ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং মঙ্গলবার দুই দিনের সফরে ঢাকায় আসেন। সফর শেষে তিনি চলেও গেছেন। কিন্তু তাঁর সফরের চুলচেরা বিশ্লেষণ চলছে এখনোবিএনপি বলেছে, জনগণকে অন্ধকারে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকজন অনির্বাচিত ব্যক্তিকে নিয়ে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভারতের সঙ্গে দেনদরবার করেছেন। তাই মনমোহনের সফরে তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টন চুক্তি না হওয়ার এবং দেশের স্বার্থ সংরক্ষণে ব্যর্থতার দায় প্রধানমন্ত্রীর।ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সদ্য সমাপ্ত বাংলাদেশ সফর নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার সকালে এ সংবাদ সম্মেলন হয়।মির্জা ফখরুল বলেন, মনমোহনের সফরের পর দেশের মানুষ হতাশার গভীর সাগরে নিমজ্জিত হয়েছে। এই সফর ব্যর্থ। এতে এ দেশের জনগণের কোনো লাভ হয়নি, বরং দুটি দেশের মধ্যকার আস্থার সংকট আরও ঘনীভূত হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও তাঁর সরকারের কূটনৈতিক দেউলিয়াত্ব, সমন্বয়হীনতা, অযোগ্যতা, অদক্ষতা ও সংকীর্ণতার কারণে এই সফরের সুফল থেকে বাংলাদেশের মানুষ বঞ্চিত হয়েছে। এই ব্যর্থতার পুরো দায়ভার প্রধানমন্ত্রীর কাঁধেই বর্তায়।পানিচুক্তি না হওয়ায় ট্রানজিটও দেওয়া হয়নি—সরকারের বিভিন্ন পক্ষ থেকে দেওয়া এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এটা জনগণকে বোকা বানানোর অপচেষ্টা। মূলত ট্রানজিটের চুক্তি আগেই হয়ে গেছে। এখন শুধু যানবাহন চলাচলের ব্যাপারে একটি সমঝোতা চুক্তি হওয়ার কথা ছিল। কেবল সেই সমঝোতায় স্বাক্ষর করা থেকে সরকার বিরত থেকেছে। তিনি বলেন, বিএনপি মনে করে, গোপন চুক্তির মাধ্যমে সরকার প্রতিবেশী রাষ্ট্রের কাছে জাতীয় স্বার্থ বিসর্জন দিয়েছে। এই সফরের খুঁটিনাটি বিষয়গুলোও প্রকাশের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, তাঁর দল এই সফরের ফলাফলে গভীর দুঃখ ও হতাশা প্রকাশ করছে। বিএনপি আশা করেছিল, এই সফরের মাধ্যমে দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকা বিষয়গুলোর একটি গ্রহণযোগ্য সমাধান হবে। সেই বিশ্বাস থেকে মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরকে তাঁর দল স্বাগত জানিয়েছিল। পুরো জাতির সঙ্গে বিএনপিকেও অন্ধকারে রাখা সত্ত্বেও তাঁরা সরকারকে শক্তি জুগিয়েছেন। সর্বোচ্চ সৌজন্যবোধ বজায় রেখে, দলের তরফ থেকে এই সফরের সার্বিক সাফল্য কামনা করা হয়েছে। বিএনপির এই নেতা বলেন, আশা করা হয়েছিল, এই সফর দুটি দেশের মধ্যকার আস্থার সংকট নিরসন করবে। কিন্তু বাস্তবে ছিটমহলবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ ও বন্দিদশার অবসান হয়নি; তিস্তা ও ফেনী নদীসহ অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা পাওয়া যায়নি; সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নির্বিচারে হত্যা বন্ধে সুস্পষ্ট ব্যবস্থা নেওয়া হয়নি; বাণিজ্য ঘাটতি নিরসনে পদক্ষেপ নেই; দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে যোগাযোগব্যবস্থা গড়ার কথা হয়নি; টিপাইমুখ প্রকল্পের নির্মাণকাজ বন্ধের ঘোষণাও আসেনি। সফরের পরও বাংলাদেশ যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে, অন্যদিকে ভারত লাভবান হয়েছে।মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী ভারতের কাছে একের পর এক জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিচ্ছেন। এই সরকারের হাতে দেশ ও জনগণের স্বার্থ একমুহূর্তও নিরাপদ নয়। তাই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগাম নির্বাচন দিতে বাধ্য করতে হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, দলের স্থায়ী কমিটির বৈঠক ও সমমনাদের সঙ্গে বিশদ আলোচনার পর কর্মসূচি নেওয়া হবে।সরকারের ব্যর্থতায় বিরোধী দল রাজনৈতিকভাবে লাভবান হয়েছে কি না—এ প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিরোধী দলের রাজনৈতিক অর্জন মুখ্য নয়। এখানে দেশ ও দেশের মানুষের স্বার্থ জড়িত। তিন মাসের মধ্যে তিস্তা চুক্তি হবে—অর্থমন্ত্রীর এমন বক্তব্যের বিষয়ে তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রীও এই সফরের এক দিন আগে তিস্তা চুক্তি হবে বলে জানিয়েছিলেন, কিন্তু তা হয়নি। তাই এই সরকারের মন্ত্রীর কথার ওপর কতটা আস্থা রাখা যায়, তা জনগণই বলতে পারবে।সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, এম এ কাইউম ও শফিক রেহমান উপস্থিত ছিলেন।