দেড় শ ফুচকা হজম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুচকা খেতে গিয়েই পরিচয় হয় মম ও সজলের। ভালো না লাগলেও মমের জন্য নিয়মিত ফুচকা খান সজল। ধীরে ধীরে তাঁদের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়। কিন্তু বিয়ের তিন দিন পরই মমের সবকিছু ওলটপালট হয়ে যায়। ফুচকা খেতে গিয়ে একদিন যে সম্পর্কের শুরু হয়েছিল, ফুচকার মাধ্যমেই তা মোড় নেয় অন্যদিকে।এ তো গেল ফুচকা নাটকের গল্প। এবার হবে শুটিংয়ের গল্প। অভিনয়ের জন্য শিল্পীরা কত কিছুই না করেন। শনিবার এক ঘণ্টার এই নাটকের শুটিং করতে গিয়ে সারা দিনে প্রায় দেড় শ ফুচকা হজম করতে হয়েছে মমকে। মম বললেন, ‘ওই দিন শুটিং করেছি সজল আর আমি। সজলের জন্য বরাদ্দ ছিল মাত্র তিন প্লেট, আর আমার জন্য ১৬ প্লেট, তাতে ছিল প্রায় দেড় শ ফুচকা! শুটিং করতে গিয়ে প্রায় সব কটিরই আংশিক খেতে হয়েছে আমাকে! সারা দিন আর কিছু খেতে পারিনি। রাতে শুটিং শেষ হওয়ার পর ওষুধ খেয়েছি। আমি ফুচকার দারুণ ভক্ত। কিন্তু এখন মনে হচ্ছে, আর ফুচকা খেতে পারব না। এক দিনেই সাধ মিটেছে।’ফুচকা নাটকটি লিখেছেন রুম্মান রশীদ খান, পরিচালনা করেছেন নুজহাত আলভী আহমেদ। নির্মাতা সূত্রে জানা গেছে, ভালোবাসা দিবসের জন্য তৈরি হয়েছে নাটকটি।