দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি করা হবে না: হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে গিয়ে বলেছেন, বাংলাদেশ এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। দেশের ভূখণ্ড কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি করা হবে না। ভারতের রাষ্ট্রপতি ও কংগ্রেস সভানেত্রীসহ কয়েকজন নেতার সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।ভারত সফরের দ্বিতীয় দিনে গতকাল সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি প্রতিভা পাতিল ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। এ ছাড়া অর্থমন্ত্রী প্রণব মুখার্জি, পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা ও বিরোধীদলীয় নেতা সুষমা স্বরাজ শেখ হাসিনার সঙ্গে তাঁর হোটেল স্যুটে দেখা করেন। ভারতীয় নেতারা শেখ হাসিনাকে বলেন, এ সফরটি ঐতিহাসিক এবং এর মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এ অঞ্চলে সন্ত্রাস দমনে সহায়ক হবে।রাষ্ট্রপতি ভবনে উষ্ণ অভ্যর্থনা: এর আগে সকালে দিল্লির রাষ্ট্রপতি ভবনে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। পৌষের রোদেলা সকালে শেখ হাসিনার গাড়িবহর রাষ্ট্রপতি ভবনের ফটকে এসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান ভারতের রাষ্ট্রাচার প্রধান সুনীল লাল। ভারতীয় সামরিক বাহিনীর একটি অশ্বারোহী দল তাঁকে ফটক থেকে মূল প্রাঙ্গণ পর্যন্ত নিয়ে যায়। সেখানে তাঁকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। পরে দুই প্রধানমন্ত্রী লালগালিচা-শোভিত পথ দিয়ে হেঁটে যান সংবর্ধনা মঞ্চের দিকে। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতীয় সেনাবাহিনীর অভিজাত মাউন্টেন ব্যাটালিয়নের একটি চৌকস দল গার্ড অব অনার দেয়। তিনি অভিবাদন গ্রহণ ও গার্ড পরিদর্শন করেন। এ সময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়।শেখ হাসিনা সাংবাদিকদের বলেন, ‘আমি বাংলাদেশের জনগণের শুভেচ্ছা নিয়ে দিল্লিতে এসেছি। একাত্তরের মহান স্বাধীনতাযুদ্ধে ভারত শুধু সহযোগিতাই করেনি, গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।’দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এ জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কেননা এ অঞ্চলের প্রধান সমস্যা দারিদ্র্য। এই দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বাংলাদেশ ও ভারত একযোগে কাজ করে যাবে।’ এই সফরের মধ্য দিয়ে দুই দেশের জনগণের সহযোগিতা ও বন্ধুত্ব আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি ভবনে গার্ড অব অনার দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা, অর্থমন্ত্রী প্রণব মুখার্জিসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষ থেকে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, গওহর রিজভী, মশিউর রহমান ও বিশেষ দূত মোহাম্মদ জিয়াউদ্দিন।মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা: রাষ্ট্রপতি ভবনে উষ্ণ অভ্যর্থনা নেওয়ার পর তিনি রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে যান। সেখানে সমাধিতে ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানান। এরপর তিনি পরিদর্শন বইতে সই করেন। শেখ হাসিনা লেখেন, ‘শান্তি ও অহিংসতা প্রতিষ্ঠায় মহাত্মা গান্ধীর প্রচারিত বাণী আজও বিশ্বজুড়ে শান্তিকামী মানুষের প্রেরণার উত্স হয়ে আছে; বিশেষ করে, মানবজাতির নিরাপত্তার জন্য বিশ্ববাসী যখন কঠিন চ্যালেঞ্জের মুখে, সে সময় আমরা আশ্রয় খুঁজি মহাত্মা গান্ধীর প্রচারিত মহত্ বাণীগুলোতে।’