সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলেছেন, দেশের ১০ শতাংশ মানুষ প্রতিবন্ধিত্বের শিকার।আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরপর্বে অপু উকিলের প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান।বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে মন্ত্রী বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূত্রমতে, দেশের মোট প্রতিবন্ধীর সংখ্যা এক কোটি ৪৪ লাখ ৪৬ হাজার।’আসমা জেরীনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার ঢাকাসহ সারা দেশে ভিক্ষুক জরিপ, পুনর্বাসন ও ভিক্ষাবৃত্তি নিরসনের কর্মসূচি নিয়েছে। এর আওতায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীকে ঢাকা থেকে সরিয়ে অন্যত্র নেওয়া হবে।মন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ে পাইলট কর্মসূচির আওতায় এনজিওর মাধ্যমে ঢাকা মহানগরের ভিক্ষুকদের ওপর জরিপ করা হবে। এ জন্য আগ্রহী এনজিওদের তালিকা চূড়ান্ত করার পর ভিক্ষুক জরিপের কাজ শুরু হবে। এসব ভিক্ষুকের মধ্য থেকে দুই হাজার ভিক্ষুকদের পুনর্বাসন করা হবে। পর্যায়ক্রমে সব ভিক্ষুকের পুনর্বাসনের আওতায় আনা হবে।অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের ৩৭টি জেলায় দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ৩৭টি দৃষ্টিপ্রতিবন্ধী হোস্টেল নির্মাণের প্রকল্প অনুমোদিত হয়েছে। দ্রুতই এর বাস্তবায়ন শুরু হবে। ৪১ কোটি ৫০ লাখ ৪৮ হাজার টাকা ব্যয়ে এ প্রকল্পটি জুলাই ২০১১ থেকে জুন ২০১৪ সালের মধ্যে বাস্তবায়িত শেষ হবে বলেও জানান তিনি।শফিকুর রহমান চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০১০-১১ অর্থবছরে এক লাখ ৫০ হাজার জন মুক্তিযোদ্ধাকে জনপ্রতি মাসিক দুই হাজার টাকা হিসেবে ৩৬০ কোটি টাকা দেওয়া হচ্ছে।