দেশের সপ্তম বিভাগ রংপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী দুই থেকে তিন মাসের মধ্যে দেশে সপ্তম প্রশাসনিক বিভাগ হিসেবে রংপুরের কার্যক্রম শুরু হবে। গতকাল সোমবার প্রশাসনিক পুনর্গঠন ও পুনর্বিন্যাস-সম্পর্কিত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় রংপুর জেলাকে বিভাগে রূপান্তরের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ওই বৈঠকে কমিটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। কমিটির সংশ্লিষ্ট সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে রংপুর জেলাকে বিভাগ করার প্রতিশ্রুতি ছিল। মোট আটটি জেলা নতুন এ বিভাগের অন্তর্ভুক্ত হবে। জেলাগুলো হলো রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, পঞ্চগড়, দিনাজপুর ও ঠাকুরগাঁও। নিয়ম অনুযায়ী এখন বিভাগের জন্য প্রয়োজনীয় কর্মকর্তার পদ-পদবি সৃষ্টি, অর্থ বরাদ্দসহ কিছু প্রশাসনিক প্রক্রিয়া বাস্তবায়নের কাজ করতে হবে। এগুলো শেষ হলে কর্মকর্তা নিয়োগ ও অন্যান্য সহায়ক কাজ শুরু হবে। এগুলো করতে দুই থেকে তিন মাস সময়ের প্রয়োজন হবে বলে সংস্থাপন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।নিকারের বৈঠকে রংপুর জেলাকে বিভাগে রূপান্তরের প্রশাসনিক অনুমোদন দেওয়ার খবর ছড়িয়ে পড়লে সংশ্লিষ্ট জেলাগুলোতে আনন্দ মিছিল ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এ সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: রংপুর: রংপুরে গতকাল বিকেলে আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ। বিভাগ অনুমোদন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ওই মিছিলে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছসেবক লীগসহ দলের সব সহযোগী সংগঠন অংশ নেয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। সন্ধ্যার দিকে জাতীয় পার্টি দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিলের পর দলের পক্ষ থেকে আনন্দ মিছিল বের করে। এ ছাড়া জেলা পরিষদ সুপার মার্কেটের ব্যবসায়ীরা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন।রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সাংসদ টিপু মুন্সী প্রতিক্রিয়ায় বলেন, ‘বিভাগের কার্যক্রমের ঘোষণা দিতে খুব শিগগির প্রধানমন্ত্রী রংপুর সফর করবেন বলে আশা করছি।’ রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সাংসদ এইচ এন আশিকুর রহমান বলেন, এটি রংপুরবাসীর জন্য আনন্দের সংবাদ। সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুরের সভাপতি কাজী মো. জুননুন বলেন, সরকারের এই সিদ্ধান্তে এ অঞ্চলের মানুষের স্বপ্ন পূরণ হলো। দিনাজপুর: রংপুরকে বিভাগ ঘোষণা করায় জনগণের জীবনে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয় লোকজন। এখন এ অঞ্চলের শিক্ষা, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির দাবি জানায় তারা। দিনাজপুর-৩ (সদর) আসনের সাংসদ ইকবালুর রহিম বলেন, ‘রংপুর বিভাগ হলে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান বাড়বে বলে আশা করছি।’ পৌর মেয়র সফিকুল বলেন, বিভাগ গঠনের মাধ্যমে এ অঞ্চলের প্রকৃত উন্নয়ন করতে হবে। রংপুর বিভাগ ঘোষণায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দিনাজপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মির্জা আনোয়ারুল ইসলাম, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি নুরুল মঈন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক কানিজ রহমান, উদীচীর সাধারণ সম্পাদক রেজাউর রহমান প্রমুখ। নীলফামারী: নীলফামারীতে গতকাল সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল হয়েছে। এতে যুবলীগ, ছাত্রলীগসহ দলের বিভিন্ন সহযোগী সংগঠন অংশ নেয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক মমতাজুল হক, রামেন্দ্র বর্ধণ, সাহিদ মাহমুদ, ওয়াদুদ রহমান প্রমুখ।