দেশের মানুষের বিচারব্যবস্থার ওপর আস্থা রয়েছে
প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেছেন, দেশের মানুষের বিচারব্যবস্থা ও বিচারকদের ওপর আস্থা রয়েছে। আস্থা না থাকলে বিচারপ্রার্থীরা আদালতে আসতেন না। এ বিশ্বাস অব্যাহত রাখতে হবে। এ বিশ্বাস যাতে ভেঙে না যায়, সে জন্য সচেষ্ট থাকতে হবে।আজ শুক্রবার সকালে ‘বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশন’-এর ২১তম বার্ষিক সাধারণ সম্মেলনে তিনি এসব কথা বলেন।প্রধান বিচারপতি বলেন, ‘এমন একটা সময় ছিল যখন মহিলা ম্যাজিস্ট্রেট বা মহিলা বিচারক কল্পনা করা যেত না। আজ তাঁরা পিছিয়ে নেই।’বিচারকদের আবেগতাড়িত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যে রায় দেবেন তা যেন নৈর্ব্যক্তিক হয়। ঘটনা ও আইন দেখে রায় দেবেন। আপনারা মহিলা হলেও বিচারক। তাই কখনো কঠোরতার পরিবর্তে নমনীয়তা আসতে পারে। তবে বিচারক হিসেবে নৈর্ব্যক্তিক হতে হবে।’বিচারে স্বচ্ছতার ওপর গুরুত্ব দিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘মনোযোগ দিয়ে কাজ করবেন। সৃষ্টিকর্তা, বিবেক ও নথিপত্র বিবেচনা করে রায় দেবেন। অন্য কিছু শোনার দরকার নেই। নিজের বিশ্বাস অর্জনের জন্য পড়াশুনা করবেন। মেধা দিয়ে আপনাদের এগিয়ে আসতে হবে, এমনটাই আপনারা প্রত্যাশা করবেন। নিজের মেধার পুরস্কার অবশ্যই পাবেন।’ বিচার, প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের হল রুমে অনুষ্ঠিত এ সম্মেলনে আপিল বিভাগের বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, এস কে সিনহা ও হাইকোর্ট বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানা বক্তব্য রাখেন।সম্মেলনে দুই শতাধিক নারী বিচারক অংশ নেন।