মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের বিচারের জন্য গত বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়। এর পর থেকে এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু দেড় বছরেও আনুষ্ঠানিক বিচার শুরু করা যায়নি। আইনমন্ত্রী গত জুনে গণমাধ্যমকে বলেছিলেন, মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক বিচার জুলাই মাসে শুরু হবে। এরপর তিন মাস পার হয়ে গেছে, কিন্তু এখনো আনুষ্ঠানিক বিচার শুরু হয়নি। কবে নাগাদ শুরু হবে, সেটাও নির্দিষ্ট করে সংশ্লিষ্ট কেউ বলছেন না। আইনমন্ত্রী নিজেও এখন আর এ নিয়ে মন্তব্য করতে রাজি নন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শুক্রবার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী ও উপদেষ্টা পরিষদের যৌথ সভার শুরুতে বলেছেন, দেশের শান্তি ও গণতন্ত্রের স্বার্থে মানবতাবিরোধী অপরাধের বিচার হবেই।রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু প্রথম আলোকে বলেছেন, ৪০ বছর আগের অপরাধের বিচার-প্রক্রিয়া চলছে। অনেক পরিস্থিতিরই সৃষ্টি হয়, যখন রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের কিছু করার থাকে না।একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবিরের মতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের বেশির ভাগ কৌঁসুলির মানবতাবিরোধী অপরাধের বিচার সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই। অনেকে এর গুরুত্ব উপলব্ধি করতে পারছেন না। তিনি বলেন, এই বিচার নিয়ে হয়তো সরকার আন্তরিক। কিন্তু এত সীমিত রসদ, তহবিল ও প্রযুক্তিগত সামর্থ্য নিয়ে ২০১৩ সালের মধ্যে মানসম্পন্ন বিচার শেষ করা যাবে কি না, এ নিয়ে তাঁর সন্দেহ আছে।এ পর্যন্ত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী কারাগারে আছেন। বিএনপির আরেক নেতা আবদুল আলীমকে অসুস্থতার কারণে জামিন দেওয়া হয়।এর মধ্যে সাঈদীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু এখনো অভিযোগ গঠন হয়নি। বাকিদের বিরুদ্ধে এখনো তদন্ত শেষ হয়নি।তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান গতকাল প্রথম আলোকে বলেন, নিজামীসহ জামায়াতের চার নেতা ও সাকা চৌধুরীর বিষয়ে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের ধার্য তারিখে দেওয়া হবে। নতুন করে আর সময় চাওয়া হবে না।বর্তমান সরকারের মেয়াদের বাকি সময়ের মধ্যে তদন্ত ও বিচার শেষ হবে কি না—এ প্রশ্নের জবাবে আবদুল হান্নান খান বলেন, ‘কোনো সরকার কোনো আইন নির্দিষ্ট দল বা সময়ের জন্য করে না। সরকার কত দিন থাকবে না-থাকবে, সেটা দেখার বিষয় নয়। তদন্ত সংস্থা পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করছে। স্বল্পতম সময়ে তদন্ত শেষ করা হবে।’গত ১৯ জুন মানবতাবিরোধী অপরাধের বিচারবিষয়ক স্টিয়ারিং কমিটির সভা শেষে আইনমন্ত্রী শফিক আহমেদ গণমাধ্যমকে বলেছিলেন, ‘আগামী মাসে (জুলাই) আনুষ্ঠানিকভাবে দুজনের বিচার শুরু হবে। অন্য যাঁরা আটক আছেন, তাঁদের বিচার আগস্টে শুরু করা যাবে।’আইনমন্ত্রীর এ বক্তব্যের তিন মাস পরও সেই ‘আগামী মাস’ আর আসেনি। গত বৃহস্পতিবার এ নিয়ে জানতে চাইলে আইনমন্ত্রী শফিক আহমেদ কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি প্রথম আলোকে বলেন, এ নিয়ে মন্তব্য করলে আসামিপক্ষ বলবে, সরকার মানবতাবিরোধী অপরাধের বিচারে হস্তক্ষেপ করছে। অবশ্য স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামও গত ৯ এপ্রিল এক সমাবেশে বলেছিলেন, খুব শিগগির মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ করে বিচার শুরু হবে।