দেশের সংবিধান পুনর্মুদ্রণ হচ্ছে
অবশেষে সংবিধান পুনর্মুদ্রণ করা হচ্ছে। সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় কমিটির আজ মঙ্গলবারের বৈঠকে বিশেষজ্ঞ আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। বৈঠক শেষে কমিটির কো-চেয়ারপারসন সুরঞ্জিত সেনগুপ্ত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। কো-চেয়ারপারসন আরও জানান, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সংবিধানের পঞ্চম সংশোধনীর বিষয়ে হাইকোর্টের রায়ের পর সুপ্রিমকোর্টের আপিল বিভাগ সেই রায় অনুমোদন করে যে রায় দিয়েছেন, তা বাস্তবায়নের জন্য সংবিধান পুনর্মুদ্রণ করতে হবে। পুনর্মুদ্রণের মাধ্যমে রায় অনুযায়ী সংবিধানের যেটুকু অবৈধ অংশ আছে, তা বাদ যাবে। আর অবৈধভাবে যা বাদ দেওয়া হয়েছে তা সংযুক্ত করা হবে। ছাপার দায়িত্ব আইন মন্ত্রণালয়ের। মূলত আদালত যেদিন রায় দিয়েছেন, সেদিন থেকে তা সংবিধানের অংশ হয়ে গেছে। সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেন, অষ্টম সংশোধনী মামলার রায় যেভাবে কার্যকর করা হয়েছিল, ঠিক সেভাবেই কার্যকর করা হবে। ছাপা হওয়ার পর তাতে যদি কোনো অসংগতি থাকে, সেটা সংবিধান সংশোধনে গঠিত কমিটি বিবেচনা করে দেখবে। আজকের বৈঠকে কমিটির চেয়ারপারসন সৈয়দা সাজেদা চৌধুরী সভাপতিত্ব করেন।কমিটির সদস্যদের পাশাপাশি আইনমন্ত্রী শফিক আহমেদ এবং আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি মো. আবদুর রশিদ বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগ দেন ।বৈঠকে কমিটির সদস্যদের পাশাপাশি বিশেষজ্ঞদের মধ্যে উপস্থিত ছিলেন বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, সাবেক অ্যাটর্নি জেনারেল রফিক-উল হক, সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী এম জহির, আজমালুল হোসেন কিউসি, তৌফিক নেওয়াজ এবং সাংসদ ফজলে নূর তাপস।