দেশের সীমান্ত ও গণতন্ত্র নিরাপদ নয়: মাহবুবুর রহমান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নির্বিচারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দেশের মানুষকে গুলি করে হত্যা করছে। কোনো প্রতিবাদ করতে পারছে না বর্তমান সরকার। দেশের সীমান্ত আজ নিরাপদ নয়। নিরাপদ নয় গণতন্ত্রও। তাই এই সরকারকে উত্খাত করতে হলে যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে।গতকাল বুধবার রাজশাহী নগরের ভুবন মোহন পার্ক শহীদ মিনারে রাজশাহী বিভাগীয় যুবদলের মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।মাহবুবুর রহমান বলেন, সরকার ক্ষমতায় আসার পরেই পিলখানায় দেশপ্রেমিক ৫৭ অফিসার খুন হয়েছেন। এর কোনো প্রতিকার হয়নি। সীমান্তে বিএসএফের গুলিয়ে ফেলানী হত্যাকাণ্ডের কোনো প্রতিবাদ করেনি এ সরকার। তাই এ সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই।মহাসমাবেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার আমাদের মাথার ওপর চেপে বসেছে। সরকার সংবাদপত্রসহ মানুষের মৌলিক অধিকার হরণ করছে। তারা সংবিধানে দ্বৈত অবস্থান নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে।’রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে মহাসমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নীরব ও নাটোর জেলা সভাপতি রুহুল কুদ্দুছ তালুকদার দুলু প্রমুখ।