দেশের ৬৬ শতাংশ কিশোরী বাল্যবিবাহের শিকার
বাংলাদেশে প্রতিবছর বাল্যবিবাহের শিকার হচ্ছে ৬৬ শতাংশ কিশোরী। মা ও শিশুমৃত্যুর হার কমিয়ে আনলেও, বাংলাদেশে বাল্যবিবাহ এখনো মা ও শিশুমৃত্যুর অন্যতম কারণ। সরকার বলছে, বাল্যবিবাহ রোধে আরও তত্পরতা প্রয়োজন। ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় আজ বুধবার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘কৈশোরে গর্ভধারণ, মাতৃমৃত্যুর প্রধান কারণ’। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, বাল্যবিবাহের শিকার কিশোরীদের প্রতি তিনজনের একজন ১৯ বছর বয়সের আগে গর্ভধারণ করছে। বাংলাদেশে ২০ বছরের কমবয়সী মায়েরা ৫০ শতাংশ মৃত শিশু জন্ম দিচ্ছেন। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বাল্যবিবাহ কিশোরীদের মৌলিক অধিকার কেড়ে নেয়। কিশোরীদের জোর করে বা প্রতারণা করে যৌনমিলনে বাধ্য করা হয়। অল্প বয়সে বিয়ে হওয়ার কারণে বেশির ভাগ কিশোরীর মধ্যেই যৌন শিক্ষা-সম্পর্কিত কোনো ধারণা নেই এবং তারা নিজের পছন্দমতো সময়ে গর্ভধারণ করতে পারে না। দরিদ্র পরিবারের এই কিশোরীরা বেশির ভাগ সময় প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত হয় এবং ক্ষতিকর ও বিপজ্জনক যৌন অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়ে। কমবয়সী মা ফিস্টুলার ঝুঁকিতে থাকেন, জীবনীশক্তি হারান, শারীরিক, মানসিক ও সামাজিকভাবে ভোগান্তির শিকার হন। সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশে শহরের তুলনায় গ্রামে এবং রাজশাহী বিভাগে অল্প বয়সে মা হওয়ার প্রবণতা বেশি। এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অর্থনৈতিক সংকটে থাকার কারণে রাজশাহী বিভাগে অভিভাবকেরা দ্রুত মেয়েদের বিয়ে দিয়ে দেন এবং কৈশোর উত্তীর্ণ হওয়ার আগেই এই কিশোরীদের একটা বড় অংশ গর্ভধারণ করে।