এর আগে গত বছরের ২৪ ডিসেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বঙ্গজ চিকি ৎসা পরিবার আয়োজিত এক অনুষ্ঠানে বলেছিলেন, এক-দুই মাসের মধ্যে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের আনুষ্ঠানিক বিচার শুরু হবে।এখনো প্রাক-বিচার পর্ব: মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে সাঈদীর বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক অভিযোগ দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ গঠনের বিষয়ে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। আসামিপক্ষের শুনানির জন্য ২০ সেপ্টেম্বর দিন ধার্য আছে। জামায়াতের বাকি চার শীর্ষ নেতার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য ১ নভেম্বর দিন ধার্য রয়েছে। তাঁদের বিরুদ্ধে এক বছরের বেশি সময় ধরে তদন্ত চলছে। আর সাকা চৌধুরীর ব্যাপারে তদন্ত প্রতিবেদন জমা দিতে ট্রাইব্যুনালের ধার্য তারিখ ৪ অক্টোবর।তদন্ত সংস্থার কর্মকর্তা ও রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা বলছেন, এ বছর শুধু সাঈদীর আনুষ্ঠানিক বিচার শুরু হতে পারে। বাকিদের বিচার শুরু হতে এ বছর পার হয়ে যেতে পারে।কেন এই দেরি: গত বছরের ২৯ জুন সাঈদীকে অন্য মামলায় গ্রেপ্তার করে পুলিশ। ওই বছরের ২ আগস্ট তাঁকে মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার দেখানো হয়। তদন্ত সংস্থা গত ৩০ মে সাঈদীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এ তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে ৪২ দিন পর গত ১১ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা। অভিযোগ দাখিলের পর আরও দুই মাস পার হয়ে গেছে। কিন্তু সাঈদীর বিরুদ্ধে এখনো অভিযোগ গঠন হয়নি।এ সময়ের মধ্যে ট্রাইব্যুনাল অভিযোগের বিষয়ে শুনানির দিন কয়েক দফা নির্ধারণ করেছে। প্রথম আলোর পক্ষ থেকে এই দেরির কারণ জানতে চাইলে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ একে অন্যকে দোষারোপ করে বক্তব্য দেয়। রাষ্ট্রপক্ষ বলছে, সাঈদীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর থেকে আসামিপক্ষ শুনানির তারিখ পেছানোর জন্য নানা ধরনের অজুহাত দাঁড় করাচ্ছে। আর আসামিপক্ষ বলছে, রাষ্ট্রপক্ষ সময়মতো মামলার কাগজপত্র ও দলিলাদি সরবরাহ না করায় আসামিপক্ষ শুনানির জন্য প্রস্তুতি নিতে পারেনি।রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু বলেন, ‘আমাদের দৃঢ় বিশ্বাস, সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন হবেই। তদন্তে তাঁর (সাঈদী) বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অসংখ্য প্রমাণ পাওয়া গেছে। এ জন্য আসামিপক্ষ ইচ্ছাকৃতভাবে নানা অজুহাত দেখিয়ে বিচার-প্রক্রিয়া দীর্ঘায়িত করার চেষ্টা করছে।’সাঈদীসহ জামায়াতের পাঁচ নেতার আইনজীবী তাজুল ইসলাম বলেন, ‘রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা ৪০০ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগের যে অনুলিপি সরবরাহ করেছিল, এর মধ্যে ৯৭ পৃষ্ঠা পড়া যাচ্ছিল না। ট্রাইব্যুনালের আদেশে ওই ৯৭ পৃষ্ঠার অনুলিপি আবার দেওয়া হলেও তার ৭২টি পৃষ্ঠা পাঠযোগ্য নয়। শুনানির আরেক তারিখে রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালে সাক্ষীর তালিকার অনুলিপি দিতে ব্যর্থ হওয়ায় শুনানি মুলতবি করতে হয়েছে।’ তাঁর দাবি, রাষ্ট্রপক্ষের গাফিলতির কারণে শুনানির জন্য প্রস্তুতি নেওয়া যায়নি।