দেড় বছরে সাড়ে ৬ লাখ বাংলাদেশি শ্রমিক বিদেশে গেছেন: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চলতি বছরের মে পর্যন্ত গত প্রায় দেড় বছরে ছয় লাখ ৪১ হাজার ৬৭৫ জন বাংলাদেশি শ্রমিককে বিদেশে পাঠানো হয়েছে। একই সময়ে এক লাখ পাঁচ হাজার ৪৪৬ কোটি ৭১ লাখ টাকার প্রবাসী আয় দেশে এসেছে।প্রধানমন্ত্রী আজ বুধবার জাতীয় সংসদে পিরোজপুরের সাংসদ আনোয়ার হোসেনের এক প্রশ্নের জবাবে এ কথা জানান। বাজেট পাসের সুবিধার্থে প্রশ্নোত্তরপর্ব টেবিলে উপস্থাপিত হয়। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের প্রথম ১৮ মাসে লিবিয়া, ইরাক, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, কঙ্গো, আজারবাইজান, এঙ্গোলা, সিসিলি, পাপুয়া নিউগিনিসহ বেশ কয়েকটি দেশে নতুন শ্রমবাজার সৃষ্টি করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশি কর্মীদের জন্য ইউরোপ ও আফ্রিকার শ্রমবাজার সম্প্রসারণের প্রচেষ্টা সরকারের অব্যাহত রয়েছে।কুমিল্লার সাংসদ তাজুল ইসলামের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ঢাকাসহ দেশের অন্যান্য শহর ও এলাকা ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে। সে জন্য ভূমিকম্প-পরবর্তী উদ্ধার পরিচালনার জন্য সরকার কার্যক্রম গ্রহণ করেছে।সাংসদ মেহের আফরোজের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, চারদলীয় জোট সরকারের সময় সন্ত্রাসী হামলায় ১৪ জন সাংবাদিক নিহত হয়েছেন এবং সাংবাদিকদের ওপর হামলা ও পুলিশি হয়রানির ঘটনা ঘটেছে ৩৮৪টি।