দেয়ালে ব্যানারে বিশ্বকাপ
বল নিয়ে ছুটে চলছেন মেসি। সবাইকে ছাড়িয়ে একাই দৌড়াচ্ছেন বল নিয়ে। এবারের বিশ্বকাপের বল যদিও তাঁর পায়ে লাগেনি এখনো, খেলা হয়নি একটি ম্যাচও, অথচ নগরের দেয়ালে দেয়ালে আঁকা এমন ছবির দেখা মিলছে হরহামেশাই। ছবিতে দৌড়ানোর গতিটা ঠিকই বোঝা যাচ্ছে। বিশ্বকাপ যতই এগিয়ে আসছে ততই পাল্লা দিয়ে নগরের দেয়ালে দেয়ালে বাড়ছে এমন ছবি। ফুটবলভক্তরা তাঁদের প্রিয় দলের প্রিয় খেলোয়াড়ের ছবি আঁকছেন এবং আঁকাচ্ছেন দেয়ালে।শুধু খেলোয়াড়ের ছবিই নয়, পাশাপাশি বিশাল অংশজুড়ে আঁকা হচ্ছে প্রিয় দলের পতাকাও। এর পাশেই আবার কোথাও না কোথাও একটা দীর্ঘশ্বাস আর দুর্লভ স্বপ্ন-সাধের ক্ষীণ আভাস নিয়ে আঁকা হয়েছে বাংলাদেশের পতাকাও। তবে কেবল দেয়ালেই আটকে থাকেনি ভক্তদের দৌড়, নগরের বিভিন্ন বাড়ির ছাদে, ব্যালকনিতে ঝুলছে পতাকাসংবলিত বিশাল বিশাল ব্যানার। অবশ্য এ কাজ করতে ভক্তদের পকেট থেকে নগদ টাকা-পয়সা খসাতে হয়েছে। কিন্তু তাতে কী? বিশ্বকাপের প্রিয় দল বলে কথা!ফুলবাড়িয়ায় বাংলাদেশ রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ের সীমানাপ্রাচীরে দেখা গেছে বিশ্বকাপ ফুটবলের দেয়ালচিত্র। এখানে লাল-খয়েরি রঙের দেয়ালে সাদা রং করা হয়েছে। তার ওপর রেলওয়ে কলোনি বয়েজ ক্লাবের সৌজন্যে আর্জেন্টিনার সমর্থকেরা এখানে দেয়ালচিত্রের ব্যবস্থা করেছেন। দেয়ালে আর্জেন্টিনার বিশাল পতাকা শোভা পাচ্ছে আর রয়েছে ম্যারাডোনা ও মেসির ছবিও। মাঝখানে রয়েছে বাংলাদেশের পতাকা। কয়েকজন সমর্থকের নামও লেখা রয়েছে।বিশ্বকাপ উপলক্ষে প্রিয় দলের গুণকীর্তন করতে ভক্তরা দেয়ালকে ছাড় দেননি। যেখানেই ফাঁকা দেয়াল পেয়েছেন কিংবা পাচ্ছেন, সুযোগমতো সেটাই কাজে লাগাচ্ছেন। অবশ্য হ-য-ব-র-ল বিজ্ঞাপনের চেয়ে এই লেখন কিংবা চিত্র দেয়ালের সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে ঢের। অন্তত তেল-সাবানের একঘেয়ে বিজ্ঞাপনের চেয়ে অনেক অনেক ভালো লাগে বিশ্বকাপ-বন্দনার এ ছবি দেখতে।অবশ্য এক দলের ভক্ত অন্য দলকে পচাতেও ছাড়ছেন না। সে কারণেই কোথাও কোথাও প্রতিযোগিতায় নেমে পড়েছেন আর্জেন্টিনা-ব্রাজিলভক্তরা। কার আয়ত্তে রয়েছে কয়টা দেয়াল, কে কার চেয়ে বেশি দেয়ালচিত্র আঁকতে পারে, তা নিয়ে চলছে প্রতিযোগিতা। বিশ্বকাপের দেয়ালচিত্র আঁকতে দেয়াল দখলের খেলাটা তাই ভালোই জমেছে। যে