দেশের সব সন্ত্রাসী জামায়াতে ইসলামীর সৃষ্টি করা : হানিফ
দেশের সব সন্ত্রাসী জামায়াতে ইসলামীর সৃষ্টি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার আওয়ামী ওলামা লীগ আয়োজিত এক সমাবেশে হানিফ বলেন, ‘জামায়াত ধর্মের অপব্যাখ্যা দিয়ে সারাবিশ্বে ইসলাম ধর্মকে বিতর্কিত করছে। সে জন্য ইসলাম রক্ষায় যুদ্ধাপরাধী জামায়াত নেতাদের ফাঁসি দিতে হবে।’ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত এই সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরো বলেন, ‘জামায়াত আল্লাহর আইনে বিশ্বাস করে না। তারা আল্লাহর আইন বাদ দিয়ে মওদুদীর আইনে বিশ্বাস করে। দেশের সবগুলো জঙ্গী সংগঠনই জামায়াতের শাখা।’আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সমাবেশে উপস্থিত আলেমদের জামায়াতে ইসলামীর বিরুদ্ধে সারাদেশে ছড়িয়ে পড়ার আহ্বান জানান। যুদ্ধাপরাধীদের পাপের কারণে দেশ এগুতে পারছেনা মন্তব্য করে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, এজন্য এদের বিচারের মাধ্যমে দেশকে পাপমুক্ত করতে হবে। ওলামা লীগের সভাপতি মাওলানা ইসমাইল হোসেন সমাবেশে সভাপতিত্ব করেন।