দেশের স্বার্থ রক্ষা করতে পেরেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্যসমাপ্ত ভারত সফরে বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর দেশের স্বার্থ সমুন্নত থাকায় চার দিনের ভারত সফর শতভাগ সফল। শীর্ষ বৈঠকে নেওয়া সিদ্ধান্ত এ সরকারের মেয়াদেই বাস্তবায়িত হবে। তবে চট্টগ্রাম ও মংলা বন্দরকে আঞ্চলিক যোগাযোগের কেন্দ্রে উন্নীত করতে সময় লাগবে। এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গতকাল শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনা তাঁর ভারত সফরের বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। ক্ষমতায় আসার পর এক বছরে কোনো বিদেশ সফর শেষে এই প্রথম তিনি জ্যেষ্ঠ সাংবাদিকদের মুখোমুখি হলেন। বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক এবং টিভি চ্যানেলগুলোর প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকেরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী এমন একসময় সাংবাদিকদের মুখোমুখি হলেন, যখন বিরোধী দল আন্দোলনে যাওয়ার হুমকি দিচ্ছে। বিরোধী দল বিএনপির অভিযোগ, শেখ হাসিনা-মনমোহন সিং শীর্ষ বৈঠকে নেওয়া সিদ্ধান্তে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা, মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা ছাড়াও মহাজোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ও ১৪ দলের শীর্ষস্থানীয় নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।চট্টগ্রাম ও মংলা বন্দর কখন থেকে ভারত, নেপাল ও ভুটানের জন্য ব্যবহারের উপযোগী হবে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরে যে সুবিধা আছে, তার ৪০ শতাংশ আর মংলা বন্দরের ১০ শতাংশ বর্তমানে ব্যবহূত হয়। বাকিটা পড়ে থাকে। কিন্তু বন্দর দুটিকে আঞ্চলিক যোগাযোগের প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তুলতে হলে সময় লাগবে। আমাদের বন্দরগুলোকে ভালোভাবে গড়ে তুলতে পারলে দেশের প্রচুর টাকা আয় হবে। প্রধানমন্ত্রী বলেন, এ বছরের মধ্যেই যাতে এগুলোকে তৈরি করা যায়, সে চেষ্টাই করা হবে। কারণ, বন্দর অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বেশ কিছু রাস্তাঘাটও তৈরি করতে হবে।সরকার শতভাগ সফলতা দাবি করলেও বিরোধী দল বলছে প্রধানমন্ত্রীর ভারত সফর শতভাগ ব্যর্থ। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তির মাধ্যমে এ প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। বলেন, ‘দুর্যোধনকে মহারাজ প্রশ্ন করেছিলেন, “কী চাই তোমার?” উত্তরে দুর্যোধন বলেন, সুখ চাহি নাই মহারাজ, জয় চেয়েছিনু, জয় পেয়েছি। দুর্যোধনের মতো আমিও মনে করি, জয় চেয়েছিনু, জয়ী আমি আজ।’ তিনি বলেন, ‘যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ভারত গিয়েছিলাম, ১০০ ভাগ সফল হয়েছি। দেশের স্বার্থ রক্ষা করতে পেরেছি। জয়ী আমি আজ।’ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠকে যেসব সিদ্ধান্ত ও সমঝোতা হয়েছে, তা বাস্তবায়নে কতখানি সময় লাগবে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, এসব বাস্তবায়নে সময় লাগবে। গাছ লাগালেও তো ফল পেতে সময় লাগে। কোনো বিষয়ে যখন সমঝোতা হয়, বাস্তবায়নের জন্য তো সময় লাগে। ক্ষমতায় থাকলে ইনশাআল্লাহ বাস্তবায়ন করা সম্ভব হবে।বিরোধী দলের সমালোচনার জবাবে শেখ হাসিনা বলেন, ‘অনেক রক্ত, ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে এ দেশের জন্ম। দেশের জন্য আমার বাবা-মা জীবন দিয়েছেন। ৩০ লাখ মানুষ রক্ত দিয়েছেন। কাজেই আমরা (আওয়ামী লীগ) দেশ বেচতে পারি না। যারা বলে, তারা কী করেছে, মানুষ তা জানে। পার্বত্য শান্তি চুক্তি সইয়ের সময় বিএনপি বলেছিল, ফেনী পর্যন্ত ভারতকে দেওয়া হয়েছে। বিরোধীদলীয় নেত্রী তো ফেনী থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন। কই, তিনি তো ভারতের পার্লামেন্টে যান না, বাংলাদেশের সংসদে যান।’ভারতকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের মতো বিষয়টি জাতীয় ঐকমত্যের ভিত্তিতে হওয়াটা সমীচীন হতো কি না জানতে চাইলে তিনি বলেন, ‘চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের বিষয়টি আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ছিল। জনগণ আমাদের ভোট দিয়েছে। কাজেই এ বিষয়টি জাতীয় ঐকমত্যের ভিত্তিতেই হয়েছে।’ ভারতবিরোধী প্রচার বন্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না, এ প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ভারতবিরোধী প্রচারণা এ দেশে নতুন নয়। ’৫৪ সালের নির্বাচনেও এটি ছিল। যাদের বলার তারা বলে যাবে। যেটা ন্যায়, সত্য, সেটাই আমরা করে যাব। পায়ে পা ঠেকিয়ে ঝগড়া করতে চাই না। ভারতবিরোধিতা যাদের স্বভাবজাত, রাতারাতি তাদের বদলে দেব কীভাবে?আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্য দক্ষিণ এশিয়ার প্রধান সমস্যা। এ অঞ্চলের মানুষের উন্নতির জন্য লড়াই করতে হবে। বন্ধুত্ব দিয়ে অনেক কিছু অর্জন করা যায়, ঝগড়া দিয়ে নয়। তা ছাড়া যেকোনো সমস্যাই আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব।টিপাইমুখ বাঁধ নির্মাণের ব্যাপারে শীর্ষ বৈঠকে কী আলোচনা হয়েছে, এ বিষয়ে প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের ক্ষতি হবে এমন কোনো কাজ ভারত টিপাইমুখ প্রকল্পে করবে না, সেটা ভারতের প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা আশ্বস্ত করেছেন। তিনি অভিযোগ করেন, বিএনপি এখন বিরোধী দল হিসেবে টিপাইমুখ বাঁধ নিয়ে অনেক কথা বললেও ক্ষমতায় থাকার সময় এ বিষয়ে কোনো কথা বলেনি।পানিবণ্টন বিষয়ে আলোচনা এগিয়ে নিতে না পারায় চারদলীয় জোট সরকারের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘তারা ক্ষমতায় থাকাকালে তো কোনো পদক্ষেপ নেয়নি। কিন্তু আমরা কোনো বিষয় ভুলিনি। প্রতিটি বিষয় আলোচনায় তুলেছি। তিস্তার পানিবণ্টন বিষয়ে কারিগরি ও সচিব পর্যায়ে বৈঠক হয়েছে। মার্চের মধ্যে মন্ত্রী পর্যায়ে বৈঠক হবে। কাজেই তিস্তার পানিবণ্টন চুক্তির ব্যাপারে আমি আশাবাদী।’বাংলাদেশের বেসরকারি চ্যানেলগুলোর ভারতে সম্প্রচারের বিষয়ে শীর্ষ বৈঠকে আলোচনা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করা যেতে পারে।বিরোধী দলকে সংসদে যোগ দেওয়ার আহ্বান জানানো হবে কি না প্রশ্ন করা হলে সংসদ নেত্রী বলেন, ‘আমি তো তাদের বারবার সংসদে যোগ দিতে বলছি। ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি নিয়ে বাইরে কথা না বলে সংসদে এসে কথা বলুন। যতক্ষণ খুশি কথা বলতে পারবেন। জাতীয় স্বার্থকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে তুলে ধরুন।’ভারত সফরের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রেখে আর্থ-সামাজিক উন্নয়নে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতাপূর্ণ পরিবেশ সৃষ্টিই সরকারের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য। এই সফরে নিরাপত্তা বিষয়ে তিনটি চুক্তি এবং বিদ্যুত্ ও সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক ও একটি বিনিময় কার্যক্রম স্বাক্ষরিত হয়। সব ধরনের সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে দুই দেশ একে অপরকে সাহায্য করার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছে। ঐতিহাসিক মুজিব-ইন্দিরা চুক্তির আলোকে সব সীমান্ত সমস্যা সমাধানে উভয় পক্ষ একমত হয়েছে। তিনি বলেন, তিন বিঘা করিডরের মাধ্যমে দহগ্রাম-আঙ্গরপোতায় বিদ্যুত্ সরবরাহের কার্যক্রম শুরু হয়েছে। ট্যারিফ ও নন-ট্যারিফ বাধা দূর করার সিদ্ধান্ত হওয়ায় ভারতের বাজারে বাংলাদেশের পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। দেশের সার্বিক উন্নয়নে বিভিন্ন প্রকল্পের জন্য ভারত ১০০ কোটি ডলার ঋণ দেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভুটান, নেপাল ও ভারতকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করতে দেওয়া হবে। এতে বাংলাদেশ আর্থিকভাবে লাভবান হবে। চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর আঞ্চলিক রপ্তানি বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। এ ছাড়া নেপাল ও ভুটানকে ভারত ট্রানজিট দেবে, যাতে দেশ দুটির পণ্যবাহী ট্রাক বাংলাদেশে ঢুকতে পারে। তিনি বলেন, তিস্তাসহ অভিন্ন নদীর পানিবণ্টনের বিষয়ে আলোচনা হয়েছে। ইতিমধ্যে কারিগরি গ্রুপ ও সচিব পর্যায়ে আলোচনা হয়েছে। অচিরেই যৌথ নদী কমিশনের বৈঠক হবে। বাংলাদেশের নদীগুলোর নাব্যতা বাড়াতে ভারত খননকাজে সহায়তা করবে। তা ছাড়া সমুদ্রসীমা নির্ধারণে উভয় পক্ষ আলোচনা ও জাতিসংঘের নীতিমালার আলোকে সালিস-মীমাংসায় পৌঁছানোর চেষ্টা অব্যাহত রাখবে। ভারত বাংলাদেশকে ২৫০ মেগাওয়াট বিদ্যুত্ দেবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, উভয় দেশ যৌথভাবে বিদ্যুত্ উত্পাদনের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেবে। জাতিসংঘকে আরও অর্থবহ করা এবং বিশ্বের জলবায়ু ও পরিবেশ রক্ষায় উভয় দেশ একসঙ্গে কাজ করবে। এই সফরের মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন দিকের সূচনা হয়েছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন।