সিলেটের তামাবিল শুল্ক বন্দরে কয়লা ডিপোয় শ্রমিকদের কাজ দেখাশোনা করছিলেন চল্লিশোর্ধ্ব মোহাম্মদ রুবেল। কিন্তু কাজে তাঁর মন ছিল না। আশপাশের এলাকায় বিচ্ছিন্নভাবে ঘোরাঘুরি করা লোকজনের ওপরও নজর রাখছিলেন তিনি। সবাই এলাকারই লোক। কাছে যেতে তাঁরা মুখ খুললেন। জানালেন, গত শনিবার তামাবিল সীমান্তে যৌথ জরিপ ঠেকানোর পর থেকে তাঁরা কাজের ফাঁকে ফাঁকে দেশের মাটি রক্ষায় এভাবে পাহারা দিচ্ছেন।সিলেট সীমান্তের ১০টি স্থানে বাংলাদেশ-ভারত যৌথ জরিপ হওয়ার কথা। কিন্তু গত শনিবার তামাবিল সীমান্তে জরিপের বিরুদ্ধে বিক্ষোভ করে সাধারণ মানুষ। তাদের অভিযোগ, জরিপের নামে বাংলাদেশের ভূমি দখল করে নেবে ভারত। জরিপ ঠেকাতে তামাবিলসহ পার্শ্ববর্তী গোয়াইনঘাট উপজেলার পাদুয়া, আমস্বপ্ন, জৈন্তাপুরের ডিবির হাওর ও কানাইঘাটের লোভাছড়া সীমান্তবর্তী গ্রামগুলোতে সাধারণ মানুষ পাহারা দিচ্ছে।গত বৃহস্পতিবার তামাবিল ও পাদুয়া সীমান্ত এলাকা ঘুরে দেখা গেছে, সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা ও উৎকণ্ঠা কাজ করছে। সঙ্গে আছে ক্ষোভ। শুধু জরিপকারীদের ওপর নয়, স্থানীয় প্রশাসনের ওপরও ক্ষুব্ধ সীমান্তের মানুষ। এ পরিপ্রেক্ষিতে সিলেট জেলা প্রশাসন কাল রোববার যৌথ জরিপের এলাকাগুলোর মানুষকে নিয়ে একটি সচেতনতামূলক সভা আহ্বান করেছে।বাংলাদেশ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেট সীমান্তের ১০টি স্থানে জরিপ হওয়ার কথা। এসব স্থানে সর্বশেষ ১৯৬৭ সালে যৌথ জরিপের মাধ্যমে সীমানা নির্ধারণ করা হয়েছিল। পরে ১৯৭৪ সালে মুজিব-ইন্দিরা চুক্তি অনুযায়ী একটি মানচিত্র তৈরি করে কাগজপত্রে দুই দেশের সীমানা চিহ্নিত করা হয়। কিন্তু সেই সীমানা আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি।যৌথ জরিপ সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের ডিসেম্বর মাসে ভারতের রাজধানী নয়াদিল্লিতে দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গত মে মাস থেকে সিলেট অঞ্চলে জরিপের প্রস্তুতি শুরু হয়। এর মধ্যে ২ ও ৩ জুন পাদুয়া ও ডিবির হাওর এলাকার একাংশে জরিপ সম্পন্ন হয়েছে। এরপর তামাবিলে জরিপ চালাতে গিয়ে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়ে জরিপকারী দল। এর আগে পাদুয়াসহ বিভিন্ন স্থানে জরিপবিরোধী বিক্ষোভ হয়।সূত্র জানায়, ১০টির মধ্যে এ পর্যন্ত মাত্র তিনটি স্থানের আংশিক জরিপ হয়েছে। এর মধ্যেই ভারতীয় জরিপকারী দল ৪৬০ একর জমি ‘অপদখলীয়’ বলে দাবি করছে। তবে বাংলাদেশের জরিপ দল সীমানা মানচিত্র দেখিয়ে ভারতের অপদখলীয় জমি মাত্র ৪০ একর বলে জানায়। কিন্তু এতে সন্তুষ্ট না হয়ে ৪৬০ একর জমির সীমানা চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে ভারতীয় দলের পক্ষ থেকে।তামাবিল বন্দরের আমদানিকারক আবদুল আলিম বলেন, ‘দুই দেশের যৌথ জরিপ শুধু নামেই। তিন দিন জরিপ দেখিছি। একটা দিন দেখলাম না ভারতের অংশে ঢুকে মাপজোখ হচ্ছে।’বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত তামাবিল, পাদুয়া ও ডিবির হাওর এলাকা ঘুরে যৌথ জরিপকারী দলের কারও দেখা পাওয়া যায়নি।যৌথ জরিপে অংশ নেওয়া বাংলাদেশি দলটি অবস্থান করছে জৈন্তাপুর উপজেলার ডাকবাংলোতে। ১৪ সদস্যের এ দলের নেতৃত্ব দিচ্ছেন ভূমি জরিপ রেকর্ড অধিদপ্তরের সহকারী পরিচালক দবিরউদ্দিন। যৌথ জরিপে বাংলাদেশ অংশে ভারতের ৪০ একর জমি অপদখলীয় থাকার বিষয়টি দবিরউদ্দিন নিশ্চিত করলেও ভারতের দাবি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।দবিরউদ্দিন প্রথম আলোকে বলেন, ১০টি এলাকায় জরিপ করাই তাঁদের একমাত্র কাজ। তামাবিলে বিক্ষোভের কারণে জরিপ বর্তমানে বন্ধ আছে। তবে জরিপের জন্য প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি করে দেওয়ার দায়িত্ব স্থানীয় প্রশাসনের।নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, ভারতের আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা—এই চারটি এলাকায় যৌথ জরিপ শুরু হয়েছে। এর মধ্যে কেবল মেঘালয় এলাকায় অর্থাৎ সিলেট সীমান্তে ভারতের অপদখলীয় জমির দাবি আর সীমানা মানচিত্র বাস্তবতায় অনেক ফারাক আছে। তবে তিনি বলেন, ‘সীমানা খুঁটি বিবেচনায় নিয়ে সিলেটের ১০টি স্থানে জরিপ হলে ভারত কোনো জমি পাবে না।’জরিপ নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তি ছাড়ানো হচ্ছে উল্লেখ করে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) আবু সৈয়দ মোহাম্মদ হাশিম প্রথম আলোকে বলেন, ‘সীমান্তে বিরোধপূর্ণ জায়গা নিয়ে দুই দেশের দাবির পরিপ্রেক্ষিতে এই জরিপ হচ্ছে। তার মানে, জরিপের সঙ্গে সঙ্গে জায়গা হাতছাড়া হয়ে যাচ্ছে না। এরপর জরিপ পর্যায়ের কর্মকর্তাদের বেশ কয়েকটি বৈঠক শেষে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক হবে। পরে সরকারিভাবে সিদ্ধান্ত হবে সীমান্তে কোন দেশের কতটুকু জায়গা রয়েছে এবং কে কাকে কতটুকু ছাড় দেবে।’ডিসি বলেন, পুরো বিষয়টি অবগত করতে জেলা প্রশাসন রোববার সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে একটি জনসচেতনতামূলক সভা আহ্বান করেছে। সভায় জনপ্রতিনিধি, সীমান্ত এলাকার মানুষ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।