গ্রাহক-কর্মীদের মধ্যে অনিশ্চয়তা, এক বোর্ড সদস্যকে আর্থিক প্রলোভনের অভিযোগ নতুন এমডি নিয়োগ-প্রক্রিয়া শুরু
দৈনন্দিন কাজেই কেবল সীমাবদ্ধ গ্রামীণ ব্যাংক
অধ্যাপক মুহাম্মদ ইউনূস চলে যাওয়ার পর গ্রামীণ ব্যাংক এখন নিয়মিত কার্যক্রমেই সীমাবদ্ধ। প্রতিষ্ঠানটির গ্রাহক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে রয়েছে অনিশ্চয়তা ও হতাশা। ভবিষ্যতে ঋণসুবিধা অব্যাহত থাকবে কি না, তা নিয়ে গ্রাহকদের মধ্যে রয়েছে সন্দেহ। ব্যাংকটির ভবিষ্যৎ নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন অনেকে। গ্রামীণ ব্যাংকের সম্পৃক্ততা থেকে সরে আসার জন্য কর্মীদের পাশাপাশি আমানতকারী ও ঋণগ্রহীতাদের হুমকি এবং প্রলোভন দেওয়ার ঘটনা ঘটেছে। পরিচালনা পর্ষদের একজন সদস্যকেও হুমকি দেওয়া হয়েছে। গ্রামীণ ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলাপ করে এসব তথ্য জানা গেছে। গ্রামীণ ব্যাংকে এখন ২২ হাজার ১৫৬ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। দুই হাজার ৫৬৫টি শাখার মাধ্যমে সারা দেশের ৮১ হাজার ৩৭৯টি গ্রামে কার্যক্রম পরিচালনা করছে গ্রামীণ ব্যাংক। ব্যাংকটির প্রায় ৮৩ লাখ ৭০ হাজার ঋণগ্রহীতা রয়েছে, এর প্রায় ৯৭ শতাংশই নারী। সরেজমিন: সম্প্রতি রাজধানীর নিকটবর্তী দক্ষিণখান ইউনিয়নের বরুয়া গ্রামে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় গিয়ে দেখা গেছে, কিস্তির অর্থ লেনদেন কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। শাখায় আগের মতোই প্রতি সপ্তাহে প্রায় ১২-১৩ লাখ টাকার কিস্তির অর্থ জমা হচ্ছে। তবে কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের মধ্যে একধরনের অনিশ্চয়তা রয়েছে। এই শাখায় বরুয়া, খিলক্ষেত, হলান, দক্ষিণখান, দোবাদিয়া, কাঁচকুড়া, ভাতুরিয়া, পাতিরা, ডুমনি, সোনারখোলা, ইছাপুরাসহ আট-দশটি প্রত্যন্ত গ্রামের চার হাজার ৪০০ সদস্য বা গ্রাহক রয়েছেন। আর ৬০০ নিয়মিত আমানতকারী রয়েছেন। এই ব্যাংক থেকে এক লাখ ৫৮ হাজার টাকা ঋণ নিয়ে ছেলেকে রংপুর মেডিকেল কলেজে পড়িয়েছেন হলানের হালিমা খাতুন। গ্রামীণ ব্যাংকের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘হুনছি, স্যার চইল্যা গেছেন। স্যার আমার পোলারে ডাক্তার বানাইছে। এহন ব্যাংক না থাকলে অন্যরা হেগো পোলারে পড়াইব কামনে?’আরেক সদস্য আশা ইসলামের ছেলে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ছে। পরিবর্তিত পরিস্থিতিতে ছেলের পড়াশোনার জন্য ঋণের বাকি কিস্তিগুলো না পাওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি। তিনি জানান, মাঝ পর্যায়ে কিস্তি বন্ধ হয়ে গেলে পড়াশোনার খরচ চালানো তাঁর পক্ষে সম্ভব হবে না। তবে শাখা কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত কারও কিস্তি বন্ধ করা হয়নি। নিয়মিতভাবে কিস্তি দেওয়া-নেওয়া হচ্ছে, স্বাভাবিকভাবেই চলছে অন্যান্য কার্যক্রম। একই শাখায় তিন বছর ধরে নিয়মিত ব্যাংক হিসাব পরিচালনা করেন বরুয়া আলাউদ্দিন দেওয়ান উচ্চবিদ্যালয়ের শিক্ষক এস এম কেরামত আলী। আমানতের অর্থ জমা দিতে এসে তিনি প্রথম আলোকে জানান, গ্রামীণ ব্যাংক