দেড় বছরের মধ্যে পদ্মা সেতুর কাজ শুরু হবে
আগামী দেড় বছরের মধ্যে পদ্মা সেতুর কাজ শুরু হবে বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শক্রবার দুপুরে যশোর সার্কিট হাউস মিলনায়তনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে যোগাযোগমন্ত্রী এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, বর্তমানে নতুন করে কোনো কিছু করার স্বপ্ন দেখছি না। জনগণের সামনে এমন কোনো ওয়াদা করব না, যেটা এ সময়ের মধ্যে পূরণ করা অসম্ভব। বর্তমানে যেসব কাজ চলছে সেটা সম্পন্ন করাই এখন প্রধান লক্ষ্য। সে লক্ষ্যে ভাঙাচোরা রাস্তা আর সেতু মেরামত করে জনগণের দুর্ভোগ কমিয়ে জনজীবনে একটু স্বস্তি আনতে কাজ করা হচ্ছে।দলীয় কোন্দল মিটিয়ে ফেলার আহ্বান জানিয়ে নেতা-কর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘সরকারের দশটি ভালো কাজ আপনাদের একটি মন্দ কাজের জন্য ম্লান হয়ে যেতে পারে। সে জন্য আপনারা আচরণ পরিবর্তন করুন। মানুষের সাথে ভালো ব্যবহার করুন। কোনো ব্যক্তিবিশেষের পক্ষে স্লোগান নয়, সাধারণ মানুষের অন্তরে স্থান নেবার চেষ্টা করুন। যশোর-খুলনা অঞ্চলে রাস্তার অনেক কাজ হচ্ছে। আপনারা আমাকে সহায়তা করলে আগামী ছয় মাসের মধ্যে এই প্রস্তুতিমূলক কাজের কিছুটা দৃশ্যমান হবে। আর বছরখানেক পরে আপনাদের দেখাতে পারব পরিবর্তনের ছবি। কিন্তু আপনারা যদি সেই রাস্তার ওপর অস্ত্র-লাঠি হাতে পরস্পরের বিরুদ্ধে সংঘর্ষে নামেন—তাহলে সব অর্জনই বিফলে যাবে।’ এ সময় যশোর-৩ (সদর) আসনের সাংসদ খালেদুর রহমান, যোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি মুজিবুর রহমান, যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা, যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার প্রমুখ।এর আগে যোগাযোগমন্ত্রী আজ বেলা একটার দিকে সড়কপথে যশোরে আসেন।