সরকারকে আগামী দেড় বছরে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে আন্তরিক হতে হবে। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত গোলটেবিল আলোচনায় আলোচকেরা এ আহ্বান জানান।‘দিনবদলের সনদ ও সরকারের সাড়ে তিন বছর’ শীর্ষক এ আলোচনায় সুজনের সহসভাপতি এম হাফিজউদ্দিন খান বলেন, সরকারের সব উদ্যোগই যে সফলতার মুখ দেখবে—এমনটি নয়। তারা অঙ্গীকার বাস্তবায়নে আন্তরিক কি না, সেটাই বিবেচ্য বিষয়। তবে কোনো কোনো বিষয়ে, বিশেষ করে দুর্নীতি রোধে সরকারের আন্তরিকতার ঘাটতি রয়েছে। সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, বর্তমানে বড় সমস্যা হচ্ছে মন্ত্রীদের অসংলগ্ন বক্তব্য, যা সরকারকে বিপদে ফেলে দিচ্ছে। অপরদিকে বিরোধী দলও দায়িত্বপূর্ণ আচরণ করছে না। পদ্ম সেতু প্রসঙ্গে তিনি বলেন, বিরোধী দল এ প্রসঙ্গে সংসদে গিয়ে আলোচনা করলে জাতির জন্য মঙ্গল হবে।এম সাখাওয়াত হোসেন আরও বলেন, ‘শোনা যাচ্ছে আমরা নির্বাচনী আইন সংস্কারের যেসব প্রস্তাব রেখে এসেছিলাম, বর্তমান কমিশন তা আমলে নিচ্ছে না। তারা আমাদের প্রতিপক্ষ মনে করছে। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে এসব সুপারিশ করেছি। আমার সংশয় আছে বড় কোনো নির্বাচন হলে তারা তা সুষ্ঠুভাবে করতে পারবে কি না।’প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘নির্বাচনের আগে অঙ্গীকার করতে সমস্যা হয় না। সমস্যা হয় অঙ্গীকার বাস্তবায়ন করতে গিয়ে। সরকারের কিছু কিছু অঙ্গীকার পূরণ করতে সাত দিন, ১০ দিন বা বছরের বেশি সময় লাগতে পারে। আবারও কোনোটি পাঁচ বছরেও সম্ভব নয়। কিন্তু যেসব অঙ্গীকার দুই-চার-দশ দিনের পূরণ করা যায়, তা পূরণ করছে না বলেই আমাদের মনে প্রশ্নের উদ্রেক হয়।’ তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে যে সমস্যা দেখা দিয়েছে, সে বিষয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের কোনো বিকল্প নেই। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী বলেন, ‘পদ্মা সেতু আমাদেরকে দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত করছে। বৈদেশিক সাহায্য ও অনুদান যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের দেশের উন্নয়ন কার্যক্রমও শ্লথ হয়ে যাবে। বিশ্বব্যাংক যখন এ বিষয়ে তদন্তের কথা বলেছিল, সরকার তখন কেন এ বিষয়টিকে গুরুত্ব দেয়নি।’বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, ‘পদ্মা সেতু প্রকল্প বিশ্বব্যাংক স্থগিত করায় আমরা হতাশ। বাংলাদেশ দিন দিন বন্ধুহীন হয়ে পড়ছে। যুক্তরাষ্ট্রও আমাদের প্রতি বৈরী আচরণ করছে, ভারতও কম যায় না। সীমান্তে প্রতিদিন মানুষ হত্যা হচ্ছে, তিস্তা চুক্তি হচ্ছে না। এর জন্য আমাদের পররাষ্ট্রনীতির নতজানু মানসিকতাই দায়ী।’অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, গত তিন বছরে সরকার জনগণের আস্থা অর্জন করার মতো কিছু কাজ হাতে নিতে পারত। যেমন—ক্ষমতাধরদের সম্পদের হিসাব আদায়, সরকারি দলের মদদে সন্ত্রাস-চাঁদাবাজি-দখলদারিত্বের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, দলতন্ত্র ও ফায়দাতন্ত্রের চর্চার অবসান, দুর্নীতি দমন কাজকে জোরদার ইত্যাদি। কিন্তু সরকার এসব ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ হয়েছে। যে কারণে সাড়ে তিন বছরের মাথায় এসে সরকার ব্যাপকভাবে জনসমর্থন, বিশেষ করে তরুণ ও সচেতন নাগরিকদের সমর্থন হারিয়েছে। বদিউল আলম আরও বলেন, সরকারের একগুঁয়েমির কারণে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। অনেকে আশঙ্কা প্রকাশ করছেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে জটিলতা সৃষ্টি হলে আবারও অগণতান্ত্রিক শক্তি শাসন ক্ষমতায় জেঁকে বসতে পারে। আবারও যদি এমন শক্তি ক্ষমতায় আসে, তবে তারা কোমর বেঁধেই আসবে, যা দেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে ব্যাহত করবে।হাফিজউদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক কামাল আতাউর রহমান, সৈয়দ আবদুল মান্নান, হুমায়ুন কবির, চৌধুরী সারোয়ারুল হাসান, নুরুল হক মজুমদার প্রমুখ।