দেড় বছরে ছয় হাজার সিম বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনে চাঁদাবাজি, ভয়ভীতি দেখানো ও অপহরণের হুমকি দেওয়াসহ বিভিন্ন অপরাধের ঘটনা নিয়ে গত দেড় বছরে র্যাব ও পুলিশের কাছে সাড়ে আট হাজারের বেশি অভিযোগ এসেছে। এসব অভিযোগ তদন্তের পর ছয় হাজারের বেশি মুঠোফোনের সিম বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ ও র্যাবের অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ফোন কোম্পানিগুলো এসব সিম বন্ধ করে দেয়।গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা এসব অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, ছিঁচকে অপরাধীরা বড় সন্ত্রাসীর নাম ব্যবহার করে মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে। এ নিয়ে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। ফোন-সন্ত্রাস প্রতিরোধে গোয়েন্দা পুলিশ, সিআইডি ও র্যাব বিশেষ সেল খুলেছে। সন্ত্রাসীদের হুমকির মুখে অনেকে গোপনে চাঁদার অর্থ পরিশোধ করে আপস করছেন বলেও তাঁরা জানিয়েছেন।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সূত্র জানায়, ফেব্রুয়ারি মাসে শুধু রাজধানীতেই মুঠোফোন-সন্ত্রাসের ঘটনায় ১৭৪ ব্যক্তি পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগকারীর তালিকায় অনেক পুলিশ কর্মকর্তা আছেন। সন্ত্রাসীরা তাঁদের ফোন করেও চাঁদা চেয়েছে।সূত্র জানায়, টেলিফোনে চাঁদাবাজি বেড়ে যাওয়ার পর আন্তমন্ত্রণালয় বৈঠকে মুঠোফোন-সন্ত্রাস রোধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। এর পর অভিযুক্ত ব্যক্তির সিম বন্ধ করতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গোয়েন্দা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলে। টেলিফোন সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকেও বিষয়টি জানিয়ে দেওয়া হয়। এর পরই মহানগর পুলিশের গোয়েন্দা শাখায় এ সংক্রান্ত বিশেষ সেল খোলা হয়। মহানগর পুলিশের কর্মকর্তারা জানান, সেল খোলার পর ২০০৮ সালের সেপ্টেম্বর মাস থেকে এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত দেড় বছরে বিভিন্ন অভিযোগে পুলিশ চার হাজার ১২৪টি এবং র্যাব দুই হাজার সিম বন্ধ করেছে। শুধু চাঁদাবাজির অভিযোগে সিম বন্ধ করা হয়েছে দুই হাজার ৪৮৪টি। হুমকির ঘটনায় বন্ধ করা হয় এক হাজার ৬৩৯টি সিম। সূত্র জানায়, বেশির ভাগ চাঁদাবাজির ঘটনা ঘটছে শীর্ষসন্ত্রাসী ডাকাত শহীদ, সুব্রত বাইন ও শাহাদতের নাম করে। বেশির ভাগ ক্ষেত্রে এসব ফোন করা হয় বিটিসিএলের ফোন বা দোকানের ফোন থেকে। আশরাফুল আলম নামে তৈরি পোশাক কারখানার এক মালিক জানান, ফোনে হুমকি দিয়ে এক সন্ত্রাসী তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে কারখানা বন্ধ করে দেওয়ার হুমকি দেয় ওই সন্ত্রাসী।একজন অতিরিক্ত সচিব বলেন, সুব্রত বাইনের নাম করে তাঁর কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা না দিলে তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরে পুলিশ কর্মকর্তারা তদন্ত করে দেখতে পান ময়মনসিংহ, মাদারীপুরের রাজৈর ও ঢাকার পল্লবী থেকে তাঁকে হুমকি দেওয়া হয়। হুমকি দেওয়া সিমটির সংযোগ বন্ধ করে দেওয়া হয়।