দেশের মানুষ ভালো আছে, ভালো নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্লাসের অর্ধেক পানিভর্তি, অর্ধেক খালি।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান দেখে ওপরের কথাটিই মনে পড়ল।প্রতিবারের মতো এবারও দুই নেত্রী ঈদের দিন শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করেছিলেন। প্রধানমন্ত্রীর অনুষ্ঠান ছিল তাঁর সরকারি বাসভবন গণভবনে। আর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অনুষ্ঠান ছিল ইস্কাটনে লেডিস ক্লাবে। দুই অনুষ্ঠানে বিদেশি কূটনীতিক ছাড়া অভিন্ন অভ্যাগত লোকজন খুব কমই ছিলেন। অর্থাত্ যাঁরা গণভবনে গেছেন, তাঁরা লেডিস ক্লাবে যাননি। যাঁরা লেডিস ক্লাবে গেছেন, তাঁরা গণভবনমুখো হননি।ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দুই নেত্রীই দেশের বর্তমান অবস্থা নিয়ে খোলাখুলি মতামত দিয়েছেন। দুজনই কিছুটা আশা ও কিছুটা হতাশার কথা শুনিয়েছেন।আমরা যাঁরা আমজনতা প্রধানমন্ত্রী বা বিরোধীদলীয় নেতার সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত নই, তারা লম্বা লাইনে দাঁড়িয়ে মাননীয় দুই নেত্রীকে হাত তুলে সালাম জানানোর সুযোগ না পেলেও টেলিভিশনের কল্যাণে তাঁদের উপদেশমূলক বক্তব্য শুনে প্রীত হয়েছি।তাঁরা আমাদের মহান নেত্রী। গণতন্ত্রের মানসকন্যা। রাজপথের পরীক্ষিত যোদ্ধা। তাঁদের বক্তৃতা-বিবৃতি কোনোভাবেই উপেক্ষা করা যায় না। সেই সাহস আমাদের মতো অভাজনদের নেই।প্রধানমন্ত্রী বলেছেন, দেশের মানুষ ভালো আছে, নিত্যপণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে, তাই এবার সবাই উত্সবমুখর পরিবেশে ঈদুল আজহা পালন করেছেন।অন্যদিকে বিরোধী দলের নেতা বলেছেন, দেশের মানুষ ভালো নেই। এই সরকার বিরোধী দলের ওপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে। দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে। দেশ থেকে দুর্নীতি উচ্ছেদ করতে হলে এই সরকারকে ক্ষমতা থেকে হটাতে হবে। তিনি অবশ্য সরকার হটানোর একটি তিন বছর মেয়াদি পরিকল্পনার কথাও দেশবাসীকে জানিয়েছেন। ২০১০ সাল ছিল দল গোছানোর, ২০১১ গণমত গঠনের এবং ২০১২ সাল সরকারবিরোধী আন্দোলনের। এর মাধ্যমে দেশের মানুষ নিশ্চিন্ত হলো আগামী দুই মাসে বড় কোনো আন্দোলন হচ্ছে না।আমরা এখন অর্ধেক পানিভর্তি ও অর্ধেক খালি গ্লাস নিয়ে আলোচনা করতে পারি। দুজনের কথায়ই সত্যতা আছে। বিএনপি ক্ষমতায় থাকতে যেমন আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভালো ছিলেন না, তেমনি এখন আওয়ামী লীগ আমলে বিএনপির নেতা-কর্মীরাও ভালো নেই। বিএনপির আমলে তাঁদের দলীয় সাংসদেরা যেভাবে এলাকায় এলাকায় সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, তেমনি আওয়ামী লীগের সাংসদেরাও সাম্রাজ্য গড়ে তুলেছেন। তাঁদের ভোট দিয়ে যাঁরা নির্বাচিত করেছেন, তাঁরা হরিদাস পাল। নেতা-নেত্রীরা এর চেয়ে বেশি মূল্য আমজনতাকে দেন না।