দেড় মাসের মধ্যে ফল প্রকাশ, জরিমানা পাঁচ গুণ বৃদ্ধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার ফলাফল প্রকাশে বিলম্ব ঠেকাতে নীতিমালা সংস্কার করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে যথাসময়ে খাতা জমা দিতে না পারলে শিক্ষকদের জরিমানার পরিমাণ পাঁচ গুণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। জরিমানার এ টাকা শিক্ষকদের বেতন থেকে কেটে নেওয়া হবে। সমাপনী পরীক্ষা শুরু হওয়ার আগেই ইনকোর্স ও মিডটার্ম পরীক্ষার ফলাফল পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে হবে। কোর্সের তত্ত্বীয় ও ব্যবহারিক পরীক্ষা শেষের ছয় সপ্তাহের মধ্যে ফল প্রকাশ করতে হবে। আগে এ সময় তিন মাস ছিল। কোনো শিক্ষক যথাসময়ে উত্তরপত্র মূল্যায়নে ব্যর্থ হলে প্রতিদিনের বিলম্বের জন্য ৫০ টাকা করে জরিমানা দেবেন। আগে এ জরিমানা ছিল মাত্র ১০ টাকা।গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটিতে এ নীতিমালা অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। সভায় ন্যূনতম সময়ের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশে করণীয় শীর্ষক একটি প্রতিবেদন উত্থাপন করেন সহ-উপাচার্য হারুন-অর-রশিদ। প্রতিবেদনের সুপারিশগুলো সর্বসম্মতিক্রমে পরীক্ষাসংক্রান্ত নীতিমালায় সন্নিবেশিত করার সিদ্ধান্ত নেন সব অনুষদের ডিনরা। আগামী ৭ আগস্ট একাডেমিক কাউন্সিলের সভায় এটি চূড়ান্ত করা হবে। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ফলাফল প্রকাশে বিলম্ব ঠেকাতে এ উদ্যোগ জরুরি ছিল। এখন নীতিমালা মানলে বিশ্ববিদ্যালয়ের সেশনজট কমবে। সেশনজট কমলে বিশ্ববিদ্যালয়ের অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে।’ প্রতিবেদনের প্রস্তাবনায় বলা হয়েছে, ১০টি অনুষদের কোনোটিতেই শিক্ষা কার্যক্রম যথাসময়ে হচ্ছে না। বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলো গড়ে আড়াই বছর পিছিয়ে আছে। সেখানে ২০০৮-০৯ শিক্ষাবর্ষের ফল ২০১১ সালে প্রকাশ করা হচ্ছে। সেমিস্টার সিস্টেম প্রবর্তনের পর সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বেশির ভাগ বিভাগ ফল প্রকাশে সন্তোষজনক সাফল্য দেখালেও কলা অনুষদের বেশ কয়েকটি বিভাগ ঠিক সময়ে পাঠদান শেষ ও ফল প্রকাশ করতে ব্যর্থ হচ্ছে। ওই অনুষদের পালি ও বুড্ডিস্ট স্টাডিজ বিভাগে একটি সেমিস্টারের ফল প্রকাশে ১৩ মাস সময় নেওয়া হয়েছে। বাণিজ্য অনুষদ শিক্ষা কোর্স শেষ করার ক্ষেত্রে এগিয়ে থাকলেও ফল প্রকাশে তারাও পিছিয়ে। ফল প্রকাশে বিলম্বের কারণ: প্রতিবেদনে ফল প্রকাশে বিলম্বের কারণ হিসেবে শিক্ষকদের গাফিলতিকেই দায়ী করা হয়েছে। শিক্ষকেরা মূল্যায়নের জন্য উত্তরপত্র গ্রহণ এবং মূল্যায়ন শেষে তা জমা দেওয়া—উভয় ক্ষেত্রেই দেরি করেন। মাত্র ১১টি উত্তরপত্র মূল্যায়নে ৮৮ দিন বিলম্বের নজিরও রয়েছে। এ বিলম্বের জন্য প্রতিটি বিভাগে দু-চারজন শিক্ষক দায়ী, সবাই নন। শিক্ষকদের অবহেলার পাশাপাশি বাণিজ্য অনুষদে ইন্টার্নশিপ পদ্ধতি, বিজ্ঞানভুক্ত বিভাগগুলোতে মাস্টার্স থিসিস, বাইরে থেকে দ্বিতীয় পরীক্ষক নিযুক্তি ও খসড়া ফলাফল তালিকা (টেবুলেশন শিট) পেতে দেরি হওয়াকেও ফল প্রকাশে বিলম্বের কারণ বলে সহ-উপাচার্যের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া বিভাগ, পরীক্ষা কমিটি, অনুষদ, পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর—কোথাও ফল প্রকাশ কার্যক্রম পর্যবেক্ষণের ব্যবস্থা নেই। পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে মাঝেমধ্যে পরীক্ষকদের নামমাত্র তাগাদা দেওয়া হয়।