দেয়াললিখন ও পোস্টার বিড়ম্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা শহরের একটি ব্যস্ততম সড়কের পাশে শাহেদ সাহেবের বাড়ি। অনেক দিন পর নিজে থেকে সামনের দেয়ালে রং করিয়েছেন। এর ফলে বাড়ির সামনের দিকটি ফুটে উঠেছে। একটি তৃপ্তির ঢেকুর তুলে সন্ধ্যায় বাসার ভেতরে প্রবেশ করেন। সকাল আটটার দিকে অফিসে যাওয়ার সময় বাড়ির সামনে দেয়ালটির অবস্থা দেখে তাঁর আক্কেল গুড়ুম। একি করেছে দেয়ালটির। পুরো দেয়াল দখল করার জন্য হুমড়ি খেয়ে পড়েছে বিভিন্ন কোচিং সেন্টার। এখন পুরো দেয়ালটি যেন বিজ্ঞাপনের বিলবোর্ড। বিজ্ঞাপনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে জানতে চান এর কারণ কী? কিন্তু ওদের কাছ থেকে কোনো সদুত্তর পান না শাহেদ সাহেব। অগত্যা নিজের চুল নিজেই ছেঁড়ার মতো অবস্থা। ঢাকা শহরের প্রায় প্রতিটি রাস্তার পাশের বাড়ি ও অফিসগুলোর দেয়ালের এ অবস্থা এখন একটি সাধারণ ব্যাপার। ‘এখানে পোস্টার লাগাবেন না, লাগালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’—অনেক জায়গায় এ রকম নোটিশ দেখেও পোস্টার লাগানো বন্ধ হয় না। ঢাকার নীলক্ষেত মোড় থেকে পলাশীর মোড় পর্যন্ত রাস্তার দুপাশের দেয়ালগুলো যেন দেয়াল নয়, আস্ত একটা বিলবোর্ড। রাস্তার দুপাশেই লেখা আছে বিভিন্ন খ্যাত-অখ্যাত কোম্পানির পণ্যের বিজ্ঞাপন। যেন দেখার কেউ নেই। অনেক বাড়িওয়ালা তাঁদের বাসার সামনে এসব পোস্টার ও দেয়াললিখন মুছতে ভয় পান। কারণ এতে হিতে বিপরীত হতে পারে। তাই কেউ এর প্রতিবাদও করতে সাহস পান না। এর জন্য আইন থাকা সত্ত্বেও এর প্রয়োগ হচ্ছে না। পাদটীকা: ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের ৯৫ ধারা অনুসারে—কেউ যদি কোন দালান, প্রাচীর, গাছ, বেড়া, খুঁটি বা অন্য কোন দণ্ডায়মান বস্তুতে উহার মালিক বা দখরকারীর অনুমতি ব্যতীত কোন খড়িমাটি, কালি, ছাপ বা অন্য কোন প্রকারে কোন প্রচারপত্র, বিজ্ঞপ্তি বা কাগজ লাগায়, তবে সেই ব্যক্তি দুই শত টাকা পর্যন্ত জরিমানা দণ্ডে দণ্ডনীয় হবে।ডিসিসি অধ্যাদেশ অনুযায়ি দেয়াল লিখন, পোস্টার ও সাইনবোর্ড লাগানোর অপরাধের জন্য সর্বোচ্চ দশ হাজার টাকা জরিমানার বিধান আছে। একই অপরাধ কেউ আবার করলে অতিরিক্ত জরিমানা করা হবে প্রতিদিনের জন্য সর্বোচ্চ পাঁচ শত টাকা। কেউ তৃতীয়বারের মতো দোষী হলে ৬ মাসের জেল বা ২৫ হাজার টাকা অথবা উভয় দণ্ডের বিধান আছে।