একটি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। তিনি মনে করেন, ড. ইউনূসের অনুপস্থিতিতেও এটি তাঁর মতাদর্শেই চলবে। তাঁর মতে, এতদিন গ্রামের দরিদ্ররা ভাবত ব্যাংকটি একটি এনজিও। কিন্তু গ্রামীণ ব্যাংক নিয়ে সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে খবরাখবর প্রকাশের কারণে তাঁরা এটিকে এখন সরকারি ব্যাংক হিসেবে মনে করছেন। এতে গ্রাহকদের আস্থা আরও বাড়বে। এসব বিষয়ে জানতে গত মঙ্গলবার বিকেলে মুঠোফোনে যোগাযোগ করা হলে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোজ্জাম্মেল হক জানান, তিনি অসুস্থ। নতুন এমডি নিয়োগ, কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দেওয়া এবং গ্রামীণ ব্যাংকের বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন তিনি। হুমকি ও প্রলোভন: ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব ছাড়ার পর গ্রামীণ ব্যাংকের সম্পৃক্ততা থেকে সরে আসার জন্য এর সদস্য, কর্মীদের ওপর হুমকি ও ধমক দেওয়া হচ্ছে। একজন বোর্ড সদস্যকেও নানা প্রলোভন দেখানো হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, ঋণগ্রহীতা হিসেবে নিয়োগ পাওয়া পরিচালনা পর্ষদের একজন সদস্য রহিমা বেগমকে গ্রামীণ ব্যাংক কার্যক্রম থেকে সরে আসার জন্য অপরিচিত কয়েকজন সম্প্রতি নানাভাবে চাপ প্রয়োগ করেন। তাঁরা তাঁর মুন্সিগঞ্জের রামপালের বাড়িতে এসে পৃথক একটি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান তৈরির প্রস্তাবও দেন। একপর্যায়ে তাঁরা তাঁকে ৫০ লাখ টাকা দেওয়ার প্রস্তাব করেন। ওই পর্ষদ সদস্য তাঁদের প্রস্তাব ফিরিয়ে দেন। ইতিমধ্যে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিষয়টি অবহিত করেছেন তিনি। গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির সাবেক সভাপতি ছাগির উর রশীদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘স্যার দায়িত্ব ছাড়ার পরও ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম চলছে। তবে প্রশাসনিক কার্যক্রমে চেইন অব কমান্ড নড়বড়ে হয়ে গেছে। আগের মতো আর আন্তরিক পরিবেশ নেই।’ প্রত্যন্ত অঞ্চলে গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতা, আমানতকারী ও কর্মীদের হুমকি দেওয়ার পাশাপাশি নানা ধরনের আর্থিক প্রলোভন দেখানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। সমিতির বর্তমান সাধারণ সম্পাদক মহসীন রেজা প্রথম আলোকে জানান, ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব ছাড়ার পর কর্মীদের ওপর বিভিন্ন মহল থেকে নানা ধরনের চাপ দেওয়া হয়েছিল। এখন কিছুটা কমেছে। সম্প্রতি মিরপুরে গ্রামীণ ব্যাংক ভবন ঘুরে দেখা গেছে, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হতাশা ও আতঙ্ক এখনো রয়েছে। তাঁরা মনে করেন, গ্রামীণ ব্যাংকের কার্যক্রমে দুই ধরনের ঝুঁকির সামনে রয়েছে। ড. মুহাম্মদ ইউনূসের অনুপস্থিতিতে ঋণগ্রহীতা ও আমানতকারীদের মধ্যে আস্থাহীনতা তৈরি হতে পারে। এতে আমানতকারীরা তাঁদের অর্থ উঠিয়ে নিতে পারেন। অন্যদিকে ঋণগ্রহীতারা তাঁদের অর্থ আর ফেরত নাও দিতে পারেন। তবে শুরুতে কিছু দেখা দিলেও এই প্রবণতা এখন আর নেই। প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, ব্যাংকটির