দেড় বছরের মধ্যে দেশে সর্বোচ্চ মূল্যস্ফীতির চাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল্যস্ফীতির চাপ আরও বেড়েছে। চালসহ খাদ্যপণ্যের দাম বাড়ার প্রভাবে মূল্যস্ফীতির হার সাড়ে আট শতাংশ ছাড়িয়ে গেছে। একই সঙ্গে খাদ্যবহির্ভূত পণ্যের দাম বাড়ায় এর প্রভাব পড়েছে মূল্যস্ফীতিতে।ব্যাংকে এখন বিপুল পরিমাণ উদ্বৃত্ত তারল্য পড়ে আছে, বিনিয়োগ হচ্ছে না। প্রবাসী-আয় রেকর্ড পরিমাণ বেড়ে বৈদেশিক মুদ্রার মজুদ বাড়িয়ে দিচ্ছে। প্রবাসী-আয় যা এসেছে সেই পরিমাণ অর্থ বাজারে চলে এসেছে। এসব অর্থও বাড়িয়ে দিচ্ছে মূল্যস্ফীতির চাপ।আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) গত সপ্তাহে একটি প্রতিবেদনে সতর্ক করে দিয়ে বলেছে, পড়ে থাকা বিপুল পরিমাণ উদ্বৃত্ত তারল্য মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে। এমনিতে সাধারণভাবে আইএমএফের মত হচ্ছে, মূল্যস্ফীতি আট শতাংশ ছাড়িয়ে গেলে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। কেননা, এর ফলে নির্ধারিত আয়ের এবং দরিদ্র মানুষেরা বেশি ক্ষতিগ্রস্ত হয়। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা বিভাগের প্রধান উত্তম দেব বলেন, বোরোর ভালো উত্পাদন নিশ্চিত করা ছাড়া মূল্যস্ফীতির চাপ কমানো যাবে না। কেননা, আমদানি করে চালের দাম কমানো সম্ভব হবে না। ভরসা করতে হবে অভ্যন্তরীণ উত্পাদনের ওপরই। এদিকেই সরকারকে মনোযোগ দিতে হবে। আর তা না হলে পরিস্থিতি আরও জটিল হবে।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো গতকাল বোরবার গত ডিসেম্বর মাসের মূল্যস্ফীতির হিসাব প্রকাশ করেছে। এ সময় মূল্যস্ফীতির হার বেড়ে হয়েছে আট দশমিক ৫১ শতাংশ। নভেম্বরে এই হার ছিল সাত দশমিক ২৪ শতাংশ। গত ১৫ মাসের মধ্যে মূল্যস্ফীতির এই হার সর্বোচ্চ। এর অর্থ হচ্ছে দেশের মানুষকে আগে যে পণ্য কিনতে ১০০ টাকা ব্যয় হতো, ডিসেম্বরে সেই একই পণ্য কিনতে ব্যয় করতে হবে ১০৮ টাকা ৫১ পয়সা।পরিসংখ্যান অনুযায়ী, ডিসেম্বরে খাদ্য সূচকে মূল্যস্ফীতি হয়েছে সাড়ে ৯ শতাংশ এবং খাদ্য বহির্ভূত সূচকে ৭ দশমিক ০৪ শতাংশ। এ সময়ে গ্রামের তুলনায় আবার শহরে মূল্যস্ফীতির হার ছিল বেশি। গ্রামে এই হার ৮ দশমিক ২৭ শতাংশ এবং শহরে ৯ দশমিক ১০ শতাংশ।অর্থমন্ত্রী এ এম এ মুহিত বলেন, চলতি অর্থবছরের বাজেটে এবারে মূল্যস্ফীতির হার ৭ শতাংশ থেকে সাড়ে ৬ শতাংশে নেমে আসবে। কিন্তু বর্তমান বাজার পরিস্থিতিতে লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলেই মনে হচ্ছে।আওয়ামী লীগ সরকার নির্বাচনী ইশতেহারে পাঁচটি প্রধান অগ্রাধিকারের কথা বলেছিল। এর মধ্যে প্রথম ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। ইশতেহার অনুযায়ী, ‘দ্রব্যমূল্যের দুঃসহ চাপ প্রশমনের লক্ষ্যে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে স্থিতিশীল রাখার ব্যবস্থা করা হবে। দেশজ উত্পাদন বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সময়মতো আমদানির সুবন্দোবস্ত, বাজার পর্যবেক্ষণসহ বহুমুখী ব্যবস্থা গ্রহণ করা হবে। মজুতদারি ও মুনাফাখোরি সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে, চাঁদাবাজি বন্ধ করা হবে। ভোক্তাদের স্বার্থে ভোগ্যপণ্য মূল্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গড়ে তোলা হবে। সর্বোপরি সরবরাহ ও চাহিদার ভারসাম্য সৃষ্টি করে দ্রব্যমূল্য কমানো হবে ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা হবে।’লক্ষ্য থাকলেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে খুব একটা সফলতা নেই বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন। বিশেষ করে গত কয়েক মাসে চাল, ডাল, ভোজ্যতেল, চিনি, আলু, পেঁয়াজ ও রসুনের দর স্থিতিশীল থাকেনি। সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে গত এক বছরে সরু চালের দাম বেড়েছে প্রায় ১৮ শতাংশ, মাঝারি মানের চালের দর বেড়েছে প্রায় ১৯ শতাংশ এবং গরিবের মোটা চালের দাম বেড়েছে প্রায় সাড়ে ১৭ শতাংশ। ভোজ্য তেলের মধ্যে সয়াবিনের দাম বেড়েছে ১০ শতাংশ এবং পামতেলের ২০ শতাংশ, মসুরের ডালের দাম বৃদ্ধির হার সাড়ে ৩ শতাংশ, রসুনের দর বেড়েছে ২৩০ শতাংশ। তবে আলু ও পেঁয়াজের দাম বাড়লেও কেবল এই দুটি পণ্যের দাম কমেছে।বাজারের এই পরিস্থিতির প্রভাব পড়েছে মূল্যস্ফীতির হিসেবে। ফলে কয়েক মাস ধরে ক্রমাগতভাবে বেড়েছে মূল্যস্ফীতির হার। আর তাতে বিপাকে পড়ে আছে নির্ধারিত ও সীমিত আয়ের সাধারণ মানুষ।