প্রধানমন্ত্রী যে বলেছেন, দেশের মানুষ ভালো আছেন। এই ভালো থাকা মানুষগুলোর সংখ্যা কত? একটি সূত্রমতে, দেশে এ বছর ৬০ লাখ গরু-পশু কোরবানি হয়েছে। গড়ে দুই পরিবার মিলে একটি গরু দিলেও ন্যূনতম এক কোটি ২০ লাখ পরিবার কোরবানি দিয়েছে। এর বাইরে যে এক লাখ তিন হাজার মানুষ হজ পালন করতে গেছেন, তাঁরাও প্রত্যেকে কোরবানি দিয়েছেন। প্রতিটি পরিবারে পাঁচজন সদস্য ধরলে কোরবানি দিয়েছেন, এমন লোকের সংখ্যা প্রায় ছয় কোটি। ধরে নিতে পারি, তারা ভালো আছে। কিন্তু কোরবানির মাংস নেওয়ার জন্য যারা বাড়ি বাড়ি হন্যে হয়ে ঘুরে বেড়ায়, তাদের সংখ্যাও কম নয়। রোজার ঈদে যারা জাকাতের কাপড়ের জন্য বিত্তবানের বাড়িতে ভিড় জমায়, তারা তো ভালো নেই। যারা দুই পয়সা বাড়তি আয়ের জন্য ঈদে-পার্বণে ঢাকায় আসে এবং বাস-ট্রেন না পেয়ে ট্রাকে করে বাড়ি ফেরে, তারাও ভালো নেই। তিন-চার হাজার টাকা মজুরির জন্য যে নারীশ্রমিকেরা দিনে ১০-১২ ঘণ্টা পরিশ্রম করে, তারাও ভালো নেই। ভালো নেই নিম্ন আয়ের অন্যান্য পেশাজীবীও।সরকারি পরিসংখ্যানমতে, দেশে দারিদ্র্যসীমার নিচের মানুষের সংখ্যা ৩১ দশমিক ৫ শতাংশ। ১৬ কোটির মধ্যে পাঁচ কোটি। আরেকটি পরিসংখ্যান বলছে, দেশের প্রতি তিনটি শিশুর একটি অপুষ্টিতে ভুগছে। এই অপুষ্টিতে ভোগা শিশুরা জাতির সম্পদ নয়, বোঝা। তাদের সম্পদে তৈরি করার জন্য সরকারের কোনা দীর্ঘ বা স্বল্পমেয়াদি পরিকল্পনা আছে বলে আমাদের জানা নেই। ওএমএসের চাল বিক্রি করে ভিজিএফ কার্ড কিংবা ক্ষুদ্রঋণ বিতরণ করে কোনো জাতিকে বেশি দিন এগিয়ে নেওয়া যায় না।এবারে আসি বিরোধীদলীয় নেতার কথায়। তিনি এখন পুরো গ্লাসটিই খালি দেখছেন। দেশের মানুষ ভালো নেই বলে শারমন দিচ্ছেন। কিন্তু মাত্র পাঁচ বছর আগে তিনিও ক্ষমতায় ছিলেন। তখন দেশের অবস্থা কি এর চেয়ে ভালো ছিল? নিত্যপণ্যের দাম তখনো সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার নাগালে ছিল না, এখনো নেই। দুর্নীতিতে তখনো দেশ ১ নম্বরে ছিল। এখন সূচক কমলেও দুর্নীতির মাত্র কমেনি। দলীয়করণ, স্বজনপ্রীতি তখনো ছিল, এখনো আছে। বিএনপির নেত্রী সরকারের দুর্নীতির বিরুদ্ধে বুলন্দ আওয়াজ তুললেও তাঁর সরকারের দুর্নীতিবাজদের বিরুদ্ধে একটি কথাও বলেন না। বরং তাঁদের পক্ষে সাফাই গেয়ে চলেছেন।যেমন এখন যাঁরা ক্ষমতায় আছেন, তাঁরাও মনে করেন, আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী দুর্নীতি করতে পারেন না। নেতা-নেত্রীরা অন্য দলের দুর্নীতির বিরুদ্ধে যতটা সোচ্চার নিজ দলের দুর্নীতিবাজদের সম্পর্কে ততই নীরব। বিএনপির নেত্রী বলতে চাইছেন, তাঁরা ক্ষমতায় গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। কীভাবে? তিনি বলেছেন, এই সরকারকে হটাতে পারলেই দেশ ও জনগণের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আওয়ামী লীগকে হটিয়ে বিএনপি একবার ক্ষমতায় এসেছিল (২০০১-২০০৬)। কিন্তু দেশ ও দেশের মানুষ তখন ভালো ছিল? সব শেষে নেতা-নেত্রীদের প্রতি সনির্বন্ধ অনুরোধ, আপনারা ঝগড়াঝাঁটি বন্ধ করুন। সংঘাত-সংঘর্ষের পথ পরিহার করুণ। ব্যক্তি ও দলের চেয়ে দেশের স্বার্থ বড়, সেটা ভাবুন। ক্ষমতায় থাকার জন্য দমনপীড়ন কিংবা যাওয়ার জন্য হরতাল অবরোধ করে মানুষকে জিম্মি করবেন না। দেখবেন, মানুষ ভালো আছে। দেশ শান্তিতে আছে।