চট্টগ্রাম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ইব্রাহীম মিয়া গত দুই বছরে প্রায় এক হাজার বদলির আদেশ দিয়েছেন। আবার বেশির ভাগ আদেশই পরে তিনি স্থগিত করেছেন।অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের কার্যালয়টি কুমিল্লায় অবস্থিত। এই দপ্তরের একাধিক সূত্র জানায়, উপসহকারী প্রকৌশলী থেকে শুরু করে চতুর্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত এই ‘বদলি-নির্যাতনের’ শিকার হয়েছেন। এঁদের মধ্যে চতুর্থ শ্রেণীর কর্মচারীর সংখ্যা বেশি। বদলি করে পরে তা প্রত্যাহারের এ রকম শতাধিক আদেশের অনুলিপি প্রথম আলোর হাতে এসেছে।ভুক্তভোগীদের অভিযোগ, তত্ত্বাবধায়ক প্রকৌশলীর হয়ে তাঁর প্রধান সহকারী প্রথমে টেলিফোনে কর্মচারীদের বদলির হুমকি দেন। যিনি চাহিদামতো টাকা দেন, তাঁকে আর বদলি করা হয় না। আবার অনেকের বদলির আদেশ ১০ থেকে ২০ হাজার টাকার বিনিময়ে স্থগিত করা হয়। চট্টগ্রাম অঞ্চলের অধীনে আটটি জেলা ও ৭৫টি উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয় রয়েছে। অনুসন্ধানে জানা যায়, গত দেড় বছরে ইব্রাহীম মিয়া চট্টগ্রাম অঞ্চলের অন্তত অর্ধশত উপসহকারী প্রকৌশলীকে বদলি করেছেন। গত বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত বদলি আদেশের নথি পর্যালোচনা করে দেখা যায়, এই তিন মাসে ১৮ জন উপসহকারী প্রকৌশলীকে একই জেলার অন্য উপজেলায় বা ভিন্ন জেলায় বদলি করা হয়েছে।এ নিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী চলতি বছরের ১ এপ্রিল চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে একটি চিঠি পাঠান। ওই চিঠিতে বলা হয়, ইদানীং এই অঞ্চলের উপসহকারী প্রকৌশলী বা সমমানের কর্মকর্তাদের কোনো সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ না করে বদলির আদেশ জারি করা হচ্ছে। অনেক সময় অর্থবছরের মাঝামাঝি বদলি করায় উন্নয়নমূলক কাজ ব্যাহত হয় এবং বদলির আদেশ স্থগিত বা বাতিল করতে অযাচিত তদবিরের কারণে প্রধান প্রকৌশলীকে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এতে প্রশাসনিক জটিলতারও সৃষ্টি হয়। চিঠিতে প্রধান প্রকৌশলীর সঙ্গে আলোচনা করে এই মানের কর্মকর্তাদের বদলি না করতে অনুরোধ করা হয়।অবশ্য তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইব্রাহীম মিয়া প্রথম আলোর কাছে দাবি করেন, ‘ওই চিঠি দেশের সব সার্কেল অফিসে পাঠানো হয়েছে; নির্দিষ্ট করে চট্টগ্রাম সার্কেলে পাঠানো হয়নি।’প্রধান প্রকৌশলীর ওই চিঠির পরের মাসেই কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় কর্মরত উপসহকারী প্রকৌশলীকে চট্টগ্রামের কার্যালয়ের প্রাক্কলনিক পদে এবং চট্টগ্রাম কার্যালয়ের প্রাক্কলনিককে উখিয়া ও টেকনাফের উপসহকারী প্রকৌশলী পদে বদলি করা হয়। দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ক্ষেত্রেও একই ধারা অব্যাহত থাকে। প্রতি মাসেই ১০ থেকে ১৫ জন কর্মচারীকে সুনির্দিষ্ট কোনো কারণ না দেখিয়েই বদলি করা হয়।