দেড়শ বছর পিছিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা অনেক সময় নিছক দুর্ঘটনা নয়। এটা হতে পারে কালপাবেল হোমিসাইড বা অবহেলাজনিত খুন। এর অর্থ হলো, খুন করার ইচ্ছা ছিল না ঠিকই, কিন্তু অবহেলার কারণে খুন হয়ে যাওয়া।উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিশুটি সেদিন যেভাবে খুন হলো, সেটি পত্রিকার বিবরণমতে একটি অবহেলাজনিত খুন। খুনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। চালক তাঁর অবহেলার কারণে কাউকে হত্যা করতে পারেন। কিন্তু বিদ্যমান আইন চালককে সে জন্য লঘুদণ্ড দিয়েছে। বাংলাদেশে এখন এটা তিন বছরের জেল। আগে যাবজ্জীবন ছিল। সাজার মেয়াদ বাড়ানো নিয়ে বিতর্ক রয়েছে। বাংলাদেশ এ ক্ষেত্রে বর্তমানে দেড় শ বছরের পুরোনো ঔপনিবেশিক লিগেসি বহন করে চলেছে। অথচ ব্রিটেনে মদ পান করে গাড়ি চালনা কিংবা বেপরোয়া চালনায় কারো মৃত্যু ঘটলে শাস্তি ১৪ বছরের কারাদণ্ড। তার চেয়ে বড় কথা জরিমানার কোন সীমা নেই। এটা একান্তভাবেই আদালত নির্ধারণ করেন। লর্ড থমাস বেবিংটন ম্যাকুলে আমাদের দণ্ডবিধির রূপকার। তিনি মানবিক ভুলের মধ্যে পার্থক্য সৃষ্টি করেছিলেন। তিনি লিখেছিলেন—যে ভুল অবৈধ, সে জন্য অভিযুক্তকে দুবছরের সাজা ও অর্থদণ্ড পেতে হবে। কিন্তু যে কারণেই হোক, ম্যাকুলের এই বিধানটি দণ্ডবিধির চূড়ান্ত খসড়ায় বাদ পড়েছিল। জেমস স্টিফেন ছিলেন আইনমন্ত্রী। ১০ বছর পর বিষয়টি তাঁর নজরে পড়ে। ১৮৭০ সালে তিনি এটি সংযোজন করেন। ২৫ নম্বর বিলের উদ্দেশ্যসংবলিত বিবরণীতে তিনি বলেন, ইংরেজ আইনজীবীরা যাকে ‘ম্যানস্লটার বাই নেগলিজেন্স’ বলেন, সেটি দণ্ডবিধিতে নেই। তাই এই বিধান আনা হলো। ৩০৪ক ধারাটি দণ্ডবিধিতে সেই থেকে বহাল। লক্ষণীয়, এই ধারায় কালপাবেল হোমিসাইড হিসেবে দুবছরের বিধান করা হলেও নির্দিষ্টভাবে তাড়াহুড়ো করে গাড়ি চালানোর দায়ে ২৭৯ ধারায় মাত্র ছয় মাসের জেলের বিধান করা হয়, যা আজও বহাল। তবে আমরা মনে রাখব, এই আইন তৈরির সময় সড়ক দুর্ঘটনায় কারও মৃত্যু প্রায় অজানা ছিল।১৮৯৬ সালের ৩১ আগস্ট সড়ক দুর্ঘটনায় প্রথম মৃত্যু রেকর্ড করা হয়। একটি স্টিম গাড়ি দুর্ঘটনায় আইরিশ বিজ্ঞানী ম্যারি ওয়ার্ড মারা যান। প্রথম আহত হওয়ার রেকর্ড ১৭৫২ সালের। ভারতের রাস্তায় প্রতি ছয় মিনিটে একজন মারা যায়। ভারতের বরেণ্য বিচারপতি ভি আর কৃষ্ণ আয়ার একটি রায়ে মন্তব্য করেছিলেন, ‘ভারতে রোগবালাইয়ে মৃত্যুর চেয়ে সড়ক দুর্ঘটনায় বেশি লোক প্রাণ হারায়।’ আমরা কিন্তু বিশ্বের দুটি বৃহত্ সড়ক দুর্ঘটনাপ্রবণ দেশের প্রতিবেশী। দেশ দুটি হলো, চীন ও ভারত। ভারতে বছরে এক লাখ লোকের প্রাণহানি ঘটে। ১০ লাখের বেশি লোক আহত হয়। এতে আর্থিক ক্ষতি জিডিপির তিন শতাংশ। রুপির অঙ্কে ৫৫ বিলিয়নের বেশি। বিশ্বের মোট সড়কের প্রায় ১২ ভাগ ভারতে এবং মোট সড়ক দুর্ঘটনার পাঁচ দশমিক চার ভাগ হয় সেখানে। পাকিস্তানে আর্থিক ক্ষতি বছরে ১০০ বিলিয়ন ডলারের বেশি। বাংলাদেশের হিসাব জানা যায় না। পাকিস্তানে ২০০৬ সালে ১০ হাজার দুর্ঘটনা ও মৃত্যু প্রায় ৫ হাজার। বাংলাদেশে প্রতিদিন গড়ে মারা যায় অন্তত আট জন। দুদশকের ব্যবধানে হতাহতের সংখ্যা বেড়েছে ৪০০ গুণ। দলবির সিং বনাম হরিয়ানা মামলায় [২০০০ ৫ এসসিসি ৮২] ভারতের সুপ্রিম কোর্ট যে অভিমত দেন, তা আমাদের নীতিনির্ধারকেরা বিবেচনায় নিতে পারেন। তাঁরা বলেন, ‘শাস্তির কঠোরতা বৃদ্ধির মধ্য দিয়ে চালকদের মনোজগতে একটা প্রতিসাম্য সৃষ্টি করতে হবে।’ ২০০৮ সালে বি নাগাভূষণ বনাম কর্নাটক মামলায় সুপ্রিম কোর্ট বলেন, ‘দণ্ড প্রদানের মধ্যে অবশ্যই শোধরানোর নীতির প্রতিফলন ঘটাতে হবে।’ এই প্রেক্ষাপটে ভারতের আইন কমিশন ২০০৯ সালের আগস্টে স্বতঃপ্রণোদিতভাবে সড়ক দুর্ঘটনার বিষয়ে ৮২ পৃষ্ঠার একটি প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে। এতে সাজার মেয়াদ বাড়াতে জোরালো সুপারিশ আছে।ভারতের আইন কমিশন অবহেলাজনিত কারণে কারও মৃত্যুর জন্য বিদ্যমান দুবছরের জেলকে পাঁচ বছরে উন্নীত করার প্রস্তাব করেছে। বাংলাদেশের দণ্ডবিধির ধারা ২৭৯তে বলা হয়েছে, জীবনের জন্য ঝুঁকিপূর্ণ এমনভাবে রাস্তায় বেপরোয়া ও অবহেলার সঙ্গে গাড়ি চালালে তার তিন বছরের কারাদণ্ড এবং সর্বনিম্ন এক হাজার টাকা ও সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে। আবার বাংলাদেশ দণ্ডবিধির ৩০৪-খ ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি রাস্তায় বেপরোয়া গাড়ি চালিয়ে কোনো ব্যক্তির মৃত্যু ঘটায়, তবে তার তিন বছরের সশ্রম কারাদণ্ড অথবা জরিমানা অথবা উভয় দণ্ড হবে। ২০০৭ সালের ১৫ মে ভারতের রাজ্যসভায় মোটর ভেহিকেল সংশোধন বিল উঠেছে। পরিবহন মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কিমিটি ২০০৮ সালের ২৮ এপ্রিল প্রদত্ত সুপারিশে মাতাল চালকের হাতে কারও মৃত্যুর ঘটনাকে অবহেলাজনিত খুন হিসেবেই গণ্য করা হয়। সংসদীয় কমিটি সর্বোচ্চ সাজার মেয়াদ সাত বছর করতে মত দিয়েছে। ভারতে এই বিল এখনো পাস হয়নি। ভারতে বর্তমানে ১৯৮৮ সালের মোটর ভেহিকেলস অ্যাক্ট বহাল রয়েছে। এখন ১০০ থেকে ৫০০০ রুপি জরিমানা দিতে হয় চালকদের। এর