দেশের মানুষের সম্মান রক্ষার দায়িত্ব সরকারের: আরেফিন সিদ্দিক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ‘দেশের সব মানুষের সম্মান ও মর্যাদা রক্ষার দায়িত্ব সরকারের। তাই সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন, বাড়িঘর ও ধর্মীয় উপাসনালয়ে হামলা-ভাঙচুরের ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত, তাদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।’ আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ আয়োজিত প্রতীকী গণ-অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে আরেফিন সিদ্দিক এসব কথা বলেন। পরে তিনি পানি ও শরবত পান করিয়ে অনশন ভাঙান।উপাচার্য বলেন, ‘এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, সে লক্ষ্যে সরকারকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে। আমাদের আরও সতর্ক হতে হবে। গণ-আন্দোলনের মাধ্যমে সব ধরনের অপরাজনীতি রুখে দিতে হবে।’আরেফিন সিদ্দিক বলেন, ১৯৭১ সালের মার্চ মাসে স্বাধীনতাযুদ্ধের সময় ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালিয়েছিল পাকিস্তানি ও তাদের এ দেশের দোসরেরা। একই ভাবে বর্তমানে ধর্মের নামে অপরাজনীতি, ধর্মের নামে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয় ও বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরও বলেন, ‘আমাদের রাষ্ট্রীয় দর্শনে বিশ্বাস করে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে। অসাম্প্রদায়িক একটি দেশ গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে কেউ বাধা দিলে তা রুখে দিতে হবে।’শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশের সভাপতি দেবাশীষ পালিতের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতীকী গণ-অনশনে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন তালুকদার, সুজিত রায় নন্দী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, বিধুভূষণ গোস্বামী, ডি এল চৌধুরী, নিত্যানন্দ বর্ধন, কাজল কান্তি দত্ত, তপন কান্তি দাশ, বিমল কান্তি দে প্রমুখ।এ সময় বক্তারা সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের ওপর নির্যাতন, তাদের বাড়িঘর-উপাসনালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে সর্বোচ্চ বিচারের দাবি জানানো হয়।প্রতীকী গণ-অনশন শেষে আগামী ৫ এপ্রিল সারা দেশে মঠ, মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন ও প্রতিবাদী অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।