দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা নিশাতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এভারেস্টের বেসক্যাম্পে আজ দুপুর ১২টার দিকে নেমে এসেছেন বাংলাদেশের দুই পর্বতারোহী নিশাত মজুমদার ও এম এ মুহিত। আজ দুপুরে কাঠমান্ডু থেকে মুঠোফোনে কথা হয় বাংলাদেশের এভারেস্ট জয়ী প্রথম নারী নিশাতের সঙ্গে।‘কেমন লাগছে বুঝতে পারছি না। দুই বছর ধরে চেষ্টা করছি। অবশেষে ১৯ মে সফল হলাম। এভারেস্ট চূড়ায় ওঠার সময় তুষারের কারণে সবকিছুই ঝাপসা দেখছিলাম। সেদিন আবহাওয়া ভালো ছিল না। চোখ জুড়ে দেখতে পারিনি এভারেস্ট চূড়ার সৌন্দর্য। বাংলাদেশের লাল-সবুজ পতাকাসহ কয়েকটি ছবি তুলেই নেমে আসি। শরীর প্রচণ্ড দুর্বল। পা চলছিল না। তবে সবাই সুস্থভাবে আসতে পেরেছি—এটিই আসল কথা। পদে পদে অনেক বিপদ হয়েছে। দেশের মানুষের কাছে অনেক কৃতজ্ঞ আমি। তাদের এত ভালোবাসা আর দোয়ার কারণে আমি সফল হয়েছি।’ নিজের অনুভূতির কথা এভাবেই জানালেন নিশাত মজুমদার।দ্বিতীয়বারের মতো এভারেস্ট জয় করা এম এ মুহিত বলেন, ‘গতবার আমি উত্তর দিক (তিব্বত অংশ) এভারেস্ট চূড়ায় উঠেছিলাম। এবার দক্ষিণ দিক (নেপাল অংশ) দিয়ে উঠেছি। আমার কাছে মনে হয়েছে এই দিক বেশি বিপদসংকুল ও ভয়ংকর। ভালো তো লাগছেই।’নিশাত ও মুহিত বেসক্যাম্প থেকে ২৪ বা ২৫ মে কাঠমান্ডুর উদ্দেশে রওনা দেবেন। তারপর কাঠমান্ডু পৌঁছাতে আরও তিন দিন সময় লাগতে পারে। এ অভিযানে মিংমা গ্যালজে শেরপাসহ তিনজন শেরপা ছিলেন। মুহিত বললেন, ‘শারীরিকভাবে দুর্বল আমরা। কিন্তু সবাই ভালো আছি। এভারেস্ট সামিট করতে যাওয়ার সময় প্রায় ছয় হাজার মিটার উঁচুতে নিশাত খানিকটা আহত হন তুষার ধসের কবলে পড়ে। সবকিছু ঠিকঠাক থাকলে ২৮ মে কাঠমান্ডু পৌঁছাব আমরা।’