দেড় বছরে এক হাজার ৬৬২ কোটি টাকার সুদ মওকুফ
২০০৯ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ২০ জুন পর্যন্ত গত দেড় বছরে কৃষিঋণসহ সরকারি মালিকানাধীন আটটি ব্যাংক থেকে এক হাজার ৬৬২ কোটি ৫১ লাখ ৮৯ হাজার টাকার সুদ মওকুফ করা হয়েছে। এ সময়ে মোট ৬৫ হাজার ৯২৫টি ঋণের ক্ষেত্রে সুদ মওকুফ করা হয়।জাতীয় সংসদে গতকাল রোববার প্রশ্নোত্তর পর্বে হাফিজ উদ্দিন আহম্মেদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন। প্রশ্নে থাকলেও যাঁদের ঋণের সুদ মওকুফ করা হয়েছে, তাঁদের পরিচয় জানাননি অর্থমন্ত্রী। বাজেট আলোচনার সুবিধার্থে প্রশ্নোত্তর পর্ব গতকালও টেবিলে উপস্থাপিত হয়। এর আগে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।অর্থমন্ত্রী জানান, মওকুফ করা সুদের মধ্যে সোনালী ব্যাংকে ৫৫৫ কোটি ৮৬ লাখ ছয় হাজার টাকা, জনতা ব্যাংকে ৫৮৬ কোটি ১২ লাখ ৫২ হাজার, অগ্রণী ব্যাংকে ৯৯ কোটি ৯১ লাখ ৩৩ হাজার, রূপালী ব্যাংকে ৯৬ কোটি ৮৭ লাখ ১৭ হাজার, কৃষি ব্যাংকে ৪২ কোটি ৮৩ লাখ ৭৩ হাজার, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৬৯ কোটি ২৩ লাখ ৬২ হাজার, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ১০ কোটি ১৯ লাখ ৮৮ হাজার এবং বেসিক ব্যাংকে এক কোটি ৪৭ লাখ ৫৮ হাজার টাকার সুদ মওকুফ করা হয়েছে।সাধনা হালদারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চারদলীয় জোট সরকার এবং তত্ত্বাবধায়ক সরকারের সাত বছরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে তিন হাজার ৬৪৪ কোটি ৮০ লাখ ৩৭ হাজার টাকার সুদ মওকুফ করা হয়েছে। এই ব্যাংকগুলোতে বকেয়া ঋণের পরিমাণ দুই লাখ ১৬ হাজার ২৪৩ কোটি ৮০ লাখ টাকা। ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত এই বিপুল পরিমাণ সুদ মওকুফ করা হয়েছে। এ সময়ে সুদ মওকুফ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংখ্যা ৬৫ হাজার ৯২৫। তবে মন্ত্রী সুদ মওকুফ করা গ্রহীতাদের পরিচয় জানাননি।অর্থমন্ত্রী বলেন, ওই সময়ে মওকুফ করা সুদের মধ্যে সোনালী ব্যাংকে ২১৫টি ঋণের ৯৮৭ কোটি ৯২ লাখ ৫৭ হাজার টাকা, জনতা ব্যাংকে ৬৫৫ কোটি ৭৮ লাখ ৬৮ হাজার, অগ্রণী ব্যাংকে ৯৪৬ কোটি ৬০ লাখ, রূপালী ব্যাংকে ১৮৩ কোটি ২৭ লাখ ২৯ হাজার, কৃষি ব্যাংকে ২৫৯ কোটি ৪২ লাখ ৭৯ হাজার, শিল্প ব্যাংকে ৩২৫ কোটি ৪৫ লাখ তিন হাজার, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ১৮ কোটি ৪৮ লাখ ২৬ হাজার, শিল্পঋণ সংস্থার ২৫৬ কোটি পাঁচ লাখ ৪৪ হাজার এবং বেসিক ব্যাংকের ১১ কোটি ৮০ লাখ ৩১ হাজার টাকা রয়েছে।জয়নাল আবেদীনের এক প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ বলেন, মুঠোফোন কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতা বজায় রাখার কারণে আপাতত কোম্পানিগুলোর কলরেট এক করার কোনো পরিকল্পনা সরকারের নেই।