দেশের সব হাসপাতালে বার্ন ইউনিট করা হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ দেশের সব জেলা হাসপাতালে শক্তিশালী বার্ন ইউনিট গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ব্যাপারে এ বছরই কাজ শুরু করা হবে। জাতীয় স্বাস্থ্যনীতিতেও এটি অন্তর্ভুক্ত করা হবে।আজ রোববার জাতীয় সংসদে ওয়ারেসাত হোসেনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।এ বি এম আশরাফ উদ্দিনের লিখিত এক প্রশ্নের জবাবে সারা দেশে চিকিত্সক ও নার্সের পদ শূন্য থাকার কথা স্বীকার করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অস্থায়ী ভিত্তিতে চার হাজার ১৩৩ জন চিকিত্সক নিয়োগের লক্ষ্যে মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে তিন হাজার ৫৫১ জন চিকিত্সক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এ ছাড়া নার্স নিয়োগের কার্যক্রমও চূড়ান্ত পর্যায়ে। সাংসদ মোসলেম উদ্দিনের অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিটি কমিউনিটি ক্লিনিকের জন্য একজন করে মোট ১৩ হাজার ৫০০ কমিউনিটি স্বাস্থ্যসেবা সহকারী নিয়োগের প্রক্রিয়া চলছে।সাংসদ মকবুল শাহরিয়ারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমান সাংগঠনিক কাঠামো অনুযায়ী স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মোট ৫৯টি পদ শূন্য। এর মধ্যে দ্বিতীয় শ্রেণীর সাতটি, তৃতীয় শ্রেণীর ৩২টি ও চতুর্থ শ্রেণীর ২০টি পদ রয়েছে। এসব শূন্য পদ পূরণের প্রক্রিয়া চলছে।সাংসদ শামসুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, ২০০৯ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে এইচআইভি পজেটিভ রোগীর সংখ্যা এক হাজার ৭৪৫। এর মধ্যে ৬১৯ জন এইডস রোগীতে পরিণত হয়েছে, যার মধ্যে ২০৪ জন এরই মধ্যে মারা গেছে।