা।’তিনি বলেন, ‘আওয়ামী লীগ জনগণের দল, আর এ দল যখনই ক্ষমতায় আসে তখন জনগণের কল্যাণে কাজ করে।’শেখ হাসিনা বলেন, তাঁর সরকার সহজ ব্যাংকিং পদ্ধতি ও বিনিয়োগের সুযোগসহ প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সামাজিক সুবিধা দিচ্ছে, যাতে তারা দেশে তাদের অর্থ কাজে লাগাতে পারে।তিনি আইসিটি টেলিযোগাযোগ, ব্যাংকিং ও আইনশৃঙ্খলা প্রতিষ্ঠাসহ বেশ কিছু প্রধান খাতে দেশের অর্জিত অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। প্রবাসী বাংলাদেশিরা আন্তর্জাতিক মানবিক উন্নয়নে তাঁর অনন্য অবদানের জন্য সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জনের জন্য শেখ হাসিনাকে অভিনন্দন জানান।প্রবাসীরা তাদের অবস্থা ও প্রয়োজনের ব্যাপারে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। বাসস।