এখন পর্যন্ত বিতরণ করা ঋণ ফেরত আসার হার ৯৬ দশমিক ৮৯ শতাংশ। অন্যদিকে চাকরিচ্যুত কর্মীরা আবারও গ্রামীণ ব্যাংকে প্রবেশের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বর্তমান কর্মীরা। তাঁরা নানাভাবে বর্তমান কর্মীদের হুমকিধমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। কর্মীরা তাঁদের নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন। ড. মুহাম্মদ ইউনূস যেদিন গ্রামীণ ব্যাংকের কর্মীদের কাছ বিদায় নিয়েছেন সেদিনও ভবনের বাইরে কিছু চাকরিচ্যুত কর্মী ভেতরে প্রবেশের চেষ্টা করেছে।জানা গেছে, প্রতিষ্ঠানের বিধিবিধান লঙ্ঘনের দায়েই সংশ্লিষ্ট ব্যক্তিদের বেশির ভাগ চাকরি হারিয়েছেন। প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী সব পাওনা অর্থও বুঝিয়ে দেওয়া হয়েছে। অবসরে যাচ্ছেন ভারপ্রাপ্ত এমডি: গত মে মাসে ড. মুহাম্মদ ইউনূসের দায়িত্ব ছাড়ার পর গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন উপব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম। নিয়মানুযায়ী, তিনি ১৪ আগস্ট অবসরে যাবেন। গত ২৬ জুলাই পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভায় নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য বাছাই কমিটির সদস্যদের নাম প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবে যাঁদের নাম রয়েছে তাঁরা হলেন ড. মুহাম্মদ ইউনূস, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান, বোর্ড চেয়ারম্যান মোজাম্মেল হক, সদস্য কামরুল হাসান ও রোজিনা বেগম। সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বিষয়টি। একই বোর্ডসভায় মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ শাহজাহানকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। আর উপব্যবস্থাপক আখতার হোসেন ও হোসেন আলীকে মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি দেওয়া হয়। এর আগে গত ২০ জুলাই গ্রামীণ ব্যাংক ভবনে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী কমিটির বৈঠকে নতুন ব্যবস্থাপনা পরিচালক নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু ওই কমিটির দুজন সদস্যের আপত্তিতে সেই উদ্যোগ আর কার্যকর হয়নি। জানা গেছে, পরিচালনা পর্ষদের সদস্যদের বেশির ভাগই ড. মুহাম্মদ ইউনূসের অনুরক্ত। তাই বোর্ডসভায় সরকারের পছন্দের ব্যক্তিকে নিয়োগের ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে বলে নির্বাহী কমিটির বৈঠকে বিষয়টি তোলা হয়েছিল। কেননা, নির্বাহী কমিটিতে সরকার মনোনীত সদস্যা সংখ্যাই বেশি। ১৯৮৩ সালের গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ অনুযায়ী, ব্যাংকের পরিচালনা পর্ষদই কেবল ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের এখতিয়ার রয়েছে। নতুন ব্যবস্থাপনা পরিচালক নির্বাচনে পর্ষদকে তিন থেকে পাঁচ সদস্যবিশিষ্ট একটি সিলেকশন কমিটি গঠন করতে হয়। তারপর সেই কমিটির সুপারিশ অনুসারে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন সাপেক্ষে পরিচালনা পর্ষদ নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করে থাকেন।