পরিবর্তে ৫০০ থেকে ২০ হাজারে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। কেউ মারা গেলে ২৫ হাজার রুপি ও স্থায়ীভাবে পঙ্গু হলে ১২ হাজার রুপি ক্ষতিপূরণ দিতে হয়। এ জন্য অবশ্য চালকের দায় নির্ধারণের ব্যাপার নেই। দুর্ঘটনা ঘটলেই হলো। বিদ্যমান আইনে দুর্ঘটনায় চালকের দায়-দায়িত্ব নির্ধারণের নিয়ম বলা আছে। আইনের দ্বিতীয় তফসিলের ভিত্তিতে ভুক্তভোগীর বয়স ও আয় বিবেচনায় তা নির্ধারণ করা হয়। প্রস্তাবিত বিলে বলা আছে, এটি নির্ধারণ করবেন আদালত বা মোটর ভেহিকেলস ট্রাইব্যুনাল। ভারতীয় দণ্ডবিধির ২৭৯ ও ৩০৪ক-এর আওতায় র্যাশ ও নেগলিজেন্টে গাড়ি চালানোর বিষয়ে অপরাধের ধরন চিহ্নিত করা হয়নি। কিন্তু প্রস্তাবিত বিলে অপরাধ চিহ্নিতকরণ ও জরিমানাসহ ক্ষতিপূরণের বিধান রাখা হয়েছে। ১৯৮৮ সালের আইনে একটি সোলেশিয়াম ফান্ড গঠন করা আছে। এই তহবিল থেকে দুর্ঘটনায় ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়া হয়। এখন এটি কেন্দ্রীয় সরকার এবং ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। অবহেলাজনিত গাড়ি চালানোর কারণে ২৭৯ ধারার আওতায় এখন ১০০০ টাকা পর্যন্ত জরিমানার বিধান আছে। কিন্তু বিলে এটা বাড়িয়ে পাঁচ হাজার টাকা এবং তা ওই ফান্ডে জমা করার বিধান করা হয়েছে।আমরা প্রায়শ নৌদুর্ঘটনার শিকার হই। চালকের শাস্তি হয় না। বাংলাদেশের মতো ভারতীয় দণ্ডবিধির ২৭৯ ধারায় ‘পাবলিক ওয়ে’ বলা আছে। ১৯৭৮ সালে রাজ্যসভায় একটি বিল পাস হয়েছিল। এতে পাবলিক ওয়ে বলতে ওয়াটার ওয়ে বোঝাবে বলা হয়েছিল। এটি যদিও আইন হয়নি। তবে ১৯৯৭ সালে ভারতের আইন কমিশন এটিকে সমর্থন করেছে। আইন কমিশন সে কথা ২০০৯ সালেও পুনর্ব্যক্ত করেছে। বাংলাদেশেরও এমন সংশোধনী লাগবে। বিশ্বে সবচেয়ে বেশি গাড়ি দুর্ঘটনা ঘটে চীনে। ২০০৮ সালে সেখানে ৭৩,৫০০ লোকের মৃত্যু ঘটে। এখানে সড়ক দুর্ঘটনায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। ২০০৮ সালের এক দুর্ঘটনায় ৩০ বছর বয়সী চালক সান উইমিং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে দোষী সাব্যস্ত হন। বিচারিক আদালতে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হলে তিনি আপিল করেন। সিচুয়ানের প্রাদেশিক আপিল আদালত সম্প্রতি তাঁর সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আমাদের দেশে অতিরিক্ত মালবাহী ট্রাক বা যানবাহন অহরহ চোখে পড়ে। কিন্তু শাস্তি পেতে দেখা যায় কমই। বিশেষ করে অতিরিক্ত পণ্যবোঝাইয়ের জন্য কোনো মালিকের শাস্তি হয়তো কদাচিত্। কানাডায় চালক ও মালিক ভিন্ন হলে এ জন্য উভয়কে দণ্ড পেতে হয়। যুক্তরাষ্ট্রের অনেক অঙ্গরাজ্যে উভয়ের জন্য শাস্তি রয়েছে।