দেড় মাস পর ক্লাসে ফিরছেন শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দেড় মাস পর ক্লাসে ফিরছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। ২৩ জুন থেকে (রোববার) সব বিভাগের ক্লাস শুরু হবে। তবে পরীক্ষা স্থগিত থাকবে বলে জানা গেছে। আজ শুক্রবার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন প্রথম আলো ডটকমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।মো. ফারুক হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে শিক্ষক সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ আলমগীর শিক্ষক সমিতির ন্যায়সংগত কিছু দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। এ কারণে শিক্ষক সমিতি ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। ফারুক হোসেন বলেন, ‘ক্লাস শুরু হলেও সব ধরনের পরীক্ষা স্থগিত থাকবে। এ ছাড়া ২৩ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত আমরা উপাচার্যের ভবনের সামনে প্রতিদিন ১০ মিনিট করে অবস্থান ধর্মঘট করব।’ উপাচার্য মুহাম্মদ আলমগীর প্রথম আলো ডটকমকে বলেন, ‘ক্লাস শুরু করার ব্যাপারে আজ শিক্ষক সমিতি আমাকে একটি প্রস্তাব (রেজুলেশন) দিয়েছে। তবে পরীক্ষার ব্যাপারে এখনো কোনো কথা হয়নি।’কিছু উচ্ছৃঙ্খল ছাত্রের হাতে শিক্ষক লাঞ্ছিত, অপমানিত এবং ব্লগে ও সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে অসামাজিক মন্তব্যের প্রতিবাদে গত ৬ মে ক্লাস ও পরীক্ষা বর্জন করে কর্মবিরতি পালন করে আসছিলেন শিক্ষকেরা।