দৈনিক পত্রিকা বের করছে সুচির দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের বিরোধী দলীয় নেত্রী অং সান সুচির দল একটি দৈনিক পত্রিকা বের করতে যাচ্ছে। দেশটিতে সংবাদ মাধ্যমের ওপর দীর্ঘদিন থেকে বিদ্যমান নিয়ন্ত্রণ শিথিল করার প্রস্তুতির পরিপ্রেক্ষিতে এ সংবাদপত্র প্রকাশিত হতে যাচ্ছে। আজ মঙ্গলবার সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) এ কথা জানায়। খবর বাসসের।এনএলডির মুখপাত্র নিয়ান উইন বলেন, সংবাদপত্র সত্যিই গুরুত্বপূর্ণ। কেননা এগুলো জনমতের দর্পন। তিনি বলেন, দলের ডি-ওয়েভ প্রকাশনার বিক্রি বাড়লে তা তহবিল সংগ্রহে সহায়ক হবে। এটি বর্তমানে সাপ্তাহিক হিসেবে বের হয় এবং এতে প্রধানত এনএলডির তত্পরতা ও দলের নেত্রী সুচির কার্যক্রম তুলে ধরা হয়।রাষ্ট্রীয় মালিকানাধীন নিউ লাইট অব মায়ানমার জানায়, আগামী ১ এপ্রিল থেকে চালু হতে যাওয়া সংবাদ মাধ্যম সংক্রান্ত নতুন বিধির আওতায় অনুমোদিত যে ১৬টি সংবাদপত্র প্রকাশিত হতে যাচ্ছে ডি-ওয়েভ তার অন্যতম।এনএলডির একজন সিনিয়র সদস্য ও ডি-ওয়েভ এর উপদেষ্টা উইন থিন জানান, ডি-ওয়েভ-এর সম্পাদকীয় প্রতিবেদনে সাধারণ সংবাদ অর্ন্তভুক্ত হবে কি না, সে বিষয়ে দল এখনও সিদ্ধান্ত নেয়নি। তবে বিজ্ঞাপন অন্তর্ভুক্ত করার মাধ্যমে দলের আয় বৃদ্ধির চিন্তাভাবনা চলছে। তিনি আরও বলেন, আমাদের দৈনিক পত্রিকা কেনা ও পড়ার জন্য দলের অনেক সদস্য রয়েছে। তবে দৈনিক প্রকাশ এবং সম্পাদকীয় দলকে প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রয়োজনীয় বর্ধিত খরচের কারণে জুলাইয়ের আগে ডি-ওয়েভ-এর প্রচার সংখ্যা বাড়ানো সম্ভব হবে না।মায়ানমারে একদশক ধরে ভিন্নমত প্রতিহতের হাতিয়ার হিসেবে বেসরকারি সংবাদপত্র প্রকাশের ওপর সাবেক সামরিক জান্তা সরকারের বিধি-নিষেধ থাকার কারণে বর্তমানে কেবল রাষ্ট্র মালিকানাধীন পত্রপত্রিকাই অনুমোদিত।