দেশের মানুষ ভালো নেই: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের মানুষ ভালো নেই। হত্যা, খুন, ধর্ষণ, অ্যাসিড নিক্ষেপ, রাহাজানি বেড়েই চলেছে। এই সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে দলমত-নির্বিশেষে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজ রোববার রাজধানীর শাহবাগ থেকে মতিঝিল পর্যন্ত মানববেষ্টনী কর্মসূচি পালনের সময় এরশাদ এসব কথা বলেন। নারী নির্যাতন, হত্যা, গুম, খুন, ধর্ষণ, অ্যাসিড সন্ত্রাসসহ সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনমত তৈরির লক্ষ্যে আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় পার্টি মানববেষ্টনী কর্মসূচি পালন করে। এইচ এম এরশাদ ছোট একটি ট্রাকে করে শাহবাগ, শিশু পার্ক, মত্স্য ভবন, হাইকোর্ট, জাতীয় প্রেসক্লাব, পল্টন মোড়, দৈনিক বাংলা হয়ে মতিঝিলের শাপলা চত্বর পর্যন্ত দীর্ঘ এই মানববেষ্টনী পরিদর্শন করেন। মতিঝিলের শাপলা চত্বরের সামনে এসে সংক্ষিপ্ত এক সমাবেশের মধ্য দিয়ে তিনি কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। বিপুলসংখ্যাক মানুষ কর্মসূচিতে অংশ নেয়। মানববেষ্টনীর কারণে বিভিন্ন স্থানে তীব্র যানজটের সৃষ্টি হয়। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু প্রমুখ এ সময় এরশাদের সঙ্গে ট্রাকে ছিলেন। কর্মসূচি চলাকালে সাবেক রাষ্ট্রপতি এরশাদ সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমি রাজনৈতিক অধিকার আদায়ের জন্য আপনাদের কাছে আসি নাই। কাউকে ক্ষমতায় বসাতে বা কাউকে ক্ষমতা থেকে নামাতে রাজপথে নামিনি। আমি এসেছি মানবিক কারণে। প্রতিনিয়ত আজ আমরা অ্যাসিড সন্ত্রাস, ধর্ষণ, খুন, গুম ও নারী নির্যাতনের শিকার হচ্ছি।’ সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, ‘আমি বিশ্বজিতের বাড়িতে গিয়েছিলাম। তার বাবা-মা আমাকে জড়িয়ে ধরে বলেছে, “আমার ছেলে তো কোনো অপরাধ করেনি। সে তো রাজনীতি করত না। তাহলে তাকে কেন হত্যা করা হলো?” জবাব দিতে পারিনি। আমি ইডেনের শিক্ষার্থী অ্যাসিড-দগ্ধ আঁখির কাছে গিয়েছিলাম। কিন্তু তার চোখের দিকে আমি তাকাতে পারিনি। আমি অশ্রুসজল হয়েছিলাম।’ তিনি বলেন, সমাজের অবক্ষয়ের কারণেই এসব ঘটনা ঘটছে। এর বিরুদ্ধে সবাইকে জনমত গঠন করার আহ্বান জানান তিনি।মানববেষ্টনীতে টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, মজিবুর রহমান, হাফিজ উদ্দিন আহম্মেদ, মোস্তফা জামাল হায়দার, মজিবুল হক, এ কে এম মাইদুল ইসলাম, সালমা ইসলাম প্রমুখ অংশ নেন।