দেড় লক্ষাধিক আশ্রয়প্রার্থীকে যুক্তরাজ্যে থাকার অনুমতি দেওয়া হচ্ছে
নিজ দেশে যেসব নাগরিকের জীবন সংকটাপূর্ণ এমন এক লাখ ৬১ হাজার আশ্রয়প্রার্থীকে (এসাইলাম) স্থায়ীভাবে যুক্তরাজ্যে থাকার অনুমতি দেওয়া হচ্ছে। দেশটির অভিবাসন কর্তৃপক্ষ তাঁদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করে এ সিদ্ধান্ত নিয়েছে।দেশটিতে আশ্রয়ের আবেদন করে ২০০৬ সাল থেকে প্রায় চার লাখ আবেদনপত্র জমা পড়ে। তবে আশ্রয়প্রার্থীদের ৪০ শতাংশ স্থায়ীভাবে যুক্তরাজ্যে থাকার অনুমতি পায়। মোট আবেদনের মধ্যে ৩৮ হাজার আবেদনপত্র বাতিল করা হয়েছে। দুই লাখ ৫৫০ জন আবেদনকারীকে শনাক্ত করা যাচ্ছে না, এঁদের মধ্যে ৪০ হাজার ৫০০ জন আবেদনকারীর কেউ হয়তো যুক্তরাজ্যে নেই অথবা মারা গেছেন।যদিও অভিবাসনমন্ত্রী ডেমিয়ান গ্রিন বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, এটি সাধারণ ক্ষমা নয়, অভিবাসন প্রক্রিয়ার কারণেই এই আশ্রয়প্রার্থীরা (এসাইলাম) স্থায়ীভাবে ব্রিটেনে থাকার অনুমতি পাচ্ছেন। তিনি অবশ্য স্বীকার করেছেন, এঁদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করা দীর্ঘমেয়াদি কোনো সমাধান নয়। তবে যেসব আবেদনকারী প্রায় ১০-১২ বছর আগে আবেদন করেছেন এবং ইতিমধ্যে তাঁদের সন্তান হয়েছে, এ শিশু-কিশোরদের কোনোভাবেই যুক্তরাজ্য থেকে বিতাড়ন করতে পারবে না। তাই সবকিছু বিবেচনা করেই সাধারণ ক্ষমার বিষয়টি ভাবা হয়েছে। তবে যেসব আশ্রয়প্রার্থী যুক্তরাজ্যের জন্য হুমকিস্বরূপ, তাঁদের ব্যাপারে সরকার সতর্ক রয়েছে বলে তিনি জানান। প্রসঙ্গত, গত বছর প্রায় পাঁচ হাজার বিদেশি বন্দীকে দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষ।