দৈনন্দিন কাজ করেই দুই বছর পার করলেন চট্টগ্রামের মেয়র মোহাম্মদ মন্জুর আলম। এই সময়ে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে নগরের প্রধান প্রধান খাল ও নালাগুলো বারবার খনন ছাড়া আর কোনো সাফল্য দেখাতে পারেননি তিনি। খাল-নালার উপর্যুপরি খনন সত্ত্বেও শহরের জলাবদ্ধতা কমেনি। অথচ জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি দিয়েই দুই বছর আগে সাবেক প্রতাপশালী মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে পরাজিত করেছিলেন মন্জুর আলম।এ ছাড়া গত দুই বছরে চট্টগ্রাম সিটি করপোরেশনে আয়বর্ধক কোনো প্রকল্প নেই। সরকারের কাছ থেকে থোক বরাদ্দও কমে আগের বছরের অর্ধেকে নেমেছে। এ অবস্থায় উন্নয়নকাজের জন্য বর্তমান মেয়র পুরোপুরি সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন।২০১০ সালের ১৭ জুন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের কয়েক দিন আগে থেকে টানা বৃষ্টি হয়। ওই বৃষ্টিতে নগরের নিচু এলাকা বাকলিয়া, আগ্রাবাদ ও হালিশহর হাঁটু থেকে কোমরপানিতে ডুবে যায়। তখনই নির্বাচনী প্রচারণায় জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি দেন মন্জুর আলম। নির্বাচনে নগরের নিচু এলাকায় মহিউদ্দিনের চেয়ে বেশি ভোট পান তিনি। অথচ ২০০৫ সালে বিএনপি-অধ্যুষিত এসব এলাকায় তৎকালীন চারদলীয় জোটের মেয়র প্রার্থীর চেয়ে বেশি ভোট পেয়েছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।সাধারণ মানুষের অভিযোগ, জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর এই প্রত্যাশা গত দুই বছরে পূরণ হয়নি।তবে মেয়র মোহাম্মদ মন্জুর আলম দাবি করেছেন, চট্টগ্রামের কোথাও স্থায়ী জলাবদ্ধতা নেই। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী জলাবদ্ধতা নিরসনে গত দুই বছর কাজ করেছেন দাবি করে তিনি বলেন, ‘নগরের এমন কোনো খাল-নালা নেই, যেখানে আমি যাইনি। সমস্যা হচ্ছে, ৪১ নম্বর ওয়ার্ডে আগের মতো পানি যাওয়ার সুযোগ নেই। তাই বৃষ্টি হলেই খাল-নালা ভরে গিয়ে সড়কে পানি জমে যায়।’মেয়র মন্জুর বলেন, নগরে বর্তমানে যে পরিমাণ খাল-নালা আছে, তা যথেষ্ট নয়। তাই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নেওয়া ১৯৯৫ সালের মহাপরিকল্পনা অনুযায়ী আরও খাল-নালা খনন করতে হবে। তিনি বলেন, ‘আমরা একটি নতুন খাল খননের জন্য এক বছর আগে সরকারের কাছে ৩০০ কোটি টাকা চেয়েছি। তা এখনো পাইনি। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনের জন্য এখন মেয়র জোর দিচ্ছেন কর্ণফুলী নদী খননের ওপর। তিনি বলেন, কর্ণফুলী নদীর ক্যাপিটাল ড্রেজিং শুরু হয়েছে। এর মাধ্যমে কর্ণফুলীর তলা চার মিটার খনন করার কথা। এটা ঠিকমতো শেষ হলে নদীতে পানির ধারণক্ষমতা বাড়বে। পাশাপাশি নগরের খালের পানিও দ্রুত সরে যাবে। জানা যায়, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী দুই বছর আগে দায়িত্ব ছেড়ে দেওয়ার সময় তিনটি আয়বর্ধক প্রকল্প চলমান রেখে গিয়েছিলেন। এগুলো হচ্ছে মাদারবাড়ী, অক্সিজেন ও রহমতগঞ্জের বহুতল ভবন। গত দুই বছর এসব প্রকল্পের কাজ বন্ধ ছিল।এ প্রসঙ্গে মেয়র মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘আগের আয়বর্ধক ওই তিন প্রকল্পের কাজ আমরা পুনরায় শুরু করেছি।’নগরের কালুরঘাট এলাকায় ১১ একর জমির ওপর সাবেক মেয়র দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ অর্থায়নে একটি স্যাটেলাইট শহর নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। বর্তমান মেয়র এই প্রকল্পের নাম দেন ‘সাম্পান শহর’। এক বছর আগে এখানে বহুতল আবাসিক ভবন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। কিন্তু কোনো প্রতিষ্ঠানই তাতে সাড়া দেয়নি। এখানে আড়াই হাজার ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে সিটি করপোরেশনের।মেয়র মন্জুর আলম বলেন, ‘নতুন অর্থবছরে আমরা আবারও এই উপশহর নির্মাণের জন্য দরপত্র দেব। এটি নির্মাণ করা গেলে করপোরেশন অন্তত ৬০০ কোটি টাকা আয় করতে পারবে।’গত দুই বছরে দৃশ্যমান উন্নয়ন না হলেও মেয়র প্রথম আলোর কাছে কিছু উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে আবর্জনা অপসারণের জন্য ৩০টি নতুন গাড়ি ও আটটি কনটেইনার রিমুভার ক্রয়, তিনটি কলেজ ও একটি নতুন স্কুল প্রতিষ্ঠা। এ ছাড়া হালিশহরে একটি আধুনিক কসাইখানা, বিবিরহাটে একটি খাদ্যদ্রব্য পরীক্ষাগার এবং বাকলিয়ায় একটি নতুন এসফল্ট প্ল্যান্ট ও স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।