প্রতিবছর বিশ্বে ১০ থেকে ২৪ বছর বয়সের ১২ লাখ লোকের মৃত্যু ঘটে। অঙ্গহানি ঘটে আরও ৫০ মিলিয়ন মানুষের। ২০০৫ সাল থেকে জাতিসংঘ প্রতি নভেম্বরের তৃতীয় রোববার সড়ক দুর্ঘটনায় ভুক্তভোগীদের স্মরণ দিবস পালন করছে। আন্তর্জাতিক আইনে সড়ক দুর্ঘটনাকে নানাভাবে দেখা হয়েছে। হু-এর কথায়, রোড ট্রাফিক ইনজুরি। মার্কিন সেনসাস ব্যুরোর কথায়, মোটর ভেহিকেল অ্যাকসিডেন্টস (এমভিএ)। ২০০৩ সালে সড়ক দুর্ঘটনায় ৫১৮ বিলিয়ন ডলার অর্থনৈতিক ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়। এর মধ্যে উন্নয়নশীল দেশের ব্যয় ১০০ বিলিয়ন ডলার। জাতিসংঘ সাধারণ পরিষদের এক দলিল থেকে দেখা যায়, ২০২০ সালে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা এইচআইভি/এইডসের কারণে মৃতের সংখ্যাকে ছাড়িয়ে যাবে। ২০০৩ সালে জাতিসংঘ প্রথম সড়ক দুর্ঘটনাকে একটি ইস্যু হিসেবে সামনে আনে। হু আরও একটি হুশিয়ারি উচ্চারণ করেছে। তারা বলেছে, নিম্ন ও মধ্যআয়ের দেশগুলোতেই মোট সড়ক দুর্ঘটনার ৯০ ভাগের বেশি ঘটছে। এসব দেশে বিশ্বের মাত্র ৪৮ ভাগ নিবন্ধিত যানবাহন রয়েছে। তাদের আশঙ্কা, ২০৩০ সালের মধ্যে অপঘাতে মৃত্যুর কারণগুলোর মধ্যে পঞ্চম স্থানে উঠবে সড়ক দুর্ঘটনা। হয়তো সে কারণে সড়ক দুর্ঘটনা ইতিমধ্যেই জনপ্রিয় কয়েকটি উপন্যাসে বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত হয়েছে। জে জি ব্যালার্ডের সুপরিচিত উপন্যাস ক্রাশ। এর কল্পকাহিনিতে দেখা যায়, মোটর দুর্ঘটনার পরিণতিতেই একদিন পৃথিবীর ধ্বংস ঘটবে। ডেভিড ক্রনেনবার্গ এই উপন্যাসটিকে ইতিমধ্যেই চলচ্চিত্রে রূপদান করেছেন।আমরা বাংলাদেশে দেখি, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আর ভাবি, এখনই উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হলে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা ২০৩০ সালে কোথায় গিয়ে দাঁড়াতে পারে। প্রতিবেশী ভারতের অভিজ্ঞতা আমরা নিতে পারি। ভারতের প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন অবকাঠামো কমিটি ২০০৫ সালে একটি স্বতন্ত্র ডিরেক্টরেট অব রোড সেফটি অ্যান্ড ট্রাফিক রেগুলেশন গঠন অনুমোদন করেছে। বিশেষজ্ঞরা এখন এটি খতিয়ে দেখছেন। তবে কেরালা বসে থাকেনি। তারা ২০০৭ সালে কেরালা রোড সেফটি অ্যাক্ট পাস করেছে। আমরা মনে হয় সড়ক দুর্ঘটনা রোধে কেরালার মডেল অনুসরণ করতে পারি।ই-মেইল: [email protected]