দেশের ৪২ শীর্ষ সন্ত্রাসীর তালিকা সংসদে প্রকাশ
জাতীয় সংসদে গতকাল সোমবার দেশের ৪২ জন শীর্ষ সন্ত্রাসীর (টপ টেরর) তালিকা প্রকাশ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন গতকাল সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তালিকা প্রকাশ করেন। সরকারি দলের সাংসদ হাফিজ আহমেদ মজুমদারের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ৪২ জন শীর্ষ সন্ত্রাসীর মধ্যে ১০ জন গ্রেপ্তার হয়েছে, ১০ জন পলাতক ও একজন নিখোঁজ রয়েছে। বাকি ২১ সন্ত্রাসীর নামের তালিকা দেওয়া হলেও তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।বিকেলে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এরপর প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তালিকা অনুসারে হালনাগাদ করা ৪২ শীর্ষ সন্ত্রাসীর সবার বর্তমান ঠিকানা ঢাকায়। গ্রেপ্তার হওয়া ১০ জনের মধ্যে ইমামুল হোসেন ওরফে হেলাল ওরফে পিচ্চি হেলাল ২০০০ সালের ১২ জানুয়ারি, টিটন ২০০২ সালের ১২ জুন, একই বছরের ৭ জুলাই সোহেল ওরফে ফ্রিডম সোহেল, ২৯ মে খোরশেদ আলম ওরফে রাসু, ২০ মে কামাল পাশা ওরফে পাশা, ২০০৩ সালের ১১ জুন মশিউর রহমান কচি (কুমিল্লায় ডিবি পুলিশ গ্রেপ্তার করে) ও ২০০৫ সালের ৩ জুন আরমান গ্রেপ্তার হয়। এ ছাড়া আব্বাস ওরফে কিলার আব্বাস, হারিস আহমেদ ওরফে হারেস পলাতক অবস্থায় ভারতে, ত্রিমতি সুব্রত বাইন নেপালে গ্রেপ্তার হয়েছে।বাকি ৩১ জনের মধ্যে দেশে-বিদেশে পলাতক রয়েছে ১০ জন। তারা হলো কালা জাহাঙ্গীর, জাফর আহমেদ, জব্বার মুন্না, ইমাম হোসেন (কানাডা), প্রকাশ কুমার বিশ্বাস (ভারত), মোল্লা মাসুদ (ভারত), কামরুল হাসান, শামীম আহমেদ, আমিনুর রসুল সাগর (আমেরিকা) এবং খন্দকার তানভীর ইসলাম (কলকাতা)। লিয়াকত নামের এক শীর্ষ সন্ত্রাসী নিখোঁজ রয়েছে। অপর ২১ জন শীর্ষস্থানীয় সন্ত্রাসী হলো কাজী আতাউর রহমান লিটু, সাজিকুর রহমান হিরু, মুন্না ওরফে বিহারি মুন্না, নূর মোহাম্মদ, টিঅ্যান্ডটি বাবু, আশিক ওরফে আশিকুল ইসলাম, শহিদুল্লাহ ওরফে লেবু শহিদ, সুমন, তৌহিদুজ্জামান খান ওরফে টিক্কা, আরিফ হোসেন ওরফে বাদল, মিয়া দেলোয়ার হোসেন, আবুল কাশেম ওরফে হাদী, জসিম ওরফে জসি, দুলাল ওরফে মোটকা দুলাল, গোলাম মোস্তফা পাপ্পু, মোহাম্মদ সেলিম ওরফে সেইল্লা, মনু মিয়া ওরফে মুন্না, মামুন ওরফে মফিজুর রহমান, রবি, টুকু ওরফে টুক্কু খান ও মামুন ওরফে মিয়া মামুন।অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০০৯ সালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে ১১১ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এসব ঘটনায় একজন পুলিশ নিহত, ৮২ জন আহত ও দুজন র্যাব সদস্য নিহত এবং আটজন আহত হয়েছেন।বঙ্গবন্ধু হত্যা মামলায় দণ্ডিতদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে: ঢাকার সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লার প্রশ্নের জবাবে সাহারা খাতুন বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলায় দণ্ডিত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। বঙ্গবন্ধুর খুনিদের শিগগিরই দেশে ফিরিয়ে আনা সম্ভব। এ জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ পাঠানো হয়েছে।মন্ত্রী বলেন, রেড নোটিশ কার্যকর করার জন্য ব্যবস্থা নিতে পুলিশের একজন কর্মকর্তাকে ইন্টারপোলের সদর দপ্তরে পাঠানো হয়েছে। তিনি ইন্টারপোল সেক্রেটারি জেনারেলকে একটি চিঠিও পাঠিয়েছেন। আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, বঙ্গবন্ধু হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে এম রাশেদ চৌধুরী কানাডা, জার্মানি, লিবিয়া, থাইল্যান্ড বা আমেরিকায় রয়েছেন। এস এইচ এম বি নূর চৌধুরী কানাডা বা পাকিস্তানে রয়েছেন। খান মোসলেম উদ্দিন ভারত বা পাকিস্তানে রয়েছেন। আবদুর রশিদ খন্দকার যুক্তরাজ্য, লিবিয়া, থাইল্যান্ড, আমেরিকা, বেলজিয়াম, ফ্রান্স, ইতালি, লেবানন, পোল্যান্ড বা সুইজারল্যান্ডে রয়েছেন। শরীফুল হক ডালিম যুক্তরাজ্য, থাইল্যান্ড, আমেরিকা, লিবিয়া, চীন, হংকং বা কেনিয়ায় রয়েছেন। আবদুল মাজেদ ভারত বা পাকিস্তানে রয়েছেন।ঢাকার সাংসদ নসরুল হামিদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি জানান, এই খুনিদের দেশে ফিরিয়ে আনতে সরকারের আইনগত ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে।