দেশের সম্ভাবনাকে আ.লীগ কাজে লাগায়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের বিগত তিন বছরে দেশের ইতিবাচক ভাবমূর্তি এবং জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে অর্জিত সাফল্য তুলে ধরার জন্য যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন।নিউইয়র্ক সিটিতে আয়োজিত ‘সমুদ্র বিজয় উত্সব’ অনুষ্ঠান উপলক্ষে আজ সোমবার সকালে গণভবন থেকে এক ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ খুবই সম্ভাবনাময় দেশ। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তখনই এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে নিরলস প্রচেষ্টা চালায়।’প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, বঙ্গোপসাগরে সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে আইনি লড়াইয়ে বাংলাদেশের বিজয় উপলক্ষে নিউইয়র্ক সিটি আওয়ামী লীগ এই অনুষ্ঠানের আয়োজন করেছে। কুইন্স প্যালেসে আয়োজিত এই উত্সবে প্রধান অতিথি ছিলেন নিউজার্সির মেয়র। প্রধানমন্ত্রী প্রবাসীদের ধন্যবাদ জানান এবং তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।শেখ হাসিনা প্রবাসীদের প্রতি বিএনপি-জামায়াতের অপপ্রচারের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘বিএনপি ও তার দোসররা আজ দেশব্যাপী ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এবং জনগণের জানমালের ব্যাপক ক্ষতিসাধন করছে।’অনুষ্ঠানে নিউইয়র্ক শাখা আওয়ামী লীগের সভাপতি কমান্ডার নূরুন্নবী ও সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী বক্তব্য দেন। এ সময় গণভবনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান ও সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন উপস্থিত ছিলেন।