দেশের স্বার্থে সেনাপ্রধানকে অপসারণ: মুরসি
মিসরের সশস্ত্র বাহিনীর প্রধান ও প্রতিরক্ষামন্ত্রী ফিল্ড মার্শাল হুসেইন তানতাউয়ি ও সামরিক বাহিনীর চিফ অব স্টাফ সামি আনানকে দেশের স্বার্থে অপসারণ করা হয়েছে। এ সিদ্ধান্তের ব্যাপারে ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।প্রেসিডেন্টের মুখপাত্র ইয়াসের আলী গতকাল রোববার সেনাবাহিনীর এই দুই শীর্ষ কর্মকর্তাকে অপসারণের ঘোষণা দেন। দুই জেনারেলকে বরখাস্ত করার পাশাপাশি মুরসি সামরিক পরিষদের আনা প্রেসিডেন্টের ক্ষমতা খর্বকারী সাংবিধানিক সংশোধনীও বাতিল করেছেন। সেনাবাহিনীর এই দুই শীর্ষ কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার ঘোষণায় মুরসি সরকারের সঙ্গে সেনাবাহিনীর দ্বন্দ্ব অনেকটাই প্রকাশ্য হয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। বিবৃতিতে মুরসির মুখপাত্র বলেন, ফিল্ড মার্শাল হুসেইন তানতাউয়িকে অবসরে পাঠানো হলো। তাঁর জায়গায় সশস্ত্র বাহিনীর প্রধান ও প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি। আনানের স্থলাভিষিক্ত করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল সিদকি সৈয়দ আহমেদকে। অবসরে পাঠানো তানতাউয়ি ও সামি আনানকে প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে রাখা হচ্ছে। দুই শীর্ষ সামরিক কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার পর গতকালই এ পদক্ষেপের ব্যাখা দেন মুরসি। পবিত্র রমজান উপলক্ষে এক ভাষণে তিনি বলেন, ‘আজ আমি যে সিদ্ধান্ত নিয়েছি, তা কোনো সুনির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে নয়। কোনো প্রতিষ্ঠানকে বিব্রত করতেও নয়। কিংবা কারও ক্ষমতা খর্ব করতে নয়।’ মোহাম্মদ মুরসি বলেন, ‘আমি কারও বিরুদ্ধে কোনো নেতিবাচক বার্তা দিতে এটা করিনি। দেশ ও জনগণের স্বার্থে এটা আমি করেছি।’সামরিক বাহিনীর প্রশংসা করে মিসরের প্রেসিডেন্ট বলেন, তারা এখন দেশরক্ষার পবিত্র কাজে নিয়োজিত থাকবে।গত জুনে নির্বাচিত প্রেসিডেন্ট মুরসি ইসলামপন্থী দল মুসলিম ব্রাদারহুডের সদস্য। গত বছর প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতনের পর থেকে ব্রাদারহুড ও সেনাবাহিনীর সম্পর্কে টানাপোড়েন চলছে। মুরসি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে মিসরের ক্ষমতাসীন সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ পরিষদ (স্কাফ) নানাভাবে তাঁকে (মুরসিকে) হয়রানির মুখে ফেলেছিল। গত বছরের ফেব্রুয়ারিতে হোসনি মোবারকের পতনের পর স্কাফের প্রধান হিসেবে তানতাউয়ি মিসরের অন্তর্বর্তী শাসকের ভূমিকা পালন করেছেন। প্রেসিডেন্টের ইসলামপন্থী জোটের নেতৃত্বাধীন পার্লামেন্ট বাতিল ঘোষণাও করেছিল সামরিক পরিষদ।অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তানতাউয়ি যে সংবিধান প্রণয়ন করেন, এতে সেনাবাহিনীতে নিয়োগ দেওয়াসহ সামরিক ব্যাপারে প্রেসিডেন্ট হস্তক্ষেপ করতে পারবেন না বলে বিধান রাখা হয়। গতকাল প্রেসিডেন্ট মুরসি সংবিধান সংশোধন করে এই বিধান বাতিল করেন। বিশ্লেষকেরা বলেছেন, মোবারকের পতনের পর থেকে ইসলামপন্থী ব্রাদারহুড ও সেনাবাহিনীর মধ্যে যে উত্তেজনা শুরু হয়েছিল, তানতাউয়িকে সরানোর মধ্য দিয়ে তা আরও জোরালো হলো। এর মধ্য দিয়ে মিসরে নতুন করে বিশৃঙ্খলা শুরু হতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন।