দেশের পাশাপাশি মাতৃভাষাকেও সমানভাবে ভালোবাসার আহ্বান জানানোর মধ্য দিয়ে শেষ হয়েছে এইচএসবিসি-প্রথম আলো ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের ভাষা প্রতিযোগ। গতকাল ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগে মোট ছয়টি জেলার এক হাজার ২০০ শিক্ষার্থী অংশ নেয়। জেলাগুলো হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও নরসিংদী।সকালে প্রতিযোগ শুরুর নির্ধারিত সময়ের অনেক আগেই শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ। নবম ভাষা প্রতিযোগ প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হচ্ছে বলেই হয়তো শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ-উদ্দীপনা ছিল একটু ভিন্ন রকমের। বেলা সাড়ে নয়টায় জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় প্রতিযোগের কার্যক্রম।উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন। এরপর প্রাথমিক, মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—এই চার ভাগে শিক্ষার্থীদের ৩০ মিনিটের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষা শেষে বিদ্যালয় চত্বরে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ পর্বের সঞ্চালনায় ছিলেন প্রথম আলোর বার্তাকক্ষ ব্যবস্থাপক অরুণ বসু। এ সময় ভাষা বিষয়ে শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সৈয়দ আজিজুল হক ও তারিক মঞ্জুর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মহম্মদ দানীউল হক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষক বিনয় বর্মণ, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষক কুদরত-ই-হুদা এবং চট্টগ্রামে প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন। উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে শিক্ষক সৈয়দ আজিজুল হক অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন, ‘দেশের পাশাপাশি মাতৃভাষাকেও সমানভাবে ভালোবাসতে হবে।’ আবুল মোমেন বলেন, ‘অন্য সব প্রাণী জন্মগতভাবেই তার পরিচয় লাভ করে। কিন্তু একমাত্র মানুষকেই কেবল মানুষ হিসেবে গড়ে উঠতে হয়। তোমাদেরও মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।’ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এইচএসবিসি ব্যাংকের কর্মকর্তা আবদুল্লাহ আল জোবায়ের, ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার সভাপতি শাহীন মৃধা, প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি শাহাদৎ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সংগীতশিল্পী মাহমুদুজ্জামান বাবু ও ক্লোজআপ ওয়ান তারকা পুলক গান পরিবেশন করেন। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার সদস্যরা একটি নাটিকা মঞ্চায়ন করেন।বেলা আড়াইটায় ঘোষণা করা হয় ভাষা প্রতিযোগের ফল। বিজয়ী শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন সঞ্চালক কাজী রেজাউল করিম। পরে তিনটার দিকে চারটি বিভাগের বিজয়ী ৬০ জন শিক্ষার্থীর মধ্যে বই, সনদ ও পদক তুলে দেওয়া হয়।পরবর্তী অনুষ্ঠান ঢাকায়: ঢাকা-১ অঞ্চলের ভাষা প্রতিযোগ ২২ মার্চ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত হবে। মানিকগঞ্জ ও গাজীপুর জেলা এবং ঢাকা সিটি-২ এই অঞ্চলের অন্তর্ভুক্ত। নিবন্ধন করার শেষ তারিখ আজ ১৭ মার্চ।