আগে নিজের দলের নাম লিখতে পারবে, সে দেয়াল তার হয়ে যাবে। অর্থাৎ, অমুক দেয়ালে অমুক দলের নাম লেখা, তার মানে হলো এখানে অন্য কোনো দলের দেয়ালচিত্র করায় নিষেধাজ্ঞা রয়েছে। সেখানে অন্য কোনো দলের সমর্থকেরা ঘেঁষেন না সহজে। আর ভুল করে কেউ যদি কোনো ভক্তের বাড়ির দেয়ালে অন্য কোনো দলের নাম লেখে, তাহলেই হয়েছে, গরম তেলে বেগুন পড়ার শব্দটা ঠিক ঠিক শুনতে পাবেন সেখানে!এ ক্ষেত্রে অবশ্য ব্রাজিল ও আর্জেন্টিনার দেয়ালচিত্রই বেশি চোখে পড়ে। কোথাও কোথাও আর্জেন্টিনা-ব্রাজিলভক্তরা একে অপরকে আক্ষরিক অর্থেই পচাতে ছাড়ছেন না। তাই বিশাল দেয়ালে ব্যাঘ্ররূপী আর্জেন্টিনা মৃগরূপী ব্রাজিলকে বধ করছে—এ রকম দেয়ালচিত্রও চোখে পড়েছে নগরের বিভিন্ন জায়গায়। অবশ্য অন্যান্য দলের পতাকাও কিছু কিছু দেখা গেছে, কিন্তু দেয়ালচিত্র কোথাও চোখে পড়েনি।দেয়ালে প্রিয় দলের জন্য নাম লেখাতে কিংবা পতাকা আঁকতে ভক্তরা ধরনা দিচ্ছেন পেশাদার সাইনবোর্ড আঁকিয়েদের কাছে। সারা বছর তাঁরা টুকটাক ব্যানার আর সাইনবোর্ডের কাজ করেন, কিন্তু বিশ্বকাপের সময় আসায় এখন তাঁদের কাটছে ব্যস্ত সময়। কাজের চাপ থাকায় আয়ের পরিমাণটাও বেশ বেড়ে গেছে। আবার তাঁরা যেখানে বেশি টাকা পাচ্ছেন, সেখানেই আগে কাজ করে দিচ্ছেন। নীলক্ষেতে গিয়ে দেখা গেছে, আর্টিস্টদের দোকানগুলো বিশ্বকাপে অংশ নেওয়া দলের পতাকায় ভরপুর। পতাকায় অবশ্য দলের লোগো আঁকা হয়। কোনো কোনোটায় আবার ভক্তদের নামও থাকে। আর্টিস্টরা প্রস্তাব পেলে বাইরে গিয়ে কোনো দেয়ালে কাজ করে দেন। নীলক্ষেত মোড় থেকে পলাশীর দিকে যেতেই ফুটপাতের দেয়ালে বিশাল পতাকায় কাজ করছিলেন জসিম। তিনি জানান, এখন পতাকার কাজই বেশি হচ্ছে। পতাকার সাইজ অনুসারে তাঁরা দাম নিয়ে থাকেন। এর দাম ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। জসিম নিজেও কাজ করতে বাইরে যান। তিনি বলেন, ‘নীলক্ষেত মোড়ে এলেই আমাদের পাবেন। আমরা নিয়মিত এখানে কাজ করি। অর্ডার পেলে বাইরে গিয়ে কাজ করি।’ নীলক্ষেতের আর্টিস্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেয়ালের আকারের ওপর নির্ভর করে কাজের দাম। তারপর রংসহ প্রতি বর্গফুট কাজ করতে তাঁরা রাখেন ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত। এর ওপর যদি কোনো খেলোয়াড়ের মুখচ্ছবি আঁকতে হয়, তাহলে কিন্তু অতিরিক্ত টাকা গুনতে হবে ভক্তদের।