দেশের মানুষকে সচেতন করতে মজীনার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অর্ধেকের বেশি মানুষ মানবাধিকার সম্পর্কে সচেতন নয়। তাদের মানবাধিকার সম্পর্কে সচেতন করতে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের সঙ্গে বৈঠকের পর আজ মঙ্গলবার সাংবাদিকদের কাছে মার্কিন রাষ্ট্রদূত তাঁর এ অনুরোধের কথা জানান। কমিশনের দপ্তরে প্রায় এক ঘণ্টার এ বৈঠকের সময় মার্কিন রাষ্ট্রদূত কমিশনের কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ নেন বলে মিজানুর রহমান সাংবাদিকদের জানান। মিজানুর রহমান বলেন, ‘জাতীয় মানবাধিকার কমিশন কীভাবে কাজ করছে, কাজ করতে গিয়ে কী কী অসুবিধা হচ্ছে, সেগুলো মার্কিন রাষ্ট্রদূতকে জানিয়েছি।’ একটি সমীক্ষার উল্লেখ করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘দেশের ৫১ শতাংশ মানুষ মানবাধিকার সম্পর্কে সচেতন নয়। কমিশনকে পুরোপুরি সক্রিয় করতে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি জরুরি। এ ক্ষেত্রে মার্কিন সহযোগিতার বিষয়টি উল্লেখ করেছি। এ প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন, লিখিতভাবে অনুরোধ পেলে আমাদের সহযোগিতার চেষ্টা করবেন।’মজীনা বলেন, ‘বাংলাদেশের ৫১ শতাংশ মানুষ মানবাধিকার সম্পর্কে মোটেই কিছু জানে না। বাকি যে ৪৯ শতাংশ মানুষ এ সম্পর্কে জানে, তারা মানবাধিকারের প্রকৃত মানে বোঝে কি না, আমি জানি না। তাই মানবাধিকার নিয়ে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির আহ্বান জানাই কমিশনকে।’ র্যাব প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে কেন্দ্র করে র্যাবকে নিয়ে যথেষ্ট সমালোচনা হচ্ছে। র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের যেসব অভিযোগ উঠেছে, তা অভ্যন্তরীণভাবে খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠনে যুক্তরাষ্ট্র সহায়তা করেছে। এর আওতায় একজন সাবেক মার্কিন কর্মকর্তা গত বছর চার মাস র্যাবের সঙ্গে কাজ করেছেন। ভবিষ্যতেও আমরা একইভাবে একজন মার্কিন কর্মকর্তাকে এ কাজে নিয়োগের বিষয়টি পুনর্বিবেচনা করছি। এতে র্যাবের সামর্থ্য বাড়ানোর সুযোগ বাড়বে বলে আমাদের বিশ্বাস।’নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ র্যাব বিলুপ্ত করার আহ্বান জানিয়েছে। একটি মানবাধিকার সংস্থা কোনো সার্বভৌম দেশের আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে এ ধরনের কোনো দাবি জানাতে পারে কি না, জানতে চাইলে সরাসরি কোনো মন্তব্য করেননি মার্কিন রাষ্ট্রদূত। তবে মজীনা বলেছেন, বন্ধু হিসেবে যে কেউ যে কারও কাজ নিয়ে সমালোচনা করতেই পারে। এদিকে পোশাকশ্রমিকনেতা আমিনুল ইসলামের বিষয়ে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘এ ব্যাপারে আমাদের কথা হয়েছে। কমিশনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। এ বিষয়টি নিয়ে তদন্ত চলছে, শুধু এটুকু বলাই যথেষ্ট নয়। এ বিষয়টির দ্রুত সুরাহা হওয়া উচিত। অন্যথায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্যে এর প্রভাব পড়তে পারে।’