দেড় হাজার গ্রামবাসীর বিরুদ্ধে মামলা, আতঙ্কে গ্রামবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়ায় ডাকাতি ও রামুতে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধে একজন গ্রামবাসীসহ ১১ ডাকাত নিহত হওয়ার ঘটনায় উখিয়া থানায় একটি ডাকাতি মামলা ও রামু থানায় অজ্ঞাত নামা দেড় হাজার গ্রামবাসীকে আসামি করে একটি হত্যা মামলা ও একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।আজ মঙ্গলবার এই মামলা তিনটি করা হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া আরও দুটি মামলা নথিভুক্ত করার প্রক্রিয়াধীন বলেও রামু থানার পুলিশ জানিয়েছে।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়াজ মোহাম্মদ জানিয়েছেন, উখিয়ার রত্নাপালং ইউনিয়নের সাদৃকাটা গ্রামের বাসিন্দা নুরুল আলম, ছৈয়দ আলম ও ওলা মিয়ার বাড়ি ডাকাতির ঘটনায় নূরুল আলম বাদী হয়ে অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে উখিয়া থানায় একটি ডাকাতি মামলা করেন।সহকারী পুলিশ সুপার উখিয়া সার্কেল কার্যালয় ও রামু থানা সূত্রে জানা যায়, রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের পাহাড়ি এলাকা গোলালিয়া পালংয়ে গত রোববার দিবাগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত সংগঠিত পুলিশ-ডাকাত গোলাগুলি ও গণপিটুনিতে ডাকাত নিহত হওয়ার ঘটনায় রামু থানার পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা নথিভুক্ত করে। এ মামলায় দেড় হাজার গ্রামবাসীকে আসামি করা হয় এবং একটি অস্ত্র মামলাও নথিভুক্ত করা হয়।এদিকে গোয়ালিয়া পালং গ্রামবাসীর বিরুদ্ধে পুলিশের মামলা করার খবর এলাকায় ছড়িয়ে পড়লে আজ দুপুর থেকে এলাকা পুরুষশূন্য হয়ে পড়ে। গ্রেপ্তারের ভয়ে ওই এলাকার সাধারণ মানুষ এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছে।খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুস ছালাম এ প্রসঙ্গে বলেন, গোয়ালিয়া পালংবাসী ডাকাতদের বিরুদ্ধে অবস্থান নিয়ে পুলিশকে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেছে। অথচ এ ঘটনায় পুলিশ উল্টো নিরীহ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দায়ের করে। যা অত্যন্ত দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত। তিনি গ্রামবাসীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের ও গোলাগুলিতে নিহত গ্রামবাসী জসিমউদ্দিনের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।তবে এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াসউদ্দিনের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান, আইনগত কারণে মামলা করা হয়েছে। তবে গ্রামবাসীকে কোনো ধরনের হয়রানি করা হবে না। পরে তদন্তক্রমে সমাধান করা হবে।পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধে নিহত ওই গ্রামের সাধারণ বাসিন্দা জসিম উদ্দিনকে গতকাল রাতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ছাড়া নিহত জসিমের পরিবারকে রামু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ হাজার অনুদান দেওয়া হয়েছে বলেও জানা গেছে।