দেশের সব কারাগারে ব্যবসা চলছে: মিজানুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিত্সা ও রোগীদের খাবার নিয়ে দেশের সব কারাগারে ব্যবসা হয় বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। সেই ব্যবসার লাভের টাকা কোথায় যায়, কারা মহাপরিদর্শকের কাছে তার জবাবও চেয়েছেন তিনি।আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে এক গোলটেবিল আলোচনায় মিজানুর রহমান এ মন্তব্য করেন। তিনি বলেন, সিলেট কারা হাসপাতালে কোনো রোগী নেই। সেখানে শুধু তাঁদেরই ভর্তি করা হয়, যাঁরা টাকা দেন। কারাবন্দীদের জন্য ১৬৬ দশমিক ৬৬ গ্রাম করে খাবার বরাদ্দ দেওয়া হয়। কিন্তু তাঁদের দেওয়া হয় ১০০ গ্রাম করে। এটি দুর্নীতি উল্লেখ করে কমিশনের চেয়ারম্যান কারা মহাপরিদর্শকের উদ্দেশে বলেন, ‘দেশের সব কারাগারে ব্যবসা চলছে। এর লাভ কোথায় যাচ্ছে?’স্বাধীনতা ও নাগরিক অধিকার ফোরাম নামের একটি সংগঠন ‘বেপরোয়া দুর্নীতি দুর্বৃত্তায়ন লোভ-লালসা রোধ ও আইনের যথাযথ প্রয়োগ: দিনবদলের প্রধান শর্ত’ শীর্ষক ওই গোলটেবিল আলোচনার আয়োজন করে।এতে প্রধান বিরোধী দল বিএনপির উদ্দেশে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ নয়, সংসদে মার্চ করুন। এটিই দেশের মানুষের জন্য দরকার। দরিদ্র এ দেশে হাজার হাজার গাড়ি নিয়ে কিসের প্রদর্শন? এ সমাজে বিলাসবহুল গাড়ির রোডমার্চ মানায় না।’মিজানুর রহমান বলেন, দেশে আইনের শাসন কখনো টাকার কাছে, কখনো রাজনীতির কাছে আর কখনো বিচার বিভাগের অহমিকার কাছে বন্দী।অনুষ্ঠানে অন্যদের মধ্যে আইনজীবী আমির উল ইসলাম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান প্রমুখ আলোচনায় অংশ নেন। মূল প্রবন্ধ পাঠ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ কে এম শাহনাওয়াজ।