গত বছরের ১৮ অক্টোবর চট্টগ্রামের মিরসরাইয়ে কার্যালয়ের কর্মচারী আবদুস ছাত্তারকে ফেনীর ছাগলনাইয়ায় বদলি করা হয়। ২৪ অক্টোবর ওই বদলির আদেশ স্থগিত করা হয়। চলতি বছরের ১ জানুয়ারি তাঁকেই আবার ছাগলনাইয়ায় বদলি করা হয়। এরপর ১৮ জানুয়ারি তাঁকে আবার মিরসরাইয়ে ফিরিয়ে আনা হয়। গত ২৮ ডিসেম্বর এক অফিস আদেশে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কর্মরত নলকূপ মেকানিক জসিম উদ্দিনকে নবীনগর উপজেলায় এবং নবীনগরের নলকূপ মেকানিক সাইদুর রহমানকে বিজয়নগরে বদলি করা হয়। চলতি বছরের ৩ জানুয়ারির আরেক আদেশে দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শ্রমিক মোবারক হোসেনকে কুমিল্লার মুরাদনগরে এবং মুরাদনগরের শ্রমিক মামুনুর রশিদকে নবীনগরে বদলি করা হয়েছে। ২০১০ সালের ১৪ অক্টোবর পটিয়া থেকে নলকূপ মেকানিক শ্যামল ওয়াদ্দাদারকে চকরিয়ায় বদলি করা হয়। ২৬ অক্টোবর ‘অনিবার্য কারণে’ ওই আদেশ স্থগিত করা হয়। একই বছরের ১৮ অক্টোবরের চৌকিদার মনির আহাম্মদের বোয়ালখালী থেকে পটিয়ায় বদলির আদেশ ২৬ অক্টোবর স্থগিত করা হয়। বদলি হওয়া ব্যক্তিদের মধ্যে শ্রমিক, করণিক কাম মুদ্রাক্ষরিক (সিসিটি), ক্যাশিয়ার, নলকূপ মেকানিক, ম্যাশন, পিয়ন, চৌকিদার প্রভৃতি পদের কর্মচারীরা রয়েছেন। কুমিল্লা কার্যালয়ের এক কর্মচারী অভিযোগ করেন, কিছুদিন আগে তাঁকে প্রথমে বদলির হুমকি দেওয়া হয়। টাকা না দেওয়ায় কয়েক দিন পর তাঁর বদলির আদেশ হয়। ১০ হাজার টাকা দেওয়ার পর বদলির আদেশ স্থগিত করে আবার আদেশ জারি করা হয়। ইচ্ছামতো বদলি করা ও অর্থের বিনিময়ে তা স্থগিত করার এসব অভিযোগকে ‘ঢালাও’ বলে দাবি করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইব্রাহীম মিয়া। তিনি বলেন, ‘অনেক সময় পিয়ন, চৌকিদারেরা কোনো এলাকার পরিস্থিতি এমন ঘোলা করে ফেলে যে তাদের বদলি করা ছাড়া আর কোনো উপায় থাকে না।’ তা হলে বদলির আদেশ কেন আবার স্থগিত করা হয়, এ প্রশ্নের জবাবে ইব্রাহীম মিয়া বলেন, ‘বদলি করার পর স্থানীয় সাংসদ, ক্ষমতাসীন ব্যক্তিরা তাদের পক্ষে তদবির করেন। এ জন্য সেগুলো আবার স্থগিত করতে হয়।’ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্যও স্থানীয় সাংসদেরা তদবির করেন কি না, এ প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, ‘তাদের (কর্মচারী) ব্যাপক ক্ষমতা।’ এ ছাড়া বিধিবহির্ভূতভাবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া ও ইচ্ছামতো পদায়নের অভিযোগও রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে। নলকূপ মেকানিককে কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারীর অতিরিক্ত দায়িত্ব, ম্যাশনকে নলকূপ মেকানিকের ও শ্রমিককে নলকূপ মেকানিকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। অতিরিক্ত দায়িত্ব দেওয়া ও পদায়নের ক্ষমতা তত্ত্বাবধায়ক প্রকৌশলীর নেই। কিন্তু তিনি দাবি করেন, দীর্ঘদিন কাজ করে কেউ কেউ দক্ষতা অর্জন করলে তাঁদের পদোন্নতি দেওয়া হয়। এ এখতিয়ার তাঁর আছে।