দেড় শ দোকান বিক্রি করে ২০ কোটি টাকা তুলে নেন রানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানা প্লাজার নিচতলা আর দোতলা মিলিয়ে ২০০টি দোকান ছিল, যার বেশির ভাগই বিক্রি করে দিয়েছিলেন মালিক সোহেল রানা। ওই ভবনে দোকান কিনেছেন এমন ব্যবসায়ীরা জানান, স্থানভেদে ১২৬ বর্গফুটের একেকটি দোকান বিক্রি করা হয়েছিল ১০ থেকে ১৭ লাখ টাকায়। সব মিলিয়ে প্রায় ২০ কোটি টাকা তুলে নেন রানা। মার্কেটে রানার নিজেরও ১২টি চালু দোকান ছিল। ভবনের নিচতলার ৬৬ নম্বর (১২৬ বর্গফুট) দোকানটি মাহাবুবুর রহমান কিনেছিলেন ১৩ লাখ টাকা দিয়ে। প্রথমে দুই লাখ টাকা নগদ দিয়ে পরে কয়েক কিস্তিতে ১৩ লাখ টাকা শোধ করেন বলে জানান তিনি। তবে দোকানটি এখনো তাঁকে রেজিস্ট্রি করে দেননি সোহেল রানা। কেন পুরো টাকা পরিশোধের পরও রেজিস্ট্রি হয়নি, জানতে চাইলে মাহাবুব বলেন, ব্যবসায়ীদের কাছে রেজিস্ট্রেশন বাবদ অতিরিক্ত দুই লাখ টাকা করে চাওয়া হয়েছিল। এ কারণে তিনিসহ অনেক ব্যবসায়ী দোকান রেজিস্ট্রি করতে পারেননি।মাহাবুব বলেন, পাশেই একটি বিপণিবিতানে তাঁর দোকান ছিল। সেখানে ১০ হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন তিনি। দোকানের ক্রেতারা জানান, নিচতলায় ১৪টি কম্পিউটারের দোকান ছিল। সাভারের বিভিন্ন জায়গায় যেসব কম্পিউটারের দোকান ছিল, সেগুলোর মালিকেরা সিদ্ধান্ত নিয়ে এই মার্কেটে চলে আসতে চাইছিলেন। তাই নিচতলায় একটি কম্পিউটার মার্কেট গড়ে তোলার পরিকল্পনা ছিল তাঁদের। এই ব্যবসায়ীরা জানান, ভবনের প্রতিটি তলার আয়তন ২২ হাজার বর্গফুট। নিচতলার সামনের দিকের দোকানগুলো বিক্রি হয়েছে প্রতি বর্গফুট সাড়ে ১৩ হাজার টাকায়, মাঝেরগুলো প্রতি বর্গফুট সাড়ে ১০ হাজারে আর পেছনেরগুলোর দাম ছিল প্রতি বর্গফুট সাড়ে আট হাজার টাকা।এই ভবনের দোকান-মালিকেরা গতকাল শনিবার স্থানীয় সিটি সেন্টারের সামনে ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছেন। আজ রোববার তাঁরা আবারও মানববন্ধন করবেন। মানববন্ধনে ১০৯টি দোকানের মালিক ও প্রতিনিধিরা অংশ নেন। তাঁরা জানান, মার্কেটের ২০০ দোকানের মধ্যে ১৪৮টি চালু ছিল।নিচতলায় ৬১ নম্বর দোকানের মালিক মেহেদি হাসান বলেন, ৫০ হাজার টাকা আগাম আর মাসে তিন হাজার টাকায় তিনি দোকানটি ভাড়া নেন। শীতাপতনিয়ন্ত্রণ (এসি), জেনারেটরসহ অন্যান্য সার্ভিস চার্জ বাবদ মাসে আরও চার হাজার টাকা দিতে হতো। দোকানে ১০ লাখ টাকার মালামাল ছিল।আরেকটি দোকান-মালিক আবুল কালাম আজাদ দাবি করেন, ভবনের ফাটলের বিষয়ে মার্কেটের ব্যবসায়ীদের কিছুই জানানো হয়নি। ব্যবসায়ীরা জানান, যেদিন (মঙ্গলবার) ভবনে ফাটল দেখা গিয়েছিল, সেদিন মার্কেট খোলা ছিল। পৌরসভার চেয়ারম্যান রেফায়েতউল্লাহ মার্কেটের ফাটল দেখে গেলেও ব্যবসায়ীদের কিছু জানাননি। ব্যবসায়ীরা জানান, সাধারণত সকাল সাড়ে ১০টার দিকে দোকান খোলেন তাঁরা। কিন্তু বুধবার সকাল সাড়ে নয়টার দিকে ভেঙে পড়ে ভবনটি। তখনো দোকানগুলো খোলা হয়নি বলে ব্যবসায়ীরা প্রাণে বেঁচে গেছেন। কিন্তু প্রাণে বাঁচলেও এখন তাঁদের ভাতে মরতে হবে বলে জানান তাঁরা।