প্রতিবেদনে বলা হয়, পরীক্ষার ফলাফল ন্যূনতম সময়ের মধ্যে প্রকাশের বিষয়ে শিক্ষার্থীদের অবস্থান প্রায় অভিন্ন। তাঁদের পক্ষ থেকে পরীক্ষা পেছানোর দাবি বলতে গেলে আর নেই। উল্টো বিসিএস পরীক্ষা, চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ইত্যাদি তুলে ধরে পরীক্ষার সূচি এগিয়ে আনা ও দ্রুত ফল প্রকাশের দবি করে আসছেন। এটি খুবই আশার কথা।নতুন নিয়মাবলি: সমস্যা সমাধানে প্রতিবেদনটিতে ১৬টি সুপারিশ করা হয়েছে। এতে বলা হয়, কত নম্বরের (ক্রেডিট) পরীক্ষা হচ্ছে, তা ঠিক করে একজন শিক্ষককে উত্তরপত্র মূল্যায়নের সময় নির্ধারণ করে দেওয়া হবে। একজন পরীক্ষক দিনে গড়ে ৩ ও ৪ ক্রেডিটের ছয়টি এবং ২ ক্রেডিটের ১০টি করে উত্তরপত্র মূল্যায়ন করবেন। পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় থেকে পরীক্ষককে এ জন্য সময় বেঁধে দেওয়া হবে। কোনো শিক্ষক যথাসময়ে উত্তরপত্র মূল্যায়নে ব্যর্থ হলে প্রতিদিনের বিলম্বের জন্য ৫০ টাকা করে জরিমানা দেবেন। তাঁদের বেতন থেকে এ টাকা কেটে নেওয়া হবে। আগে এ জরিমানা ছিল মাত্র ১০ টাকা।প্রস্তাবে বলা হয়, এখন থেকে পরীক্ষা শেষে উত্তরপত্র সমান ভাগ করে পরীক্ষকদের মধ্যে বিতরণ করা হবে এবং পরীক্ষার হল থেকেই তাঁরা উত্তরপত্র নিয়ে যাবেন। পরীক্ষকদের কেউ কোনো কারণে পরীক্ষা হলে অনুপস্থিত থাকলে তা পরীক্ষা কমিটির সভাপতিকে অবহিত করবেন এবং পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর লোক মারফত ওই দিনই সংশ্লিষ্ট শিক্ষকের বাসায় খাতা পাঠাবে।উত্তরপত্র মূল্যায়নের বিষয়ে বলা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তরপত্র মূল্যায়ন শেষে পরীক্ষকেরা নিজেদের মধ্যে উত্তরপত্র বিনিময় করবেন। উত্তরপত্র মূল্যায়ন শেষে নম্বরসহ পরীক্ষা কমিটির চেয়ারম্যানের কাছে জমা দেবেন। নম্বরপত্রের একটি অনুলিপি ও উত্তরপত্র পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠাতে হবে।যথাসময়ে পরীক্ষকেরা যেন উত্তরপত্র জমা দেন, সে জন্য পরীক্ষা কমিটি সরাসরি নজর রাখবে। ফল যাতে যথাসময়ে প্রকাশিত হয়, সে বিষয়ে সার্বিক তত্ত্বাবধান করবেন অনুষদের ডিন। এ জন্য প্রতি মাসে অন্তত একবার তিনি বিভাগের চেয়ারম্যানদের সঙ্গে পর্যালোচনা সভা করবেন। ফল যথাসময়ে প্রকাশের বিষয়টি সার্বিকভাবে তত্ত্বাবধান ও এ-সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন সহ-উপাচার্য। ক্লাস ও পরীক্ষা নেওয়ার সঠিক ব্যবস্থা নিশ্চিত না করে সেমিস্টার চলাকালে কোনো শিক্ষক ছুটিতে যেতে পারবেন না। এ বিষয়টি বিভাগের চেয়ারম্যানকে নিশ্চিত করতে হবে। প্রতি ক্লাসে সর্বোচ্চ ১০০ জন ছাত্র থাকবে। এর চেয়ে বেশি হলে দুটি সেকশন করতে হবে। তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার ১০ দিনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নিতে হবে। শেষ কোর্সের তত্ত্বীয় পরীক্ষা ও সব ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ার ছয় সপ্তাহের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। তা না করতে পারলে এর দায়-দায়িত্ব পরীক্ষা কমিটির সদস্যদের নিতে হবে। প্রস্তাবে বাণিজ্য অনুষদের বিবিএ ও এমবিএর ইন্টার্নশিপসহ সার্বিক কার্যক্রম এবং ফলাফল প্রকাশের জন্য মোট ছয় মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন-অর-রশিদ প্রথম আলোকে বলেন, ‘যথাসময়ে কীভাবে ফল প্রকাশ করা যায় তা নিয়ে সব বিভাগের চেয়ারম্যান, অনুষদের ডিন, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালকসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে এ সুপারিশ পেশ করা হয়েছে। একাডেমিক কাউন্সিলে এটি চূড়ান্ত করা হবে। এর ফলে বিশ্ববিদ্যালয়ে ফল প্রকাশে আর বিলম্ব হবে না বলে আমরা আশা করি।’